×
ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

এক নোটিশেই চাকরি হারালেন কেয়া গ্রুপের শ্রমিকরা

২০২৬ সেপ্টেম্বর ০৮ ১৬:২২:১৬
এক নোটিশেই চাকরি হারালেন কেয়া গ্রুপের শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর জরুন এলাকায় অবস্থিত কেয়া গ্রুপের ৬১৩ শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। ছাঁটাই হওয়া শ্রমিকরা প্রতিষ্ঠানটির নিট কম্পোজিট ডিভিশন, স্পিনিং ডিভিশন, কটন ডিভিশন ও কেয়া ইয়ার্ন মিলস লিমিটেডের বিভিন্ন পদে কর্মরত ছিলেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কারখানার মূল ফটকে ছাঁটাই হওয়া শ্রমিকদের নামের তালিকা টানিয়ে দেওয়া হয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে তালিকায় নিজেদের নাম দেখতে কারখানার সামনে ভিড় করেন শ্রমিকরা। এ সময় তাদের মধ্যে চাপা ক্ষোভ ও অসন্তোষ দেখা যায়।

কারখানার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, ব্যাংকিং জটিলতা, গ্যাস বিল পরিশোধ না করায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হওয়া এবং প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জনবল থাকার কারণে উৎপাদন ও প্রশাসনিক ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিভিন্ন সেকশন, বিভাগ ও ডিভিশনের কিছু পদ বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

নোটিশে আরও বলা হয়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা ২০ অনুযায়ী কারখানার অতিরিক্ত শ্রমিক ও কর্মচারীদের ৮ সেপ্টেম্বর থেকে ছাঁটাই করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ছাঁটাই হওয়া শ্রমিকদের আইনানুগ সব পাওনা পরিশোধ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে কারখানায় নতুন কর্মী নিয়োগের প্রয়োজন হলে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা ২১ অনুযায়ী ছাঁটাই হওয়া দক্ষ শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে পুনর্নিয়োগ দেওয়া হবে।

এদিকে, কারখানার বর্তমান সংকট বিবেচনায় নিয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা চেয়েছে কর্তৃপক্ষ।কেয়া গ্রুপের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক সাবিনা ইয়াসমিন বলেন, ছাঁটাই হওয়া শ্রমিকদের ৩০ কর্মদিবসের মধ্যে শ্রম আইন অনুযায়ী সব পাওনা পরিশোধ করা হবে।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, কেয়া গ্রুপের কিছু শ্রমিককে ছাঁটাইয়ের নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার মূল ফটকে শিল্প পুলিশের পাশাপাশি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে