ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
Sharenews24

জনশক্তি রপ্তানিতে দুই মন্ত্রীর বাইরে সিন্ডিকেটে আরও প্রভাবশালী মুখ

২০২৬ এপ্রিল ০৩ ২১:১০:৫২
জনশক্তি রপ্তানিতে দুই মন্ত্রীর বাইরে সিন্ডিকেটে আরও প্রভাবশালী মুখ

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়াকে কেন্দ্র করে বিশাল অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি প্রভাবশালী সিন্ডিকেটের সন্ধান মিলেছে। অভিযোগ অনুযায়ী, প্রায় ১৫ জনের এই চক্রের নেতৃত্বে ছিলেন তৎকালীন সরকারের উচ্চপর্যায়ের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি।

এই ঘটনায় রিক্রুটিং এজেন্সি মেসার্স ইউনাইটেড এক্সপোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম রফিক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে নানা তথ্য প্রকাশ করেছেন। গত ডিসেম্বর মাসে দেওয়া তার জবানবন্দির ভিত্তিতে সিন্ডিকেট সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত জোরদার হয় এবং সম্প্রতি লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি রিমান্ডে থেকে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন বলে জানা গেছে।

এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে এ বিষয়ে একটি মামলা দায়ের হয়। মামলার পর জামিনে মুক্ত হয়ে এস এম রফিক স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জবানবন্দি দেন। সেই জবানবন্দির কপি গণমাধ্যমের হাতে এসেছে, যেখানে সাবেক সরকারের শীর্ষ ব্যক্তিদের সম্পৃক্ততার বিষয়ে বিস্তর তথ্য উঠে এসেছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, মাসুদ উদ্দিন চৌধুরীর প্রতিষ্ঠানের মাধ্যমে ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত প্রায় ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় পাঠানো হয়। প্রতিটি কর্মীর কাছ থেকে সরকার নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। দেশে প্রায় তিন হাজার রিক্রুটিং এজেন্সি থাকলেও মাত্র ১০৩টি এজেন্সিকে এই প্রক্রিয়ায় যুক্ত রাখা হয় এবং অন্যদের কার্যত বাইরে রাখা হয়।

জবানবন্দি অনুযায়ী, এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত ছিলেন সাবেক মন্ত্রী ইমরান আহমেদ, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক অর্থমন্ত্রী আ ফ ম মোস্তফা কামালসহ আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। এছাড়া সদস্যদের মধ্যে ছিলেন লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, দাতু আমিন, রুহুল আমিন স্বপন, সাবেক এমপি আলাউদ্দিন নাসিম, নিজাম হাজারী, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, ড. মনিরুস সালেহীন ও নূর আলী।

সিন্ডিকেটে অন্তর্ভুক্ত হতে আগ্রহীদের শুরুতেই প্রায় ১০ কোটি টাকা দিতে হতো বলে জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে। এই অর্থ সংগ্রহের দায়িত্বে ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী, রুহুল আমিন স্বপন, আমিনুল ইসলাম বিন আব্দুল নুর, আবুল বাসার নূর আলী ও দাতু আমিন।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে