×
ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা

২০২৬ সেপ্টেম্বর ১০ ০৭:৫২:২৭
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা

নিজস্ব প্রতিবেদক : খুলনায় অর্থ আত্মসাতের মামলায় সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তাসহ সাত আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ৯২ কোটি ৬৩ লাখ ৩১ হাজার ৭৫২ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মুহা. আদীব আলী এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী মো. ইয়াসীন আলী। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সাত আসামির মধ্যে পাঁচজন আদালতে উপস্থিত ছিলেন। বাকি দুজন পলাতক।

দণ্ডপ্রাপ্তরা হলেন—দৌলতপুর সোনালী ব্যাংক করপোরেট শাখার সাবেক গোডাউন কিপার মো. মতিয়ার রহমান, সহকারী জেনারেল ম্যানেজার মো. নজরুল ইসলাম, সাবেক সহকারী মহাব্যবস্থাপক মানিক চন্দ্র মন্ডল, সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. রুহুল আমিন, সাবেক প্রিন্সিপাল অফিসার মো. সিরাজুল ইসলাম, সাবেক অফিসার অজিত কুমার সরকার এবং দৌলতপুর থানার ডিসি রোডের মেসার্স ইস্টার্ন ট্রেডার্সের স্বত্বাধিকারী সনজিৎ কুমার দাস।

তাদের মধ্যে মানিক চন্দ্র মন্ডল ও সনজিৎ কুমার দাস পলাতক রয়েছেন।

আদালত ও দুদক সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১৬ অক্টোবর থেকে ২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত মেসার্স ইস্টার্ন ট্রেডার্সের স্বত্বাধিকারী সনজিৎ কুমার দাস পাট কেনার জন্য সোনালী ব্যাংকের দৌলতপুর করপোরেট শাখা থেকে ৪৯ কোটি ৬২ লাখ ১৪ হাজার ২৩৭ টাকা ঋণ নেন।

অভিযোগ অনুযায়ী, ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে ওই ঋণের অর্থ পাট কেনার কাজে ব্যবহার না করে আত্মসাৎ করা হয়। পরে সুদসহ আত্মসাৎ করা অর্থের পরিমাণ দাঁড়ায় ৯২ কোটি ৬৩ লাখ ৩১ হাজার ৭৫২ টাকা।

এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মোশাররফ হোসেন ২০১৭ সালের ২৬ সেপ্টেম্বর মামলা করেন। তদন্ত শেষে তিনি ২০১৮ সালের ৮ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে সাত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার তাদের প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৯২ কোটি ৬৩ লাখ ৩১ হাজার ৭৫২ টাকা করে জরিমানা করেন আদালত। জরিমানা অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

দুদকের পাবলিক প্রসিকিউটর আরজিনা সুলতানা সাথী বলেন, সোনালী ব্যাংকের দৌলতপুর করপোরেট শাখা থেকে পাট কেনার জন্য ঋণ নিয়ে তা আত্মসাতের অভিযোগে সাত আসামির বিরুদ্ধে মামলা করা হয়েছিল। বিচারিক প্রক্রিয়া শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে