×
ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

সোনালী-জনতাসহ ৬ ব্যাংক নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য

২০২৬ নভেম্বর ২৭ ১২:১৬:৩৮
সোনালী-জনতাসহ ৬ ব্যাংক নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে দিন দিন বাড়ছে আমানতের পরিমাণ। সাধারণ মানুষের জমা রাখা অর্থে ব্যাংকগুলোর তহবিল সমৃদ্ধ হলেও সেই অর্থের বড় অংশ ব্যবসায়ীদের ঋণ হিসেবে বিতরণ করা যাচ্ছে না। ফলে ব্যাংকে বিপুল অর্থ অলস পড়ে থাকছে, অন্যদিকে প্রয়োজনীয় অর্থায়ন না পেয়ে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে বাধার মুখে পড়ছেন উদ্যোক্তারা।

বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংক—সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের সম্মিলিত ঋণ-আমানত অনুপাত বা এডিআর বর্তমানে প্রায় ৬০ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, প্রচলিত ধারার ব্যাংকগুলো প্রতি ১০০ টাকা আমানতের বিপরীতে সর্বোচ্চ ৮৫ টাকা পর্যন্ত ঋণ দিতে পারে। অথচ সরকারি ব্যাংকগুলো গড়ে প্রতি ১০০ টাকা আমানতের বিপরীতে ঋণ দিচ্ছে মাত্র ৬০ টাকা।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের তথ্য অনুযায়ী, এক বছরে রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকে আমানত বেড়েছে প্রায় ৫১ হাজার ৭০০ কোটি টাকা। কিন্তু একই সময়ে ঋণ বেড়েছে মাত্র ৩ হাজার কোটি টাকা। গত জুন শেষে আগের বছরের একই সময়ের তুলনায় ব্যাংকগুলোর আমানত প্রায় ১১ শতাংশ বাড়লেও ঋণ বৃদ্ধির হার ছিল ১ শতাংশেরও কম।

এতে স্পষ্ট হচ্ছে, আমানত সংগ্রহে অগ্রগতি থাকলেও ঋণ বিতরণে সেই তুলনায় গতি নেই। ফলে ব্যাংকগুলোর হাতে থাকা অর্থ উৎপাদনশীল খাতে ব্যবহারের সুযোগ পুরোপুরি কাজে লাগছে না।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর শেষে রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের মোট ঋণের পরিমাণ ছিল ৩ লাখ ২৮ হাজার ৮০৬ কোটি টাকা। চলতি বছরের জুন শেষে তা কমে দাঁড়িয়েছে প্রায় ৩ লাখ ২২ হাজার ৭০০ কোটি টাকায়। অর্থাৎ মাত্র ছয় মাসে ঋণের পরিমাণ কমেছে প্রায় ৬ হাজার ১০৬ কোটি টাকা বা ১ দশমিক ৮৫ শতাংশ।

ব্যাংকভেদেও ঋণ-আমানত অনুপাতে বড় পার্থক্য রয়েছে। সোনালী ব্যাংকের এডিআর সবচেয়ে কম, মাত্র ৪৮ শতাংশ। গত ডিসেম্বরে ব্যাংকটির এডিআর ছিল ৫৮ শতাংশ। অন্যদিকে, জনতা ব্যাংকের এডিআর সবচেয়ে বেশি, ৮১ শতাংশ।

অর্থাৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে কোনো কোনো ব্যাংক আমানতের তুলনায় অনেক কম ঋণ বিতরণ করছে, আবার কোনো ব্যাংকের ঋণ-আমানত অনুপাত তুলনামূলক বেশি।

অর্থনীতিবিদদের মতে, সাধারণ মানুষের আস্থা এবং দেশজুড়ে বিস্তৃত শাখা নেটওয়ার্কের কারণে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে আমানত বেশি জমা হয়। তবে ঋণ নেওয়ার ক্ষেত্রে বড় ব্যবসায়ীদের একটি অংশ বেসরকারি ব্যাংকের দিকে ঝুঁকছেন। দ্রুত সেবা, সিদ্ধান্ত গ্রহণের গতি এবং তুলনামূলক নমনীয়তার কারণে তারা বেসরকারি ব্যাংককে বেশি সুবিধাজনক মনে করছেন।

ফলে সরকারি ব্যাংকগুলোতে পর্যাপ্ত অর্থ থাকলেও তা ব্যবসায়ীদের প্রয়োজন অনুযায়ী ঋণ হিসেবে বিতরণ হচ্ছে না। এতে নতুন বিনিয়োগ, শিল্প সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনাও বাধাগ্রস্ত হতে পারে।

অর্থনীতিবিদরা বলছেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর আমানতকে কার্যকর বিনিয়োগে রূপ দিতে হলে ঋণ বিতরণ ব্যবস্থায় দক্ষতা বাড়াতে হবে। পাশাপাশি ঋণসেবার পরিধি সম্প্রসারণ, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং ব্যবসায়ীদের প্রয়োজন অনুযায়ী ব্যাংকিং সেবা নিশ্চিত করা জরুরি।

তাদের মতে, শুধু আমানত সংগ্রহ করলেই ব্যাংকের ভূমিকা শেষ হয় না। সেই অর্থ উৎপাদনশীল খাতে বিনিয়োগের মাধ্যমে অর্থনীতিতে প্রবাহিত করতে হবে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারলে ব্যবসায়ীদের অর্থায়ন সংকট কমার পাশাপাশি সামগ্রিক অর্থনীতিতেও গতি ফিরতে পারে।

খাওলা/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর

উ
প
রে