×
ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

বিএসইসির অনুমোদনের পর রূপালি ব্যাংক ফান্ডে নতুন সিদ্ধান্ত

২০২৬ সেপ্টেম্বর ০৩ ১১:৫১:১১
বিএসইসির অনুমোদনের পর রূপালি ব্যাংক ফান্ডে নতুন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : মেয়াদি (Closed-End) থেকে বে-মেয়াদি (Open-End) ফান্ডে রূপান্তরের উদ্যোগ নিয়েছে ভ্যানগার্ড এএমএল রূপালি ব্যাংক ব্যালান্সড ফান্ড। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ফান্ডটির ইউনিটধারীদের বিশেষ সাধারণ সভা (EGM) আহ্বান করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে ফান্ডটির ট্রাস্টি।

ঘোষণা অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর বেলা ১১টায় ঢাকার মহাখালী ডিওএইচএসের ভিআইপি রোডে রাওয়া কনভেনশন হলের ঈগল হলে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

সভায় ফান্ডটিকে মেয়াদি থেকে বে-মেয়াদি ফান্ডে রূপান্তরের বিষয়ে ইউনিটধারীদের মতামত ও অনুমোদন নেওয়া হবে।

ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক ভ্যানগার্ড এএমএল জানিয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন এবং তাদের স্বেচ্ছা প্রস্তাবের ভিত্তিতেই এই রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

ফান্ডটির ইউনিটধারীদের বিশেষ সাধারণ সভায় অংশগ্রহণ ও ভোটদানের যোগ্যতা নির্ধারণে ৪ অক্টোবর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ৭ অক্টোবর থেকে ফান্ডটির ইউনিটের লেনদেন স্থগিত থাকবে। রেকর্ড তারিখের পরবর্তী সময় থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের দুই স্টক এক্সচেঞ্জে ফান্ডটির ইউনিট কেনাবেচা বন্ধ থাকবে।

বিএসইসির গত ৭ মে ২০২৬ তারিখের অনুমোদনের পর ফান্ডটিকে মেয়াদি থেকে বে-মেয়াদি কাঠামোয় রূপান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।

মেয়াদি ফান্ড সাধারণত নির্দিষ্ট মেয়াদে পরিচালিত হয় এবং এর ইউনিট স্টক এক্সচেঞ্জে লেনদেন হতে পারে। অন্যদিকে বে-মেয়াদি ফান্ডের ক্ষেত্রে নির্ধারিত নিয়মে বিনিয়োগকারীরা ফান্ডের ইউনিট ক্রয় বা বিক্রি করতে পারেন।

ফলে রূপান্তরটি অনুমোদিত হলে ভ্যানগার্ড এএমএল রূপালি ব্যাংক ব্যালান্সড ফান্ডের কাঠামো ও ইউনিট লেনদেনের ব্যবস্থায় পরিবর্তন আসবে।

এর আগে বুধবার শেয়ারবাজারে তালিকাভুক্ত এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডকেও মেয়াদি থেকে বে-মেয়াদি ফান্ডে রূপান্তরের উদ্যোগের কথা জানানো হয়।

এ বিষয়ে ইউনিটধারীদের অনুমোদন নিতে আগামী ২৭ অক্টোবর বেলা ১১টায় ঢাকার মহাখালীর ভিআইপি রোডে রাওয়া কনভেনশন হলের অ্যাঙ্কর হল-২-এ বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

এসইএমএলের ব্যবস্থাপনায় থাকা ফান্ডটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ অক্টোবর। ওই তারিখ থেকে ইউনিটের লেনদেন স্থগিত থাকবে।

এ ছাড়া ৮ অক্টোবর থেকে রূপান্তর-সংক্রান্ত কার্যক্রমের কার্যকর তারিখ নির্ধারণ করা হয়েছে। রেকর্ড তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অথবা ফান্ডের পক্ষ থেকে নতুন ঘোষণা না আসা পর্যন্ত স্টক এক্সচেঞ্জে ফান্ডটির ইউনিটের লেনদেন বন্ধ থাকবে।

বিএসইসির ৭ মে ২০২৬-এর আদেশ এবং ফান্ডটিকে স্বেচ্ছায় মেয়াদি থেকে বে-মেয়াদি করার প্রস্তাবের ভিত্তিতেই এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ক্ষেত্রেও এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে