ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার সামনে নতুন চ্যালেঞ্জ

২০২৬ জুলাই ২১ ১৫:০৬:৩০
২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার সামনে নতুন চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক: ২০৩০ ফিফা বিশ্বকাপে স্বাগতিক দেশ হিসেবে আর্জেন্টিনার অংশগ্রহণ অনেক আগেই নিশ্চিত হয়েছে। তবে সরাসরি বিশ্বকাপে জায়গা পেলেও আগামী বছর থেকে দলটিকে আবারও প্রতিযোগিতামূলক বাছাইপর্ব বা বিকল্প আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে হতে পারে। বিষয়টি নিয়ে ফুটবল অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা।

দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল চায় না, স্বাগতিক হওয়ার কারণে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে দীর্ঘ সময় প্রতিযোগিতামূলক ম্যাচের বাইরে থাকুক। তাই এই তিন দলকে নিয়মিত উচ্চমানের ম্যাচে রাখার জন্য নতুন একটি কাঠামো নিয়ে কাজ করছে সংস্থাটি।

এর পেছনে অন্যতম কারণ হতে পারে ২০৩০ বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়ানোর সম্ভাবনা। কনমেবল সভাপতি আলেহান্দ্রো ডোমিঙ্গেজ এর আগে ৬৪ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন। প্রস্তাবটি বাস্তবায়িত হলে দক্ষিণ আমেরিকার জন্য বরাদ্দ আসনও বাড়তে পারে।

সে ক্ষেত্রে স্বাগতিক তিন দেশ আগেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ফেলায় বাকি দেশগুলোর মধ্যে টিকিটের প্রতিযোগিতা কমে যেতে পারে। এতে প্রচলিত বিশ্বকাপ বাছাইপর্বের প্রতিদ্বন্দ্বিতাও অনেকটা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতি মোকাবিলায় কনমেবল নতুন একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা চালুর পরিকল্পনা করছে। প্রস্তাবিত টুর্নামেন্টটি অনেকটা উয়েফা নেশনস লিগের আদলে হতে পারে। এর মাধ্যমে বিশ্বকাপ ও কোপা আমেরিকার মধ্যবর্তী সময়েও দক্ষিণ আমেরিকার দলগুলো নিয়মিত প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে পারবে।

এ ছাড়া ইউরোপের শক্তিশালী দলগুলোর বিপক্ষে ম্যাচ আয়োজনেরও পরিকল্পনা রয়েছে। এতে দক্ষিণ আমেরিকার দলগুলোর প্রতিযোগিতামূলক প্রস্তুতি বজায় থাকবে বলে মনে করছে কনমেবল।

সম্প্রতি প্যারাগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি রবার্ট হ্যারিসন জানান, আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে ইতোমধ্যেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। তাই বাকি দেশগুলোর জন্য সীমিত সংখ্যক টিকিটের লড়াই থাকবে। পাশাপাশি উয়েফার সঙ্গে যৌথভাবে নেশনস লিগের আদলে একটি প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনাও বিবেচনায় রয়েছে।

তবে পুরো বিষয়টি এখনও পরিকল্পনার পর্যায়ে রয়েছে। কনমেবল কিংবা ফিফা এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত দেয়নি। ফলে স্বাগতিক দেশগুলো শেষ পর্যন্ত বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নেবে, নাকি নতুন কোনো টুর্নামেন্টে খেলবে—তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

এদিকে, ২০৩০ বিশ্বকাপের বাছাইপর্বের পূর্ণাঙ্গ সূচিও এখনও প্রকাশ করেনি ফিফা। আগামী ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিতব্য ওই উইন্ডোতে প্রতিপক্ষ, ভেন্যু ও সময়সূচি পরে জানানো হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে