×
ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

শেষ পর্যন্ত চাকরি হারালেন ৭ পুলিশ কর্মকর্তা

২০২৬ সেপ্টেম্বর ০৩ ০৮:০৭:২৭
শেষ পর্যন্ত চাকরি হারালেন ৭ পুলিশ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: ঘুষ নিয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি, অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি এবং পলাতক থাকার অভিযোগে পুলিশের সাত কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ ও বরখাস্ত করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—ডিবির সাবেক যুগ্ম কমিশনার সঞ্চিত কুমার রায়, ডিএমপির সাবেক উপকমিশনার মানস কুমার পোদ্দার, রংপুর জেলার সাবেক পুলিশ সুপার মো. শাহজাহান এবং অতিরিক্ত পুলিশ সুপার হাফিজ আল ফারুক। প্রজ্ঞাপন অনুযায়ী, তারা দীর্ঘদিন ধরে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

সঞ্চিত কুমার রায় ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর থেকে, মানস কুমার পোদ্দার ২০২৪ সালের ১৮ অক্টোবর থেকে, মো. শাহজাহান ২০২৫ সালের ৯ জানুয়ারি থেকে এবং হাফিজ আল ফারুক ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

এদিকে, নেত্রকোনা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রোকনুজ্জামানের বিরুদ্ধে একজনকে এসআই পদে চাকরি দেওয়ার শর্তে ১৭ লাখ টাকা দাবি করার অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, তিনি ওই ব্যক্তির কাছ থেকে বিভিন্ন সময়ে নিজের ব্যাংক হিসাবে প্রায় সাড়ে ৫ লাখ টাকা নেন। তবে চাকরি না হওয়ায় টাকা ফেরত চাওয়া হলেও তা ফেরত দেওয়া হয়নি।

পরে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। তদন্তে অপরাধ প্রমাণিত হওয়ায় মোহাম্মদ রোকনুজ্জামানের বিরুদ্ধে চাকরি থেকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মো. রাশেদুল ইসলাম ২০২৫ সালের ৯ মার্চ থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। অন্যদিকে, পুলিশ স্টাফ কলেজের এএসপি মো. হাবিবুল্লাহ দালাল ২০২৫ সালের ২২ জানুয়ারি ছুটিতে যাওয়ার পর নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগ দেননি। কর্মস্থলে যোগ না দেওয়ায় তাদের বিরুদ্ধেও বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে