ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ঝিনঝিনে হাত-পা অবহেলা করলে হতে পারে বড় সমস্যা

২০২৬ এপ্রিল ২৬ ১০:২৪:৫৯
ঝিনঝিনে হাত-পা অবহেলা করলে হতে পারে বড় সমস্যা

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘক্ষণ একই ভঙ্গিতে বসে থাকা বা শোয়ার পর হঠাৎ হাত-পায়ে ঝিনঝিন অনুভূতি হওয়া অনেকেরই পরিচিত সমস্যা। বেশিরভাগ মানুষ এটিকে সাময়িক ক্লান্তি বা ভুল ভঙ্গির ফল বলে এড়িয়ে যান। তবে এই সমস্যা যদি বারবার ঘটে, তাহলে তা শরীরের ভেতরের কোনো ঘাটতির সংকেত হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, বারবার হাত-পা ঝিনঝিন করা বা অসাড় হয়ে যাওয়া অনেক সময় ভিটামিন বি১২-এর ঘাটতির কারণে হয়ে থাকে। এটি ধীরে ধীরে স্নায়ুতন্ত্রের ক্ষতি করতে পারে।

শরীরকে একটি জটিল যন্ত্রের সঙ্গে তুলনা করা হয়। অতিরিক্ত চাপ বা পুষ্টির ঘাটতি হলে এই “যন্ত্র” সঠিকভাবে কাজ করতে পারে না। তাই শরীরের এমন সংকেতকে উপেক্ষা করা ঠিক নয়।

চিকিৎসকদের মতে, এই সমস্যা শুধু ক্লান্তির কারণে নয়, বরং স্নায়ুর দুর্বলতার লক্ষণও হতে পারে। ভারতীয় স্বাস্থ্য বিশেষজ্ঞ সতীশ খাদিলকর জানান, এটি এমন একটি ইঙ্গিত যা স্নায়ুর যত্ন নেওয়ার প্রয়োজনীয়তা বোঝায়।

ভিটামিন বি১২-এর সক্রিয় উপাদান মিথাইলকোবালামিন স্নায়ুর সুরক্ষামূলক স্তর “মায়োলিন শিথ” বজায় রাখতে সাহায্য করে। এই স্তর নষ্ট হলে স্নায়ুর সংকেত সঠিকভাবে কাজ করে না, ফলে ঝিনঝিন বা অসাড়তা দেখা দেয়।

বিশেষজ্ঞদের মতে, শুধু সাধারণ খাবার দিয়ে অনেক সময় এই ঘাটতি পূরণ হয় না। সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে ভিটামিন বি-কমপ্লেক্স সাপ্লিমেন্ট গ্রহণ করা প্রয়োজন হতে পারে।

ভিটামিন বি-কমপ্লেক্সের মধ্যে থাকা বি১, বি২, বি৩, বি৫, বি৬ এবং বি১২ স্নায়ুকে শক্তিশালী করতে সাহায্য করে এবং হাত-পায়ের ঝিনঝিন, ব্যথা ও দুর্বলতা কমায়।

এছাড়া ক্যাপসাইসিন, মেন্থল, ইউক্যালিপটাস ও কর্পূরযুক্ত ক্রিম সাময়িকভাবে ব্যথা ও জ্বালাপোড়া কমাতে সহায়তা করতে পারে।

চিকিৎসকরা বলছেন, শরীর সবসময় ছোট ছোট সংকেতের মাধ্যমে সমস্যার ইঙ্গিত দেয়। তাই এই ধরনের লক্ষণ দীর্ঘদিন চলতে থাকলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর



রে