ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অন্তঃসত্ত্বা, তদন্তে নড়েচড়ে বসল প্রশাসন

২০২৬ জুলাই ১১ ১২:০৩:৪৩
ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অন্তঃসত্ত্বা, তদন্তে নড়েচড়ে বসল প্রশাসন

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের সরকারি শিশু পরিবার (বালিকা)-এ থাকা ষষ্ঠ শ্রেণির ১৪ বছর বয়সী এক কিশোরী ২৭ সপ্তাহের বেশি সময়ের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগে শিশু পরিবারের পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে সমাজসেবা অধিদপ্তর।

মামলার একমাত্র আসামি মো. ওয়াহিদ শেখ (৫৪)। তিনি শিশু পরিবারসংলগ্ন একটি বাজারে দর্জির দোকান পরিচালনা করেন।সরকারি শিশু পরিবারের সহকারী পরিচালক ও তত্ত্বাবধায়ক মোহাম্মদ আরিফ হোসেন বাদী হয়ে গত ৬ জুলাই ফরিদপুর কোতোয়ালি থানায় মামলাটি করেন।

মামলার এজাহার অনুযায়ী, ওই কিশোরী শহরের টেপাখোলা এলাকার একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে যাতায়াতের সময় চলতি বছরের ৫ জানুয়ারি বিকেলে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ওয়াহিদ শেখ তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে একাধিকবার একই ধরনের অপরাধের অভিযোগও আনা হয়েছে।

শারীরিক অসুস্থতার কারণে গত ৬ জুলাই কিশোরীকে চিকিৎসকের কাছে নেওয়া হলে পরীক্ষায় জানা যায়, সে ২৭ সপ্তাহ ২ দিনের অন্তঃসত্ত্বা।

মামলার পর ৮ জুলাই সদর উপজেলার আদমপুর গ্রামের বাসিন্দা ওয়াহিদ শেখকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে একই দিন পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন—সহকারী তত্ত্বাবধায়ক মো. হাবিবুর রহমান, কম্পিউটার অপারেটর আবীর দাস, মেট্রন-কাম-নার্স মনি আক্তার, আয়া শামসুন্নাহার আক্তার ও তানিয়া তাজরীণ।সমাজসেবা অধিদপ্তরের উপসচিব ও পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. সাইফুল ইসলাম বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ এহিয়াতুজ্জামান জানান, আদালতের নির্দেশে কিশোরীকে সমাজসেবা বিভাগের অধীন নারী ও শিশু-কিশোরী হেফাজতিদের আবাসন কেন্দ্রে রাখা হয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে