×
ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

‘মিস্টার সিং, গাড়ি চালাতে জানেন না!’ পোস্ট ঘিরে বিতর্ক

২০২৬ সেপ্টেম্বর ১০ ১৬:৫৭:৫৪
‘মিস্টার সিং, গাড়ি চালাতে জানেন না!’ পোস্ট ঘিরে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন অভিবাসনবিরোধী প্রচারণায় ভারতীয় ও শিখদের লক্ষ্য করে বৈষম্যমূলক ইঙ্গিত দেওয়ার অভিযোগ উঠেছে। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) ‘ট্রান্সফরমার্স’ সিনেমার আদলে তৈরি একটি ডিজিটাল বিজ্ঞাপন প্রকাশের পর এ নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

ডিএইচএসের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত পোস্টারটিতে ‘ট্রান্সফরমার্স’ ফ্র্যাঞ্চাইজির প্রধান চরিত্র অপটিমাস প্রাইমকে ব্যবহার করা হয়েছে। তার সামনে ব্যান্ডানা পরা বাদামি চামড়ার এক দাড়িওয়ালা ব্যক্তিকে দেখিয়ে তাকে ‘মিস্টার সিং’ হিসেবে সম্বোধন করা হয়েছে।

পোস্টারে লেখা হয়েছে, ‘Get off our roads, you don't know how to drive, Mr Singh’—অর্থাৎ, ‘আমাদের সড়ক থেকে সরে যান, আপনি গাড়ি চালাতে জানেন না, মিস্টার সিং।’

ডিএইচএসের দাবি, অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে স্বেচ্ছায় চলে যেতে উৎসাহিত করার বৃহত্তর প্রচারণার অংশ হিসেবে বিজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে। এ প্রচারণায় ‘Self-deport or find out’ স্লোগান ব্যবহার করা হচ্ছে এবং অনিবন্ধিত অভিবাসীদের নিজ উদ্যোগে যুক্তরাষ্ট্র ছাড়তে উৎসাহ দেওয়া হচ্ছে।

একই প্রচারণার অংশ হিসেবে ডিএইচএস কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি ভিডিওও প্রকাশ করেছে। সেখানে ‘ট্রান্সফরমার্স’ সিরিজের খলনায়ক মেগাট্রনকে ‘এলিয়েন’দের মুক্তি দেওয়ার বিষয়ে আলোচনা করতে দেখা যায়।

ভিডিওতে ট্রাকচালক হরজিন্দর সিং, রাজিন্দর কুমার, বেকজান বেইশেকিভ, আখরোর বোজোরভ ও জসবীর সিংয়ের নাম উল্লেখ করা হয়েছে। ভিডিওতে তাদের সড়ক দুর্ঘটনা ও অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা তুলে ধরা হয়।

ভিডিও প্রকাশ করে ডিএইচএস বলেছে, কেউ শত্রুতাপূর্ণ উদ্দেশ্য নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে দেশটি আত্মরক্ষা করবে, ‘আমেরিকানিজম’ রক্ষা করবে এবং নিজেদের ঘর রক্ষা করবে।

‘সিং’ পদবি হিন্দু ও শিখ সম্প্রদায়ের বিপুলসংখ্যক মানুষের মধ্যে প্রচলিত। যুক্তরাষ্ট্রের ট্রাকিং খাতেও ভারতীয় বংশোদ্ভূত ও শিখদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে।

এ কারণে সমালোচকদের কেউ কেউ মনে করছেন, বিজ্ঞাপনে ‘মিস্টার সিং’ শব্দটি ব্যবহার শুধু অনিবন্ধিত অভিবাসীদের বিরুদ্ধে বার্তা নয়; এটি ভারতীয় ও শিখ জনগোষ্ঠীর একটি বৃহৎ অংশকে লক্ষ্য করে ব্যঙ্গের ইঙ্গিতও দিতে পারে।

তবে ডিএইচএসের প্রচারণার মূল বক্তব্য হলো অনিবন্ধিত অভিবাসীদের স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়তে উৎসাহিত করা।‘মিস্টার সিং’ উল্লেখ করে প্রকাশিত পোস্টটির সমালোচনা করেছে হিন্দু আমেরিকান ফাউন্ডেশন (এইচএএফ) ও শিখ কোয়ালিশন।

এইচএএফ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটির সমালোচনা করে এটিকে বর্ণবাদী ও ভারতীয়দের বিরুদ্ধে প্রোফাইলিং এবং বিদ্রূপ হিসেবে আখ্যা দিয়েছে। সংগঠনটি জানিয়েছে, সরকারি প্রচারণায় এমন উপস্থাপনার বিষয়ে তদন্ত হওয়া উচিত।

শিখ কোয়ালিশনও বিজ্ঞাপনটির সমালোচনা করেছে। সংগঠনটির বক্তব্য, ৯/১১ হামলার ২৫ বছর পরও শিখরা তাদের চেহারা ও পরিচয়ের কারণে বৈষম্য ও লক্ষ্যবস্তু হওয়ার অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন।

সংগঠনটি আরও বলেছে, যুক্তরাষ্ট্রে লাখো শিখের পদবি ‘সিং’। সরকারি প্রচারণায় তাদের শত্রু হিসেবে উপস্থাপন করা হলেও শিখরা নিজেদের পরিচয় নিয়ে দৃঢ় থাকবেন।

ডিএইচএসের এই প্রচারণা এমন সময়ে সামনে এসেছে, যখন অনিবন্ধিত অভিবাসীদের স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়ার জন্য উৎসাহিত করতে ‘CBP Home’ কর্মসূচি নিয়ে প্রচার চালানো হচ্ছে।

ডিএইচএসের তথ্য অনুযায়ী, যোগ্য অনিবন্ধিত অভিবাসীরা এই কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্র ছাড়ার ইচ্ছা নিবন্ধন করতে পারেন। নিবন্ধনকারীদের ভ্রমণ সহায়তার পাশাপাশি সর্বোচ্চ ২ হাজার ৬০০ ডলার পর্যন্ত প্রস্থান বোনাস দেওয়ার কথা জানিয়েছে বিভাগটি।

তবে ‘মিস্টার সিং’ উল্লেখ করে প্রকাশিত বিজ্ঞাপনকে কেন্দ্র করে যে বর্ণবাদ ও বৈষম্যের অভিযোগ উঠেছে, তা নিয়ে ইতোমধ্যে ভারতীয়, হিন্দু ও শিখ সম্প্রদায়ের বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে