×
ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত, সংসদে পাস সংশোধনী বিল

২০২৬ সেপ্টেম্বর ১০ ০৮:৫১:৪৬
ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত, সংসদে পাস সংশোধনী বিল

নিজস্ব প্রতিবেদক : আলোচিত ও বিতর্কিত ১৮(ক) ধারা পুরোপুরি বাতিল করে জাতীয় সংসদে ‘ব্যাংক রেজোল্যুশন (সংশোধন) বিল, ২০২৬’ পাস হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি সংসদে উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাস হয়। এ সময় অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিবেদনও সংসদে উপস্থাপন করা হয়।

পাস হওয়া সংশোধনী অনুযায়ী, ব্যাংক রেজোল্যুশন আইন, ২০২৬-এর ১৮(ক) ধারা সম্পূর্ণভাবে রহিত হবে।

অর্থমন্ত্রী জানান, সংকটাপন্ন তফশিলি ব্যাংক পুনর্গঠন, মূলধন ঘাটতি ও তারল্য সংকট মোকাবিলা এবং ব্যাংক অবসায়নের ক্ষেত্রে সরকারি অর্থের ওপর চাপ কমানোর লক্ষ্যেই বাজারভিত্তিক কাঠামো হিসেবে ধারাটি যুক্ত করা হয়েছিল।

তবে আইন কার্যকর হওয়ার পর এ ধারার অধীনে অংশগ্রহণের জন্য নির্ধারিত কঠোর নিয়ন্ত্রক শর্ত কোনো ব্যক্তি, শেয়ারহোল্ডার বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী পূরণ করতে পারেননি। ফলে ধারাটির মূল উদ্দেশ্য বাস্তবায়নের সুযোগ না থাকায় এটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।

নথি অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের সময় প্রণীত মূল ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশে ১৮(ক) ধারা ছিল না। পরবর্তীতে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর অধ্যাদেশটিকে আইনে রূপান্তরের সময় ধারাটি যুক্ত করা হয়।

এই ধারায় কোনো ব্যাংককে রেজোল্যুশন প্রক্রিয়ায় নেওয়ার আগে ওই ব্যাংকের সাবেক শেয়ারহোল্ডার কিংবা অন্য কোনো উপযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বাংলাদেশ ব্যাংকের কাছে ব্যাংকটির সম্পদ, দায় ও শেয়ার পুনর্গ্রহণের জন্য আবেদন করার সুযোগ দেওয়া হয়েছিল।

আইনটি পাসের পর থেকেই ১৮(ক) ধারা নিয়ে আর্থিক খাতে বিতর্ক তৈরি হয়। বিশেষ করে সমস্যাগ্রস্ত পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠনের প্রক্রিয়াকে কেন্দ্র করে ধারাটি নিয়ে উদ্বেগ দেখা দেয়।

আলোচনায় আসে, ১৮(ক) ধারা বহাল থাকলে এসব ব্যাংকের বিতর্কিত সাবেক পরিচালক ও শেয়ারহোল্ডারদের কোনোভাবে মালিকানায় ফিরে আসার সুযোগ তৈরি হতে পারে কি না।

এমন পরিস্থিতিতে ধারাটি নিয়ে সমালোচনা বাড়তে থাকে। পাশাপাশি ধারাটির অধীনে নির্ধারিত শর্ত পূরণ করতে সক্ষম কোনো যোগ্য বিনিয়োগকারী না পাওয়ায় এর প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন ওঠে।

ব্যাংক খাতের সংকট মোকাবিলায় বাজারভিত্তিক সমাধানের সুযোগ তৈরি করতেই ১৮(ক) ধারা যুক্ত করা হয়েছিল। কিন্তু বাস্তবে কাঙ্ক্ষিত অংশগ্রহণ না হওয়া এবং ব্যাংক খাতে ধারাটি নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় সরকার এটি বাতিলের সিদ্ধান্ত নেয়।

সংসদে সংশোধনী বিল পাসের মধ্য দিয়ে এখন ব্যাংক রেজোল্যুশন আইনের আলোচিত এই বিধানটি আনুষ্ঠানিকভাবে বাতিলের পথে গেল।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে