ঢাকা, সোমবার, ২৯ জুন ২০২৬

তিন অভিযোগে সংসদ অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট

২০২৬ জুন ২৯ ১১:২১:৩৫
তিন অভিযোগে সংসদ অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট

নিজস্ব প্রতিবেদক: ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাসের আগের দিন জাতীয় সংসদের অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে। বক্তব্য দেওয়ার পর্যাপ্ত সময় না পাওয়া, সংসদের কার্যপ্রণালি যথাযথভাবে অনুসরণ না করা এবং পয়েন্ট অব অর্ডারে কথা বলার সুযোগ না দেওয়ার অভিযোগ তুলে অধিবেশন থেকে ওয়াকআউট করেন বিরোধী দলের সংসদ সদস্যরা।

সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের শেষ ভাগে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল, ২০২৬ এবং দ্য পাবলিক এক্সামিনেশনস (অফেন্সেস) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬ উত্থাপনকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে বিরোধী দলের সংসদ সদস্য মুহাম্মদ নাজিবুর রহমান অভিযোগ করেন, কার্যপ্রণালি বিধির ৭৭ অনুযায়ী বিল উত্থাপনের অন্তত তিন দিন আগে সংসদ সদস্যদের কাছে বিলের কপি পৌঁছানোর বিধান মানা হয়নি। পাশাপাশি, তিন দিনের শর্ত শিথিল করা হয়ে থাকলে সে বিষয়ে সংসদকে আনুষ্ঠানিকভাবে জানানো উচিত ছিল বলেও তিনি মন্তব্য করেন।

তবে স্পিকারের দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার কায়সার কামাল জানান, বিল দুটি ২৩ জুন সংসদ সদস্যদের মধ্যে বিতরণ করা হয়েছিল এবং প্রয়োজনীয় সব প্রক্রিয়া অনুসরণ করেই তা উত্থাপন করা হয়েছে।

ডেপুটি স্পিকারের বক্তব্যের পর বিরোধী দলের সদস্যরা অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

পরে সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে মুহাম্মদ নাজিবুর রহমান অভিযোগ করেন, বিরোধী দলের জন্য নির্ধারিত বক্তব্যের সময় বরাদ্দ দেওয়া হয়নি, সংসদীয় কার্যপ্রণালি যথাযথভাবে অনুসরণ করা হয়নি এবং পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার সুযোগ থেকেও তাদের বঞ্চিত করা হয়েছে।

তিনি আরও বলেন, সংসদে বিরোধী দলের বক্তব্য উপস্থাপনের সুযোগ না থাকলে সেখানে অবস্থান করার যৌক্তিকতা থাকে না। এসব কারণেই তারা ওয়াকআউটের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে