ঢাকা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬

নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতায় শেয়ারবাজারে অস্থিরতা

২০২৬ আগস্ট ৩১ ১৫:০৩:৪২
নিয়ন্ত্রক সংস্থার দুর্বলতায় শেয়ারবাজারে অস্থিরতা

নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে টানা দরপতনের ধারা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার (৩১ আগস্ট) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি সূচক কমার পাশাপাশি টাকার অংকে লেনদেনও কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।

বাজারসংশ্লিষ্টদের ভাষ্য, সাম্প্রতিক সময়ে ধারাবাহিক দরপতনের কারণে শেয়ারবাজারে এক ধরনের নীরব ধসের পরিস্থিতি তৈরি হয়েছে। এ পরিস্থিতির দায় নিয়ন্ত্রক সংস্থা কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না বলে মনে করছেন তারা। তাদের মতে, শেয়ারবাজার সম্পর্কে নিয়ন্ত্রক সংস্থার অযোগ্যতা কিংবা অজ্ঞতার কারণেই বর্তমান বৈরী পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বাজারসংশ্লিষ্টরা আরও বলেন, আগের কমিশন পরিবর্তন করে নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর বিনিয়োগকারীদের মধ্যে বাজার ঘুরে দাঁড়ানোর যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা এখন হতাশায় রূপ নিয়েছে। তাদের অভিযোগ, নতুন কমিশন কীভাবে বাজারের স্থিতিশীলতা ধরে রাখা যায় এবং কার্যকরভাবে বাজার মনিটরিং করা যায়, সে বিষয়ে যথেষ্ট সক্ষমতা দেখাতে পারছে না।

তাদের মতে, ধারাবাহিক দরপতনের কবল থেকে বাজারকে বের করে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে নিয়ন্ত্রক সংস্থার তেমন কোনো তৎপরতা চোখে পড়ছে না। বরং বাজারের অস্থির পরিস্থিতিতে নিয়ন্ত্রক সংস্থা অনেকটা নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা ও ক্ষোভ আরও বাড়ছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে শেয়ারবাজার আবারও তলানিতে নেমে যাওয়ার আশঙ্কা করছেন বাজারসংশ্লিষ্টরা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৬ দশমিক ২০ পয়েন্ট কমে ৫ হাজার ৫৯৮ দশমিক ০৮ পয়েন্টে অবস্থান করছে।

অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৩ দশমিক ৬২ পয়েন্ট কমে ১ হাজার ১২৪ দশমিক ৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ সূচক ৮ দশমিক ৯৮ পয়েন্ট কমে ২ হাজার ১১৩ দশমিক ২৪ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে মোট ৩৮৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১২৮টি প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে, ১৯২টির কমেছে এবং ৬৯টি প্রতিষ্ঠানের শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।

সোমবার ডিএসইতে প্রায় ৪৭৭ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কর্মদিবসে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৫১৮ কোটি ৩ লাখ টাকা।

অর্থাৎ আগের দিনের তুলনায় এদিন ডিএসইতে লেনদেন কমেছে প্রায় ৪০ কোটি ৭৯ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সোমবার ১৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে সিএসইতে শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল ১১ কোটি ১ লাখ টাকা।

এদিন সিএসইতে মোট ২০২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ১১৩টির কমেছে এবং ২৮টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিকে, সোমবার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২১ দশমিক ৬৭ পয়েন্ট কমে ১৫ হাজার ৬৯ দশমিক ৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কর্মদিবসে সিএএসপিআই সূচক ৭৫ দশমিক ২৮ পয়েন্ট বেড়েছিল।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে