ঢাকা, শুক্রবার, ২২ মে ২০২৬

যেভাবে নামকরণ হলো ‘ককরোচ জনতা পার্টি’র

২০২৬ মে ২২ ১৯:৪৩:০৫
যেভাবে নামকরণ হলো ‘ককরোচ জনতা পার্টি’র

নিজস্ব প্রতিবেদক: ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি ‘ককরোচ জনতা পার্টি’। ব্যঙ্গাত্মক এই অনলাইনভিত্তিক দলটি অল্প সময়েই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ইনস্টাগ্রামে দলটির অনুসারী সংখ্যা ইতোমধ্যে ১ কোটি ৯০ লাখ ছাড়িয়েছে, যেখানে ভারতের ক্ষমতাসীন দলের অনুসারী সংখ্যা প্রায় ৮৮ লাখ।

ভারতের একাধিক সংবাদমাধ্যমের তথ্যমতে, সম্প্রতি এক বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করেই দলটির জন্ম হয়। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বেকার তরুণদের “ককরোচ” বা তেলাপোকা এবং “পরজীবী”র সঙ্গে তুলনা করলে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সেই প্রতিবাদের অংশ হিসেবেই ব্যঙ্গাত্মকভাবে গড়ে ওঠে ‘ককরোচ জনতা পার্টি’।

দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক, যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক এই দল নিজেদের “অলস ও বেকার তরুণদের কণ্ঠস্বর” হিসেবে পরিচয় দেয়।

মূলত বেকারত্ব, প্রশ্নফাঁস, শিক্ষা সংকট এবং তরুণদের হতাশা নিয়ে ব্যঙ্গাত্মক ছবি, ভিডিও ও পোস্ট তৈরি করেই জনপ্রিয়তা পেয়েছে দলটি। তাদের কনটেন্টে রাজনৈতিক ব্যঙ্গের পাশাপাশি তরুণদের ক্ষোভও স্পষ্টভাবে উঠে আসে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) থেকে তাদের পুরোনো অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হলেও কয়েক ঘণ্টার মধ্যেই নতুন অ্যাকাউন্ট খুলে আবার সক্রিয় হয়ে ওঠে তারা।

ভারতের বিভিন্ন বিরোধী রাজনৈতিক নেতাও এই অনলাইন আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এটিকে তরুণদের ক্ষোভ ও হতাশার নতুন প্রতীক হিসেবে দেখছেন।

বিশ্লেষকদের মতে, মিম ও ব্যঙ্গের মাধ্যমে ভারতের তরুণ সমাজ এখন নিজেদের অসন্তোষ প্রকাশ করছে। আর সেই কারণেই ‘ককরোচ জনতা পার্টি’ অল্প সময়েই ইন্টারনেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে