ঢাকা, রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

জামায়াত ইস্যুতে নাটকীয় মোড়—বিবৃতিতে সব খুলে বললেন তনি

২০২৬ ফেব্রুয়ারি ২২ ১৫:৪৪:২০
জামায়াত ইস্যুতে নাটকীয় মোড়—বিবৃতিতে সব খুলে বললেন তনি

নিজস্ব প্রতিবেদক: ‘সচেতন নাগরিক সমাজ’ (সিসিএস) আয়োজিত সংবাদ সম্মেলনে পাঠ করা স্মারকলিপির বক্তব্য নিজের নয় বলে দাবি করেছেন সংগঠনটির সদস্যসচিব রোবাইয়াত ফাতিমা তনি। তিনি জানিয়েছেন, সংগঠনের আহ্বায়ক নীলা ইসরাফিল-এর অনুরোধেই তিনি লিখিত বক্তব্যটি গণমাধ্যমের সামনে পাঠ করেন।

গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতের নিবন্ধন বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো স্মারকলিপি পাঠ করেন তনি। সে সময় সংগঠনের আহ্বায়ক হিসেবে নীলা ইসরাফিল এবং সদস্যসচিব হিসেবে নিজের পরিচয় দেন তিনি।

তবে রোববার (২২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তনি বলেন, সংবাদ সম্মেলনটি নীলা ইসরাফিলের উদ্যোগে আয়োজন করা হয়েছিল। ব্যক্তিগত কারণে তিনি উপস্থিত থাকতে না পারায় তার সরাসরি অনুরোধে এবং তার স্বাক্ষরিত লিখিত স্মারকলিপি অনুযায়ী তিনি বক্তব্যটি পাঠ করেন।

বিবৃতিতে তনি স্পষ্ট করেন, স্মারকলিপিটি সম্পূর্ণরূপে নীলা ইসরাফিল ও সংশ্লিষ্ট সংগঠনের অবস্থানের ভিত্তিতে প্রস্তুত। তিনি এর রচয়িতা নন এবং ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো চিঠি দেননি। বক্তব্য পাঠ করা ছিল কেবল একটি আনুষ্ঠানিক দায়িত্ব পালন।

সংবাদ সম্মেলনের পর থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন তনি। তার দাবি, তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার ভয়ভীতি, সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও কুরুচিপূর্ণ প্রচার, সংগঠিত অনলাইন বুলিং ও ট্রলিংয়ের শিকার হতে হচ্ছে।

তিনি অভিযোগ করেন, তার ব্যক্তিগত জীবন ও সামাজিক অবস্থান ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে শত শত ভিডিও ও কনটেন্ট তৈরি ও প্রচার করা হয়েছে। এতে তার ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।

রোবাইয়াত ফাতিমা তনি জানিয়েছেন, যারা প্রাণনাশের হুমকি দিয়েছেন বা মানহানিকর তথ্য ছড়িয়েছেন, তাদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও ফৌজদারি মামলা দায়ের করা হবে। প্রয়োজ্য সাইবার আইন ও দণ্ডবিধির ধারায় কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তনি বলেন, গণতান্ত্রিক সমাজে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু প্রাণনাশের হুমকি ও সংগঠিত অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে এসব কার্যক্রম বন্ধ না হলে নিজের জীবন, সম্মান ও নিরাপত্তা রক্ষার্থে সর্বোচ্চ কঠোর আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে