×
ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

নতুন পে-স্কেলে বেতন পেতে তথ্য জমা দেওয়ার সহজ নিয়ম

২০২৬ সেপ্টেম্বর ১৯ ১৯:০৩:৫৩
নতুন পে-স্কেলে বেতন পেতে তথ্য জমা দেওয়ার সহজ নিয়ম

নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারির পর সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত নির্দেশনা প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়। নতুন বেতন কাঠামোর পাশাপাশি অনলাইনে কীভাবে বেতন নির্ধারণ করতে হবে, কোথায় তথ্য দিতে হবে এবং কীভাবে তা যাচাই ও অনুমোদন হবে—এসব বিষয়ও প্রজ্ঞাপনে তুলে ধরা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় বেতনস্কেল-২০২৬ কার্যকর হওয়ার পর সরকারি কর্মচারীদের অনলাইনে বেতন নির্ধারণ করতে হবে iBAS++ সিস্টেমের মাধ্যমে। এজন্য iBAS++-এর ওয়েবসাইটে লগইন করে ‘Pay Fixation’ অপশনে প্রবেশ করে নির্ধারিত ছকে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। আগের Pay Fixation ওয়েবসাইটে প্রবেশ করলেও কর্মচারী স্বয়ংক্রিয়ভাবে iBAS++-এর সংশ্লিষ্ট অপশনে চলে যাবেন।

গেজেটেড সরকারি কর্মচারীরা iBAS++-এ প্রবেশের জন্য নির্ধারিত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করবেন। অন্যদিকে নন-গেজেটেড কর্মচারীদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর এবং জন্মতারিখ ব্যবহার করে লগইন করতে হবে। লগইনের সময় iBAS++-এ নিবন্ধিত মোবাইল নম্বরে পাঠানো একবার ব্যবহারযোগ্য পাসওয়ার্ড বা OTP দিতে হবে। বিদেশে অবস্থানরত কর্মচারীদের ক্ষেত্রে নিবন্ধিত ই-মেইলে OTP পাঠানোর ব্যবস্থা থাকবে।

কোনো কর্মচারীর এনআইডি না থাকলে নতুন বেতন নির্ধারণের আগে তাকে এনআইডির জন্য নিবন্ধন করতে হবে। আবার এনআইডিতে থাকা জন্মতারিখের সঙ্গে চাকরির রেকর্ডে থাকা জন্মতারিখের মিল না থাকলে বেতন নির্ধারণের আগে চাকরির রেকর্ড অনুযায়ী এনআইডির তথ্য সংশোধন করতে হবে।

iBAS++-এ প্রবেশের পর নির্ধারিত ছকে প্রয়োজনীয় তথ্য পূরণ করে তা ড্রইং অ্যান্ড ডিসবার্সিং অফিসার বা ডিডিওর কাছে জমা দিতে হবে। তথ্য সঠিকভাবে পূরণ করার পর ডিডিওর কাছে পাঠানোর আগেই সিস্টেমে সংশ্লিষ্ট কর্মচারীর নতুন বেতনস্কেলে নির্ধারণযোগ্য মূল বেতনের পরিমাণ স্বয়ংক্রিয়ভাবে দেখানো হবে। বেতন নির্ধারণী বিবরণী জমা দেওয়ার পর কর্মচারীর নিবন্ধিত মোবাইল নম্বরে স্বয়ংক্রিয়ভাবে এসএমএসও পাঠানো হবে।

এরপর ডিডিও বেতন নির্ধারণী বিবরণী যাচাই করে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসে পাঠাবেন। গেজেটেড কর্মচারীদের ক্ষেত্রে ডিডিও তথ্য যাচাই করে বিবরণী ফরওয়ার্ড করবেন। আর নন-গেজেটেড কর্মচারীদের ক্ষেত্রে সার্ভিস বহি অনুযায়ী আগের চাকরি ও বেতনের তথ্য যথাযথভাবে লিপিবদ্ধ রয়েছে কি না, তা নিশ্চিত করে বিবরণী হিসাবরক্ষণ অফিসে পাঠাতে হবে।

ডিডিও iBAS++ থেকে বেতন নির্ধারণী বিবরণীর একটি কপি প্রিন্ট করে সার্ভিস বহিসহ সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসে পাঠাবেন। হিসাবরক্ষণ অফিসে অনলাইনে দাখিল করা বিবরণী তাৎক্ষণিকভাবে পাওয়া যাবে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তথ্য যাচাই করে সঠিক মনে করলে অনলাইনেই তা অনুমোদন বা প্রতিপাদন করবেন। অনুমোদনের পর সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে একটি ভেরিফিকেশন নম্বর তৈরি হবে। এ ক্ষেত্রে হিসাবরক্ষণ অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ম্যানুয়াল স্বাক্ষর প্রয়োজন হবে না।

তবে অনুমোদনের সময় ডিডিওর এন্ট্রি যাচাই করে সার্ভিস বহিতে ভেরিফিকেশন নম্বর ও নির্ধারিত বেতন লিপিবদ্ধ করতে হবে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে সেখানে স্বাক্ষর করতে হবে। গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে নির্ধারিত বেতন ও ভেরিফিকেশন নম্বর অডিট রেজিস্টারের মানি-কলামেও লিপিবদ্ধ করার নির্দেশনা রয়েছে।

অনলাইনে বেতন নির্ধারণের বিস্তারিত ব্যবহার নির্দেশিকা iBAS++ লগইন পেজ, অর্থ বিভাগের ওয়েবসাইট, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের (CGA) ওয়েবসাইট এবং Pay Fixation ওয়েবসাইটে পাওয়া যাবে। ফলে সরকারি কর্মচারীরা এসব প্ল্যাটফর্ম থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেখে নতুন বেতন নির্ধারণের প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

চূড়ান্তভাবে প্রতিপাদন করা বেতন নির্ধারণী বিবরণীর ভিত্তিতেই সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস বেতন পরিশোধ করবে। কোনো কর্মচারীকে ভুলক্রমে কম বা বেশি বেতন দেওয়া হলে পরবর্তী সময়ে তা সমন্বয় করার সুযোগ থাকবে। নতুন পে-স্কেল অনুযায়ী বেতন নির্ধারণের ক্ষেত্রে অর্থ বিভাগের প্রকাশিত মূল প্রজ্ঞাপন ও নির্দেশিকা অনুসরণ করার জন্য সরকারি কর্মচারীদের বলা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে