ঢাকা, সোমবার, ২৫ মে ২০২৬

‘কিচেন কেবিনেট’ নিয়ে মুখ খুললেন সাবেক উপদেষ্টা

২০২৬ মে ২৫ ১৭:৫৭:১৯
‘কিচেন কেবিনেট’ নিয়ে মুখ খুললেন সাবেক উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একটি বিশেষ ‘কিচেন কেবিনেট’ থেকে নেওয়া হতো বলে দাবি করেছেন সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তার ভাষ্য অনুযায়ী, সাত সদস্যের এই অনানুষ্ঠানিক গ্রুপ প্রতি মঙ্গলবার বৈঠক করত এবং নীতিনির্ধারণী বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিত।

সোমবার (২৫ মে) দেশের একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

তৌহিদ হোসেন বলেন, তার মন্ত্রণালয়ের কার্যক্রমেও একাধিক উপদেষ্টার প্রভাব ছিল। এ কারণে তিনি একাধিকবার পদত্যাগের চিন্তা করেছিলেন। তবে সরকারের পক্ষ থেকে তাকে দায়িত্বে থাকার অনুরোধ জানানো হয়।

তিনি বলেন, “তাদের অভিজ্ঞতা সীমিত হলেও উচ্চপর্যায়ে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হতো। আমি তিনবার সরে দাঁড়ানোর কথা ভেবেছিলাম, কিন্তু আমাকে বলা হয় এতে সরকারের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে।”

সাক্ষাৎকারে সাবেক এ কূটনীতিক আরও বলেন, নিজের প্রত্যাশার বড় একটি অংশ পূরণ হয়নি। তিনি জানান, একবার যমুনায় ‘কিচেন কেবিনেট’-এর একটি বৈঠকে অংশ নেওয়ার পর তিনি বুঝতে পারেন, নিয়মিতভাবে একটি নির্দিষ্ট গ্রুপ সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখছে।

তার ভাষায়, “শোনা যেত কিছু মানুষই সিদ্ধান্ত নেয়। পরে বুঝলাম, সত্যিই এমন একটি গ্রুপ ছিল যারা নিয়মিত বৈঠক করত।”

যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক বাণিজ্য চুক্তির বিষয়েও মন্তব্য করেন তৌহিদ হোসেন। তিনি দাবি করেন, এ প্রক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো সম্পৃক্ততা ছিল না।

তিনি বলেন, “এতে বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাজ করেছে। কোনো বিশেষ বাধ্যবাধকতা না থাকলে এমন সিদ্ধান্ত নির্বাচিত সরকারের জন্য রেখে দেওয়াই ভালো হতো।”

শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি পাঠানোর প্রসঙ্গেও কথা বলেন তিনি। তার মতে, ওই উদ্যোগ কার্যকর হওয়ার সম্ভাবনা খুব কম ছিল, বিষয়টি তিনি আগেই বুঝতে পেরেছিলেন।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাৎক্ষণিক মূল্যায়নে যেতে চাননি তৌহিদ হোসেন। তবে তিনি মনে করেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষা করা বাংলাদেশের নেতৃত্বের জন্য বড় চ্যালেঞ্জ হবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে