ঢাকা, সোমবার, ২৫ মে ২০২৬

পবিত্র আরাফাতের দিনে এবার ঘটতে যাচ্ছে এক বিরল ঘটনা

২০২৬ মে ২৫ ১২:০৯:৩১
পবিত্র আরাফাতের দিনে এবার ঘটতে যাচ্ছে এক বিরল ঘটনা

নিজস্ব প্রতিবেদক: পবিত্র আরাফাতের দিনে এবার ঘটতে যাচ্ছে এক বিরল জ্যোতির্বিজ্ঞানিক ঘটনা। আগামী মঙ্গলবার (২৭ মে), ৯ জিলহজ ১৪৪৭ হিজরিতে সৌদি আরবের মক্কায় কাবা শরিফের ঠিক ওপরে অবস্থান করবে সূর্য। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এমন বিরল সমাপতন প্রায় ৩৩ বছর পরপর ঘটে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওই দিন স্থানীয় সময় দুপুরে সূর্য সরাসরি কাবা শরিফের ওপর অবস্থান নেবে। ফলে সূর্যের আলো খাড়াভাবে পড়ায় মক্কায় কোনো বস্তুর ছায়া দৃশ্যমান হবে না।

ভৌগোলিক অবস্থানের কারণে প্রতিবছর দুইবার সূর্য কাবার ওপর সরাসরি অবস্থান করে। মক্কা কর্কটক্রান্তি রেখার কাছাকাছি ২১ দশমিক ৪ ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত হওয়ায় সূর্যের আপাত গতিপথের সঙ্গে এ ঘটনা স্বাভাবিকভাবেই ঘটে।

তবে এবারের ঘটনাকে বিশেষ করে তুলেছে আরাফাতের দিনের সঙ্গে এর মিল। সর্বশেষ ১৯৯৩ সালে আরাফাতের দিনে একই সময়ে সূর্য কাবা শরিফের ওপর অবস্থান নিয়েছিল।

জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, হিজরি চন্দ্রবর্ষ ও গ্রেগরিয়ান সৌরবর্ষের সময়গত পার্থক্যের কারণেই এমন বিরল সমাপতন তৈরি হয়। চন্দ্র ও সৌর বর্ষপঞ্জির তারিখ পুনরায় একই বিন্দুতে মিলতে প্রায় ৩৩ বছর সময় লাগে।

সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, এটি একটি স্বাভাবিক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা এবং এর সঙ্গে অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধির সরাসরি কোনো সম্পর্ক নেই।

সৌদি সংবাদমাধ্যম আজেলের বরাতে আবহাওয়া কেন্দ্র জানায়, তাপমাত্রা নির্ভর করে আর্দ্রতা, মেঘ, বাতাসের গতি ও বায়ুপ্রবাহসহ বিভিন্ন জলবায়ুগত উপাদানের ওপর। শুধুমাত্র সূর্যের অবস্থান তাপমাত্রা নির্ধারণ করে না।

জাতীয় আবহাওয়া কেন্দ্রের মুখপাত্র হুসেইন আল-কাহতানি বলেন, এ ধরনের ঘটনা প্রতিবছর জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণের অংশ হিসেবে পর্যবেক্ষণ করা হয়। কাবা শরিফে ছায়া না থাকার ঘটনাকে ঘিরে রেকর্ড গরমের যে আলোচনা চলছে, তা বৈজ্ঞানিকভাবে আরও ব্যাখ্যার দাবি রাখে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে