ঢাকা, বুধবার, ২০ মে ২০২৬

ঈদ সামনে রেখে শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা

২০২৬ মে ২০ ১৪:৫৪:০১
ঈদ সামনে রেখে শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা

নিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহা সামনে রেখে দেশের শেয়ারবাজারে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। টানা দ্বিতীয় কার্যদিবসের মতো বুধবারও (২০ মে) দেশের উভয় শেয়ারবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার অঙ্কে লেনদেন এবং অধিকাংশ কোম্পানির শেয়ারদর।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, ঈদ যত ঘনিয়ে আসছে, বিনিয়োগকারীদের একাংশ নিজ নিজ এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে এমন সময়ে বাজারে ধারাবাহিক উত্থান ভবিষ্যতে স্থিতিশীল বাজার পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। দিনের শুরু থেকেই বাজারে ক্রয়চাপ লক্ষ্য করা গেছে, যা লেনদেনের পুরো সময়জুড়েই অব্যাহত ছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১০ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২২২ দশমিক ৩৮ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ২ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬১ দশমিক ৭৬ পয়েন্টে। এছাড়া ব্লু-চিপ সূচক ডিএসই-৩০ বেড়েছে ৪ দশমিক ৬১ পয়েন্ট, যা দিন শেষে ১ হাজার ৯৭৪ দশমিক ৮১ পয়েন্টে পৌঁছেছে।

ডিএসইতে এদিন মোট ৩৮১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ১৯৪টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত ছিল ৫৬টির দর।

লেনদেনের পরিমাণেও ছিল উল্লেখযোগ্য বৃদ্ধি। বুধবার ডিএসইতে মোট ৮৪১ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে যার পরিমাণ ছিল ৬৭৫ কোটি ৭৩ লাখ টাকা। সে হিসাবে একদিনের ব্যবধানে লেনদেন বেড়েছে প্রায় ১৬৫ কোটি ৩৯ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ৪৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে সিএসইতে লেনদেন হয়েছিল ১৯ কোটি ৮২ লাখ টাকার।

সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২১০টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৭টির দর বেড়েছে, ৮৭টির কমেছে এবং ১৬টির দর অপরিবর্তিত ছিল।

দিন শেষে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৪ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬৭৮ দশমিক ৮৫ পয়েন্টে উন্নীত হয়েছে। আগের কার্যদিবসে সূচকটি ৩১ দশমিক ৭ পয়েন্ট বেড়েছিল।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে