ঢাকা, শনিবার, ২ মে ২০২৬

ইতিহাস গড়লেন বাংলাদেশের ডা. বাবর আলী

২০২৬ মে ০২ ১১:২৬:৫৪
ইতিহাস গড়লেন বাংলাদেশের ডা. বাবর আলী

নিজস্ব প্রতিবেদক: আট হাজার মিটার বা তার বেশি উচ্চতার পর্বত আরোহণ করে ইতিহাস গড়লেন বাংলাদেশি পর্বতারোহী ডা. বাবর আলী। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু জয় করেছেন।

বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে তিনি শিখরে পৌঁছান। অভিযানে তার সঙ্গে ছিলেন আং কামি শেরপা। ৮ হাজার ৪৮৫ মিটার (২৭,৮৩৮ ফুট) উচ্চতার এই শৃঙ্গটি “গ্রেট ব্ল্যাক ওয়ান” নামেও পরিচিত।

‘এক্সপিডিশন মাকালু: দ্য ফিফথ ফ্রন্টিয়ার’ শীর্ষক এই অভিযানের আয়োজন করে পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স। অভিযানের জন্য বাবর আলী ৭ এপ্রিল দেশ ছাড়েন এবং নেপালের টুমলিংটার হয়ে সেদুয়া গ্রামে পৌঁছান।

পরবর্তীতে ধাপে ধাপে তিনি উচ্চতার সাথে শরীরকে খাপ খাইয়ে নেন। ১৮ এপ্রিল বেসক্যাম্পে পৌঁছানোর পর ক্যাম্প-১ ও ক্যাম্প-২ হয়ে তিনি প্রায় ৭ হাজার মিটার উচ্চতায় পৌঁছান।

এরপর আবহাওয়া অনুকূলে এলে ৩০ এপ্রিল তিনি আবার অভিযানে ফিরে যান। ক্যাম্প-৩ থেকে মধ্যরাতে শিখরের উদ্দেশে যাত্রা শুরু করে টানা আরোহণ শেষে ভোরে মাকালু শিখরে পৌঁছান।

পর্বতারোহণে বাবর আলীর পথচলা শুরু ২০১৪ সালে। তিনি ২০১৭ সালে ভারতের নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন।

এর আগে তিনি ২০২২ সালে আমা দাবলাম, ২০২৪ সালে এভারেস্ট ও লোৎসে, ২০২৫ সালে অন্নপূর্ণা-১ এবং মানাসলু শৃঙ্গ জয় করেন। বিশেষ করে কৃত্রিম অক্সিজেন ছাড়া মানাসলু আরোহণ ছিল বাংলাদেশের জন্য প্রথম কোনো সাফল্য।

মাকালু জয়কে তিনি তার পাঁচটি আট হাজার মিটার উচ্চতার পর্বতের মধ্যে সর্বশেষ অর্জন হিসেবে যুক্ত করলেন।বিশেষজ্ঞরা বলছেন, এই অর্জন বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর



রে