×
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ইসলামী ব্যাংকের সামনে মুখোমুখি দুই পক্ষ, সোমবারও কর্মসূচির ঘোষণা

২০২৬ সেপ্টেম্বর ১৩ ১৫:৩০:২৮
ইসলামী ব্যাংকের সামনে মুখোমুখি দুই পক্ষ, সোমবারও কর্মসূচির ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে মুখোমুখি অবস্থান নেওয়া সচেতন গ্রাহক ফোরাম এবং চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা রোববার দুপুর ১টার দিকে তাদের কর্মসূচি শেষ করে স্থান ত্যাগ করেছেন। তবে উভয় পক্ষই আগামীকাল সোমবার আবারও অবস্থান কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে।

এদিকে দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাংক পাড়ায় কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দুই পক্ষের কর্মসূচিকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একদিকে ইসলামী ব্যাংককে এস আলম গ্রুপের প্রভাবমুক্ত রাখা, ব্যাংকে সুশাসন নিশ্চিত করা এবং আমানতকারীদের স্বার্থ রক্ষার দাবিতে সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা বিক্ষোভ করেন।

অন্যদিকে ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা চাকরিতে পুনর্বহালের দাবিতে সেখানে অবস্থান নেন।

এ বিষয়ে উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন-অর-রশীদ সাংবাদিকদের বলেন, যেকোনো আন্দোলন সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে করার জন্য উৎসাহিত করা হচ্ছে। একই সঙ্গে এমন জায়গায় কর্মসূচি পালনের পরামর্শ দেওয়া হচ্ছে, যেখানে মানুষের চলাচল কম এবং জনদুর্ভোগও কম হয়।

তিনি বলেন, ইসলামী ব্যাংককে কেন্দ্র করে দুটি পক্ষের কর্মসূচি চলছে। এর মধ্যে চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের তিন সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি দেওয়ার জন্য ব্যাংকের ভেতরে গেছে। তারা স্মারকলিপি দিয়ে বের হয়ে এলে আজকের জমায়েত শেষ হবে বলে আশা করা হচ্ছে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, বিপুলসংখ্যক মানুষ একই স্থানে জড়ো হলে তাদের ছত্রভঙ্গ করতে গিয়ে অতিরিক্ত বিশৃঙ্খলা এবং হতাহতের আশঙ্কা তৈরি হতে পারে। এ কারণে পুলিশ এ ধরনের জমায়েত নিরুৎসাহিত করছে।

ইসলামী ব্যাংককে কেন্দ্র করে চলমান এই আন্দোলনের সঙ্গে সম্প্রতি কোনো রাজনৈতিক ঘটনা কিংবা আওয়ামী লীগের কোনো কর্মসূচির যোগসূত্রের তথ্য পাওয়া গেছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিসি হারুন বলেন, এখন পর্যন্ত এ ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি।

তিনি আরও জানান, ব্যাংক পাড়ায় যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে