ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
Sharenews24

ভোট দিয়েই না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা

২০২৬ ফেব্রুয়ারি ১২ ১৪:৩৮:৪৯
ভোট দিয়েই না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা

নিজস্ব প্রতিবেদক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তিনু করিম আর নেই। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নিজ এলাকায় ভোটাধিকার প্রয়োগের পর বাসায় ফিরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বন্ধু, অভিনেতা ও শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

জানা গেছে, সকালে ভোট দিয়ে বাসায় ফেরার কিছুক্ষণের মধ্যেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপরই তিনি ইন্তেকাল করেন।

এর আগে গত নভেম্বরে অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন তিনু করিম। ২৪ নভেম্বর থেকে চিকিৎসাধীন থাকার পর ৩ ডিসেম্বর অবস্থার অবনতি হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তিনি বরিশালে নিজ বাসায় ফিরে যান।

ফেসবুকে শোক প্রকাশ করে রাশেদ মামুন অপু লেখেন,“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অভিনেতা তিনু করিম কিছুক্ষণ আগে ইন্তেকাল করলেন। সুস্থ হয়ে বাড়ি (বরিশাল) গেল। আজকে ভোট দিয়ে বাসায় আসার পরপরই... তোর সুস্থতার জন্য আমাদের সবার মিলিত যুদ্ধটা যখন উদযাপন করব ভাবলাম, সেই সুযোগটাই তুই দিলি না বন্ধু।”

তিনু করিম স্ত্রী হুমায়রা নওশিন ও ১১ বছর বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন।

দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ২০০১ সালে ‘সাক্ষর’ নাটকের মাধ্যমে টেলিভিশনে অভিষেক ঘটে তাঁর। পরে ২০১০ সালে ‘অপেক্ষা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন। ‘রাত জাগা ফুল’ ও ‘আলতা বানু’সহ অসংখ্য নাটক, চলচ্চিত্র ও বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন।

নাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে