×
ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

৫৫ জন আহতের পর ইসলামী ব্যাংকের সামনে আবারও উত্তেজনা

২০২৬ সেপ্টেম্বর ১৫ ১৪:৫৪:০৮
৫৫ জন আহতের পর ইসলামী ব্যাংকের সামনে আবারও উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সংঘর্ষের এক দিন পরও অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে রাজধানীর মতিঝিলের দিলকুশা এলাকায় ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেন সংগঠনটির সদস্যরা।

এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) একই স্থানে গ্রাহক ফোরামের কর্মসূচিকে কেন্দ্র করে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের একাংশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সংশ্লিষ্টদের দাবি, ওই ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল থেকেই ইসলামী ব্যাংক টাওয়ারের আশপাশে গ্রাহক ফোরামের সদস্যরা জড়ো হতে থাকেন। পরে সকাল ১০টার দিকে মিছিল নিয়ে তারা ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় বোর্ড পুনর্গঠন, এস আলম গ্রুপের শেয়ার বাজেয়াপ্ত এবং ব্যাংকের স্থিতিশীলতা ফিরিয়ে আনার দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।তবে আগের দিনের মতো মঙ্গলবার ঘটনাস্থলে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের দেখা যায়নি।

সোমবার গ্রাহক ফোরামের কর্মসূচিকে কেন্দ্র করে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

গ্রাহক ফোরামের দাবি, তাদের সহসভাপতি ও ব্যবসায়ী মোতাছিম বিল্লাহসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। অন্যদিকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকেও কয়েকজন আহত হওয়ার কথা জানানো হয়।

গ্রাহক ফোরামের অভিযোগ, এস আলমের সময়ে যাচাই-বাছাই ছাড়াই নিয়োগ পাওয়া এবং পরে চাকরিচ্যুত কিছু সাবেক কর্মকর্তা-কর্মচারী তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেন। তবে চাকরিচ্যুত কর্মীদের দাবি, তারা চাকরি পুনর্বহালের দাবিতে সেখানে অবস্থান করছিলেন।

মঙ্গলবারের কর্মসূচিতে ফোরামের সভাপতি অধ্যাপক নুর নবী মানিক বলেন, ইসলামী ব্যাংককে অস্থিতিশীল করার যেকোনো তৎপরতার বিরুদ্ধে গ্রাহকেরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবেন।

তিনি বলেন, গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে দ্রুত একটি পূর্ণাঙ্গ, সৎ ও পেশাদার বোর্ড গঠন করতে হবে।

এ ছাড়া এস আলম গ্রুপের বিদেশে পাচার করা সম্পদ উদ্ধার করে ব্যাংকের স্বার্থে বাজেয়াপ্ত, অবৈধ ঋণ সুবিধার সমন্বয় এবং সংশ্লিষ্ট মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

ব্যাংক কোম্পানি আইনের ১৪(খ) ধারার উল্লেখ করে নুর নবী মানিক বলেন, এস আলম গ্রুপের অবৈধভাবে ধারণ করা শেয়ার বাজেয়াপ্ত করে তা বাজারে বিক্রি অথবা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা উচিত।এসব দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।

সোমবারের সংঘর্ষের পুনরাবৃত্তি এড়াতে মঙ্গলবার সকাল থেকেই মতিঝিল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে পুলিশ, গোয়েন্দা সংস্থার সদস্য এবং ব্যাংকের নিজস্ব নিরাপত্তাকর্মীদের সতর্ক অবস্থানে দেখা যায়।

অবস্থানকারী পক্ষগুলোকে পৃথক রাখার পাশাপাশি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।মঙ্গলবার দুপুর পর্যন্ত কর্মসূচি শান্তিপূর্ণ থাকলেও ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থান অব্যাহত ছিল।

সালমান ফারসি/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে