ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
Sharenews24

বিসিএস সিলেবাস ‘ডিজিজ’; বিস্ফোরক মন্তব্য উপদেষ্টার

২০২৬ এপ্রিল ১৩ ১৭:৫৩:২৪
বিসিএস সিলেবাস ‘ডিজিজ’; বিস্ফোরক মন্তব্য উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: বিসিএস পরীক্ষার বর্তমান সিলেবাস ও কাঠামো নিয়ে সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, বর্তমান সিলেবাসে মুখস্থনির্ভরতার প্রবণতা বেশি, যা তরুণদের মেধা ও দক্ষতা বিকাশে বাধা সৃষ্টি করছে।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত “গ্রিডলক থেকে শাসনব্যবস্থার নবায়ন: বিপিএসসি সংস্কার প্রতিবেদন” শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, বিসিএস পরীক্ষার বর্তমান কাঠামোর কারণে দেশের অনেক তরুণ দীর্ঘ সময় ধরে একই পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত থাকছেন, যা তাদের উৎপাদনশীল জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। অনেক প্রার্থী শুরুতেই বুঝতে পারেন না যে এই পরীক্ষা তাদের জন্য উপযুক্ত কি না।

তিনি আরও বলেন, ১৯-২০ বছর বয়স থেকে শুরু করে ৩০ বছরের বেশি বয়স পর্যন্ত বারবার বিসিএস পরীক্ষা দেওয়ার প্রবণতা একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ প্রবণতাকে তিনি “ডিজিজ” বা একটি অসুস্থ সংস্কৃতি হিসেবে উল্লেখ করেন।

সমাধান হিসেবে তিনি বিসিএস পরীক্ষায় একটি কার্যকর স্ক্রিনিং বা অ্যাপটিটিউডভিত্তিক পদ্ধতি চালুর প্রস্তাব দেন। এর মাধ্যমে প্রার্থীরা অল্প সময়েই নিজেদের সক্ষমতা যাচাই করতে পারবেন এবং অযোগ্য বা অনুপযুক্ত প্রার্থীরা দ্রুত বিকল্প পেশার দিকে যেতে পারবেন।

তিনি বলেন, শুধু আংশিক পরিবর্তন নয়, প্রয়োজনে বিসিএস ব্যবস্থায় ‘সার্জারির মতো’ বড় ধরনের সংস্কার আনা উচিত। যদিও এ ধরনের পদক্ষেপ সাময়িকভাবে কঠিন হতে পারে, তবে দীর্ঘমেয়াদে তা ইতিবাচক ফল দেবে।

এ ক্ষেত্রে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন ও সরকারের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে