×
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত

২০২৬ সেপ্টেম্বর ২০ ১৭:৩৯:৩৩
বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে একই কাতারে রেখে দেখার প্রবণতা ভারতের কৌশলগত স্বার্থের জন্য সমস্যার কারণ হতে পারে বলে মন্তব্য করেছেন ভারতীয় সাংবাদিক ও দ্যপ্রিন্টের প্রধান সম্পাদক শেখর গুপ্ত। তাঁর মতে, ভারতের অভ্যন্তরীণ রাজনীতি ও নির্বাচনী প্রচারের প্রভাবেই বাংলাদেশ ও পাকিস্তানকে একই বন্ধনীতে দেখা হচ্ছে। এতে প্রতিবেশী দুই দেশের সঙ্গে ভারতের সম্পর্কের কূটনৈতিক পরিসর আরও সংকুচিত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দ্যপ্রিন্টে প্রকাশিত সাপ্তাহিক ‘ন্যাশনাল ইন্টারেস্ট’ কলামে শেখর গুপ্ত এসব বিশ্লেষণ তুলে ধরেন। তাঁর লেখার শিরোনাম ছিল ‘Bangladesh is not Pakistan: Hyphenating them undermines India’s strategic interests’। তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের বিষয়কে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গে অতিরিক্তভাবে যুক্ত করলে তা শেষ পর্যন্ত জাতীয় স্বার্থের ওপর প্রভাব ফেলতে পারে।

শেখর গুপ্তের বিশ্লেষণে, শেখ হাসিনা সরকারের পতন এবং পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নতুন বাস্তবতার মুখোমুখি হয়েছে। একই সময়ে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কও দেশটির সেনাপ্রধান আসিম মুনিরের প্রভাব এবং দুই দেশের দীর্ঘদিনের বিরোধের কারণে জটিল রয়েছে। তবে তাঁর মতে, দুই দেশের পরিস্থিতিকে একইভাবে দেখলে ভারতের জন্য কৌশলগত সমস্যা তৈরি হতে পারে।

ভারতের অভ্যন্তরীণ রাজনীতির প্রসঙ্গ টেনে শেখর গুপ্ত বলেন, আসাম ও পশ্চিমবঙ্গসহ বিভিন্ন নির্বাচনী প্রচারে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ ইস্যুর ব্যবহার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশকে নিয়ে নানা ধরনের বক্তব্য দুই দেশকে একই রাজনৈতিক আলোচনায় নিয়ে এসেছে। তাঁর মতে, ভারতের কিছু প্রভাবশালী ও সরকার-সমর্থক মহলের বক্তব্যেও বাংলাদেশকে পাকিস্তানের মতো প্রতিপক্ষ হিসেবে দেখানোর প্রবণতা রয়েছে।

শেখর গুপ্ত আরও বলেন, শেখ হাসিনার ভারতে অবস্থান এবং বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের জটিলতা থাকা সত্ত্বেও তাঁর পুনরায় ক্ষমতায় ফেরা বা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনকে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার পূর্বশর্ত হিসেবে দেখা উচিত নয়। তাঁর দাবি, বাংলাদেশে সরকার পরিবর্তন ভারতের এজেন্ডার অংশ নয় এবং নয়াদিল্লির কিছু কূটনৈতিক পদক্ষেপেও সেই অবস্থানের ইঙ্গিত পাওয়া যায়।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও নিজের বিশ্লেষণ তুলে ধরেছেন শেখর গুপ্ত। তাঁর মতে, প্রধানমন্ত্রী তারেক রহমানকে একদিকে জামায়াতে ইসলামীর রাজনৈতিক প্রভাব এবং অন্যদিকে ভারত সম্পর্কে বাংলাদেশের জনগণের মনোভাব—দুই বিষয়ই বিবেচনায় নিতে হচ্ছে। একই সঙ্গে শেখ হাসিনা ভারতের মাটি থেকে বাংলাদেশের বর্তমান সরকারের সমালোচনা করায় ঢাকার পক্ষে ভারতের সঙ্গে দ্রুত সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেওয়া রাজনৈতিকভাবে কঠিন হতে পারে বলে তিনি মনে করেন।

ভারতের অভ্যন্তরীণ রাজনীতিও দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে একটি বড় বিষয় হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর বিশ্লেষণ অনুযায়ী, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ককে অভ্যন্তরীণ নির্বাচনী রাজনীতির অংশ হিসেবে উপস্থাপন করা হলে ঢাকার মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে। এতে ভারতের জন্য বাংলাদেশকে নিয়ে স্বাধীন কূটনৈতিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগও সীমিত হতে পারে।

শেখর গুপ্তের মতে, বাংলাদেশ ও পাকিস্তানকে একই কৌশলগত বন্ধনীতে রাখার ফলে ভারতের পূর্ব ও পশ্চিম সীমান্তে থাকা দুই মুসলিম-সংখ্যাগরিষ্ঠ প্রতিবেশীকে একই ধরনের হুমকি হিসেবে দেখার একটি ধারণা তৈরি হচ্ছে। তাঁর বিশ্লেষণে, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক যদি আরও ঘনিষ্ঠ হয়, তাহলে সেটি ভারতের কৌশলগত স্বার্থের জন্য নতুন জটিলতা তৈরি করতে পারে। তবে তিনি মনে করেন, এই পরিস্থিতি মোকাবিলার উপায় বাংলাদেশকে পাকিস্তান থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা নয়; বরং দুই দেশের সঙ্গে ভারতের পৃথক বাস্তবতা অনুযায়ী নীতি নির্ধারণ করা।

শেখর গুপ্ত আরও যুক্তি দেন, ভারতের পররাষ্ট্র ও প্রতিবেশী নীতিকে অতিরিক্তভাবে মেরুকৃত অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গে যুক্ত করলে উল্টো প্রতিবেশী দেশগুলোর গুরুত্ব বেড়ে যেতে পারে। তাঁর মতে, ভারতের উচিত এমন পরিস্থিতি এড়ানো, যেখানে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের প্রতিটি বিষয় অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্কের অংশ হয়ে যায়।

সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে বড় কোনো কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি ছোট ছোট পদক্ষেপও ভূমিকা রাখতে পারে বলে মত দিয়েছেন তিনি। উদাহরণ হিসেবে বাংলাদেশে ভারতীয় ক্রিকেট দলের সফরের আমন্ত্রণ গ্রহণের মতো পদক্ষেপের কথা উল্লেখ করেছেন শেখর গুপ্ত। তাঁর মতে, এ ধরনের ছোট উদ্যোগও দুই দেশের মধ্যে যোগাযোগ ও আস্থার পরিবেশ তৈরির প্রক্রিয়ায় ভূমিকা রাখতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে