×
ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক পর্যায়ে দুটি গুরুত্বপূর্ণ সম্মাননা পেল বাংলাদেশ ব্যাংক

২০২৬ সেপ্টেম্বর ১১ ১৯:৪৭:৪৫
আন্তর্জাতিক পর্যায়ে দুটি গুরুত্বপূর্ণ সম্মাননা পেল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : আর্থিক অন্তর্ভুক্তি ও নারীবান্ধব আর্থিক সেবা সম্প্রসারণে অবদানের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে দুটি গুরুত্বপূর্ণ সম্মাননা পেয়েছে বাংলাদেশ ব্যাংক। আন্তর্জাতিক সংস্থা অ্যালায়েন্স ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন (এএফআই) বাংলাদেশ ব্যাংককে ‘এএফআই মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড ২০২৬’ এবং ‘এএফআই জেন্ডার ইনক্লুসিভ ফাইন্যান্স চ্যাম্পিয়ন ইনস্টিটিউশন’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।

গত ৩ সেপ্টেম্বর পাপুয়া নিউগিনির রাজধানী পোর্ট মোরেসবিতে অনুষ্ঠিত এএফআই গ্লোবাল পলিসি ফোরামে বাংলাদেশ ব্যাংকের পক্ষে পুরস্কার দুটি গ্রহণ করেন ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগ, বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে প্রতিবছর নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। এসব লক্ষ্যমাত্রার উল্লেখযোগ্য অংশ অর্জনের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ব্যাংককে মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬ দেওয়া হয়েছে। এর আগে ২০২৫ সালেও একই পুরস্কার পেয়েছিল বাংলাদেশ ব্যাংক।

অন্যদিকে, নারীদের আর্থিক ব্যবস্থার আওতায় আনা এবং জেন্ডার-সংবেদনশীল আর্থিক সেবা সম্প্রসারণে বাংলাদেশের বিভিন্ন উদ্যোগের স্বীকৃতি হিসেবে দ্বিতীয় সম্মাননাটি দেওয়া হয়েছে। এএফআইয়ের ডেনারাউ অ্যাকশন প্ল্যানের লক্ষ্য অর্জনে প্রাতিষ্ঠানিক প্রতিশ্রুতি ও উদ্ভাবনী পদক্ষেপ নেওয়ার কারণে বাংলাদেশ ব্যাংককে ‘জেন্ডার ইনক্লুসিভ ফাইন্যান্স চ্যাম্পিয়ন ইনস্টিটিউশন’ হিসেবে নির্বাচিত করা হয়।

এএফআই আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে কাজ করা বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক, অর্থ মন্ত্রণালয় ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর একটি আন্তর্জাতিক সংগঠন। বর্তমানে ৮২টি দেশের কেন্দ্রীয় ব্যাংক, অর্থ মন্ত্রণালয়সহ আর্থিক খাতের ৮৯টি প্রতিষ্ঠান এএফআইয়ের সদস্য।

বাংলাদেশ ব্যাংকের এই দুটি আন্তর্জাতিক স্বীকৃতি দেশের আর্থিক খাতে অন্তর্ভুক্তিমূলক নীতি, বিশেষ করে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সেবা পাওয়ার সুযোগ সম্প্রসারণে নেওয়া উদ্যোগগুলোর আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে