ঢাকা, শনিবার, ৩০ মে ২০২৬

যন্ত্রপাতি খাতে প্রায় সম্পূর্ণ অর্থ ব্যয়, অবকাঠামো খাতে ধীরগতি বার্জার পেইন্টসের

২০২৬ মে ৩০ ১৫:১৪:১১
যন্ত্রপাতি খাতে প্রায় সম্পূর্ণ অর্থ ব্যয়, অবকাঠামো খাতে ধীরগতি বার্জার পেইন্টসের

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে সংগ্রহ করা অর্থ ব্যবহারের সর্বশেষ নিরীক্ষা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ের তহবিল ব্যবহারের ওপর পরিচালিত নিরীক্ষায় দেখা গেছে, কোম্পানিটি রাইট শেয়ার থেকে প্রাপ্ত অর্থের উল্লেখযোগ্য অংশ বিভিন্ন প্রকল্পে ব্যয় করেছে, তবে এখনো পুরো অর্থ ব্যবহার সম্পন্ন হয়নি।

কোম্পানিটির রাইট শেয়ার তহবিল ব্যবহারের নিরীক্ষা করেছে এমএবিএস অ্যান্ড জে পার্টনার্স চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস। নিরীক্ষক তাদের প্রতিবেদনে জানিয়েছেন, রাইট শেয়ার অফার ডকুমেন্ট (আরওডি) এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী কোম্পানির তহবিল ব্যবহারের বিবরণী যথাযথভাবে প্রস্তুত করা হয়েছে এবং এতে প্রকৃত চিত্র প্রতিফলিত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত বার্জার পেইন্টস রাইট শেয়ার থেকে সংগৃহীত অর্থের মধ্যে মোট ১৮০ কোটি ৮০ লাখ ৯৪ হাজার ৪২৯ টাকা ব্যবহার করেছে, যা নির্ধারিত মোট অর্থের ৫৯ দশমিক ৭১ শতাংশ।

এর মধ্যে ভূমি ও অবকাঠামো উন্নয়ন খাতে ব্যয় করা হয়েছে ২৮ কোটি ৫৮ লাখ ২৭ হাজার ২২১ টাকা। জমি উন্নয়ন, সড়ক নির্মাণ, কারখানা ভবন, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট (ডব্লিউটিপি) এবং গুদাম নির্মাণে এ অর্থ ব্যবহার করা হয়েছে। তবে এ খাতে নির্ধারিত অর্থের মাত্র ২২ দশমিক ৪২ শতাংশ ব্যবহার করা সম্ভব হয়েছে।

অন্যদিকে, যন্ত্রপাতি, সরঞ্জাম ও অটোমেশন খাতে ব্যয় করা হয়েছে ১৪৫ কোটি ৬১ লাখ ২০ হাজার ৭৭০ টাকা, যা নির্ধারিত বরাদ্দের ৯৭ দশমিক ৩৬ শতাংশ। অর্থাৎ এ খাতে প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি সবচেয়ে বেশি।

এছাড়া পরামর্শক সেবা ও অন্যান্য প্রকল্প ব্যয় খাতে ব্যয় করা হয়েছে ২ কোটি ৬ লাখ ৩৭ হাজার ৪৩৩ টাকা, যা নির্ধারিত অর্থের ৯ দশমিক ৯৪ শতাংশ।

রাইট শেয়ার ইস্যু সংক্রান্ত ব্যয় বাবদ কোম্পানিটি ব্যয় করেছে ৪ কোটি ৫৫ লাখ ৯ হাজার ৫ টাকা, যা নির্ধারিত বরাদ্দের ৯০ দশমিক ৫০ শতাংশ।

নিরীক্ষা প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, রাইট শেয়ার থেকে প্রাপ্ত অর্থ ব্যবস্থাপনার জন্য কোম্পানিটি ব্র্যাক ব্যাংক পিএলসি এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিতে পৃথক ব্যাংক হিসাব পরিচালনা করছে।

রাইট শেয়ার অফার ডকুমেন্ট অনুযায়ী এ অর্থ ব্যবহারের নির্ধারিত সময়সীমা ছিল ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত। তবে নির্ধারিত সময়ের মধ্যে অর্থের একটি বড় অংশ অব্যবহৃত থাকায় কোম্পানি বিএসইসির কাছে সময় বৃদ্ধির আবেদন করে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন ৩১ মার্চ ২০২৭ পর্যন্ত রাইট শেয়ার তহবিল ব্যবহারের সময়সীমা বাড়ানোর অনুমোদন দিয়েছে।

এদিকে, বিএসইসির করপোরেট রিপোর্টিং বিভাগের এক চিঠিতে বার্জার পেইন্টসের সময় বৃদ্ধির আবেদন অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কমিশনের অনুমোদন অনুযায়ী কোম্পানিটি আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত রাইট শেয়ার থেকে সংগৃহীত অবশিষ্ট অর্থ ব্যবহার করতে পারবে।

নিরীক্ষক তাদের প্রতিবেদনে আরও নিশ্চিত করেছেন যে, রাইট শেয়ার থেকে প্রাপ্ত অর্থ প্রসপেক্টাসে উল্লেখিত উদ্দেশ্য অনুযায়ী ব্যবহার করা হয়েছে, বিএসইসির অনুমোদনের শর্তাবলি অনুসরণ করা হয়েছে এবং প্রয়োজনীয় নথিপত্র, ভাউচার ও ব্যাংক স্টেটমেন্ট যাচাই করে অর্থ ব্যবহারের যথার্থতা নিশ্চিত করা হয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে