×
ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

ঢাকার নতুন সিদ্ধান্ত, শেখ হাসিনা দিল্লিতেই গ্রেফতার হবেন

২০২৬ নভেম্বর ২৮ ১৪:৪২:৩০
ঢাকার নতুন সিদ্ধান্ত, শেখ হাসিনা দিল্লিতেই গ্রেফতার হবেন

নিজস্ব প্রতিবেদক: বিদেশে অবস্থিত বাংলাদেশের কোনো দূতাবাস বা হাইকমিশনে প্রবেশ করলেই কি মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা সম্ভব? পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের এক মন্তব্যের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে আন্তর্জাতিক আইন বলছে, বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনকে সরাসরি বাংলাদেশের ভূখণ্ড হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। ফলে সেখানে প্রবেশ করলেই স্বয়ংক্রিয়ভাবে কাউকে গ্রেপ্তার করার কোনো ব্যবস্থা নেই।

সম্প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মন্তব্য করেন, শেখ হাসিনা বিদেশে অবস্থিত বাংলাদেশের ৮৪টি কূটনৈতিক মিশনের যেকোনো একটিতে প্রবেশ করলে সেটিকে বাংলাদেশের ভূখণ্ড হিসেবে বিবেচনা করে তাঁকে গ্রেপ্তার করা হবে। তাঁর এই বক্তব্যের পর দূতাবাসের আইনি অবস্থান এবং সেখানে কাউকে আটক করার ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।

আলোচনার পেছনে রয়েছে বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনাসংক্রান্ত খবর। তাঁর এক মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। এ জন্য তিনি বাতিল হয়ে যাওয়া পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফেরত চাওয়ার পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইনসে দেশে ফেরার ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় তাঁর দেশে ফেরার ক্ষেত্রে বড় আইনি বাধা হিসেবে রয়েছে।

১৯৬১ সালের ‘ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোমেটিক রিলেশনস’ অনুযায়ী, বিদেশে অবস্থিত কোনো দেশের দূতাবাস বা হাইকমিশন আক্ষরিক অর্থে সেই দেশের সার্বভৌম ভূখণ্ড নয়। বরং কূটনৈতিক মিশনের প্রাঙ্গণ বিশেষ সুরক্ষা ও আইনি সুবিধা ভোগ করে।

কনভেনশন অনুযায়ী, স্বাগতিক দেশের কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কূটনৈতিক মিশনের প্রধানের সম্মতি ছাড়া সাধারণত সেখানে প্রবেশ করতে পারে না। দূতাবাসের নিরাপত্তা ও কার্যক্রম সুরক্ষিত রাখার জন্য এ ধরনের বিধান রাখা হয়েছে। তবে এই বিশেষ সুরক্ষার অর্থ এই নয় যে, দূতাবাস একটি স্বাধীন ভূখণ্ড বা সেখানে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বাগতিক দেশের অনুমতি ছাড়াই যেকোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে যেতে পারবে।

বিষয়টি নিয়ে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ড. রায়হান রশিদ বলেছেন, ভিয়েনা কনভেনশনে কোনো দূতাবাসকে কাউকে গ্রেপ্তার করার ক্ষমতা দেওয়া হয়নি। অর্থাৎ দূতাবাসের বিশেষ কূটনৈতিক মর্যাদা থাকলেও সেটি নিজস্বভাবে গ্রেপ্তারি ক্ষমতার উৎস নয়।

সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমানের মতে, দূতাবাসের ভেতরে কাউকে আটক রাখা হলেও স্বাগতিক দেশ, অর্থাৎ ভারতের সহযোগিতা ছাড়া তাঁকে সেখান থেকে বের করে বাংলাদেশে নিয়ে আসা কার্যত অসম্ভব।

আইনি ও কূটনৈতিক বাস্তবতায় দিল্লিতে শেখ হাসিনাকে আটক করা কিংবা বাংলাদেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেবল বাংলাদেশের হাইকমিশনে প্রবেশ করলেই তাঁকে স্বয়ংক্রিয়ভাবে গ্রেপ্তার করা যাবে—এমন কোনো সরল আইনি ব্যবস্থা নেই।

এ ক্ষেত্রে ভারতের সম্মতি, ঢাকা-দিল্লির কূটনৈতিক সম্পর্ক এবং দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির বিধান ও প্রয়োগ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

সব মিলিয়ে, বিদেশে বাংলাদেশের দূতাবাস বা হাইকমিশনে প্রবেশ করলেই শেখ হাসিনাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা সম্ভব—এমন ধারণার আইনি ভিত্তি নেই। কূটনৈতিক মিশনের বিশেষ মর্যাদা এবং কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনার ক্ষমতা এক বিষয় নয়। তাই দিল্লির বাংলাদেশ হাইকমিশন ঘিরে তৈরি হওয়া আলোচনা শেষ পর্যন্ত ভারতের সহযোগিতা ও দুই দেশের কূটনৈতিক সিদ্ধান্তের ওপরই নির্ভর করবে।

আয়মান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে