×
ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

মেয়ের পরিচয়ে নিজের স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী

২০২৬ সেপ্টেম্বর ০৮ ১২:১৮:৪০
মেয়ের পরিচয়ে নিজের স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী

নিজস্ব প্রতিবেদক : নিজের স্ত্রীকেই কখনো নিজের মেয়ে, আবার কখনো ভাতিজি পরিচয় দিয়ে একাধিক পাত্রের সঙ্গে বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ভারতের পশ্চিমবঙ্গের এক ব্যক্তির বিরুদ্ধে। বিয়ের পর পাত্রপক্ষের কাছ থেকে টাকা-পয়সা ও গহনা হাতিয়ে নিয়ে পালিয়ে যেতেন ওই নারী—এমন অভিযোগে শেষ পর্যন্ত স্বামী-স্ত্রী দুজনকেই গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার দেগঙ্গা এলাকায়। সোমবার (৭ সেপ্টেম্বর) এক নববিবাহিত ব্যক্তির অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করে দেগঙ্গা থানার পুলিশ।

স্থানীয় সূত্র ও পুলিশের বরাতে জানা যায়, দেগঙ্গার এক ব্যক্তি বিয়ের জন্য পাত্রী খুঁজছিলেন। পরে ঘটকের মাধ্যমে এক যুবতীর সন্ধান পান তিনি। ছবি দেখে পাত্রী পছন্দ হওয়ার পর প্রায় এক মাস আগে একটি মন্দিরে তাদের বিয়ে হয়।

বিয়ের সময় এক ব্যক্তি নিজেকে ওই তরুণীর চাচা হিসেবে পরিচয় দেন। তিনিই কন্যা সম্প্রদান করেন এবং পাত্রপক্ষকে জানান, মেয়েটি তাঁর একমাত্র ভাতিজি। পরিবারের আর কেউ নেই বলেও দাবি করেন তিনি।

বিয়ের পর কিছুদিন যেতে না যেতেই নববধূর স্বামীর সন্দেহ হয়। তিনি খোঁজখবর শুরু করেন। একপর্যায়ে জানতে পারেন, যিনি বিয়েতে কন্যা সম্প্রদান করেছিলেন এবং নিজেকে ‘চাচা’ হিসেবে পরিচয় দিয়েছিলেন, তিনিই আসলে তাঁর স্ত্রীর প্রকৃত স্বামী।

শুধু তাই নয়, ওই দম্পতির দুই মেয়েও রয়েছে এবং তাদের বিয়েও হয়ে গেছে বলে তদন্তে তথ্য পাওয়া যায়।বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। স্থানীয় পঞ্চায়েত সদস্যরা অভিযুক্ত দম্পতিকে ডেকে পাঠালেও তাঁরা অভিযোগ অস্বীকার করেন।

পরে নববিবাহিত ব্যক্তি পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন। তদন্তে নেমে পুলিশ অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করে।পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা স্বীকার করেন যে তাঁরা স্বামী-স্ত্রী।

পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি এর আগেও তাঁর স্ত্রীকে কখনো ভাতিজি, আবার কখনো নিজের মেয়ে পরিচয়ে বিভিন্ন পাত্রপক্ষের সামনে হাজির করতেন। এরপর স্ত্রীর সঙ্গে ওই পাত্রের বিয়ে দেওয়া হতো।

অভিযোগ, বিয়ের পর পাত্রপক্ষের কাছ থেকে অর্থ ও সোনার গহনা হাতিয়ে নিয়ে ওই নারীকে নিয়ে পালিয়ে যেতেন তাঁরা। এভাবে একাধিক পরিবারকে পরিকল্পিতভাবে প্রতারণা করা হয়েছে বলে পুলিশের তদন্তে উঠে এসেছে।

পুলিশের দাবি, আগেও কয়েকটি পরিবার এই দম্পতির প্রতারণার শিকার হলেও সামাজিক সম্মান ও লোকলজ্জার কারণে অনেকেই থানায় অভিযোগ করেননি। ফলে দীর্ঘদিন ধরেই তাঁরা পুলিশের নজরের বাইরে ছিলেন।

নববিবাহিত এক ব্যক্তির লিখিত অভিযোগের পর এবার পুলিশ অভিযুক্ত স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে। পরে তাঁদের বারাসত মহকুমা আদালতে হাজির করা হয়।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই নারীকে ভিন্ন পরিচয়ে একাধিক ব্যক্তির সঙ্গে বিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে প্রতারণার পুরো চক্রটি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে