×
ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর সফরের আগে আমির হামজার বিস্ফোরক বক্তব্য

২০২৬ নভেম্বর ২৭ ১১:০৩:৫১
প্রধানমন্ত্রীর সফরের আগে আমির হামজার বিস্ফোরক বক্তব্য

নিজস্ব প্রতিবেদক: আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফরের সময় জেলার সাম্প্রতিক হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের নাম তাঁর কাছে তুলে ধরবেন বলে জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা। এ ঘটনায় বিএনপি নেতাদের জড়িত থাকার অভিযোগও করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া শহরের ঢাকারোডসংলগ্ন হাজী শরীয়তুল্লাহ এতিমখানায় জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আমির হামজা।

বুধবার (২৫ নভেম্বর) রাতে কুষ্টিয়া শহরের ১৫ নম্বর ওয়ার্ডে জামায়াতের রোকন শাজাহান আলীর বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক এবং জামায়াতের রোকন ও ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী শাজাহান আলী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আমির হামজা বলেন, ‘আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় আসছেন। ওই দিন প্রধানমন্ত্রীকে সব বলে দেব। হঠাৎ করে এই ঘটনাটা কারা ঘটিয়েছে, অবশ্যই তাদের খোঁজখবর নেব। উনি (প্রধানমন্ত্রী) আসলে আমি যাব, ওনার সামনে ওনাদের (বিএনপি নেতাদের) নাম ধরে বলব, এই কাজগুলো এরা ঘটিয়েছে।’

শাজাহান আলীর বিরুদ্ধে বালুঘাট থেকে চাঁদা আদায়ের অভিযোগ প্রসঙ্গে আমির হামজা বলেন, একটি ভিডিওতে তিনি এ ধরনের অভিযোগ শুনেছেন। তবে জামায়াতে ইসলামী আদর্শের ভিত্তিতে রাজনীতি করে উল্লেখ করে তিনি দাবি করেন, দলটি মিথ্যা মামলা বাণিজ্য, চাঁদাবাজি কিংবা মানুষকে ঠকানোর রাজনীতি করে না।

তিনি আরও বলেন, জামায়াতকে হেয় করতে দীর্ঘদিন ধরে নানা ধরনের বয়ান তৈরির চেষ্টা হয়েছে, এখনো হচ্ছে। তবে এসব প্রচেষ্টা সফল হচ্ছে না।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এই সংসদ সদস্য। তাঁর দাবি, শুধু কুষ্টিয়ায় নয়, দেশের কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই। গত ৫৫ বছরের মধ্যে পরিস্থিতি সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে বলেও মন্তব্য করেন তিনি।

কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) ব্যর্থ আখ্যা দিয়ে আমির হামজা বলেন, প্রশাসনের হাতে যেন কিছুই নেই। জনগণের করের টাকায় কর্মকর্তাদের বেতন দেওয়ার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কাছে এসব বিষয় তুলে ধরবেন বলে জানান।

কারাগারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ জানিয়ে তিনি বলেন, কুষ্টিয়ার কোনো জায়গাই এখন নিরাপদ নয়। দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, এভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে থাকলে মানুষের বাড়িঘর, জানমাল ও সম্মান কোনো কিছুই নিরাপদ থাকবে না।

সংবাদ সম্মেলনে শাজাহান আলী অভিযোগ করেন, বালুবোঝাই ডাম্প ট্রাক চলাচলের কারণে সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর প্রতিবাদ করায় বিএনপির নেতা-কর্মীরা তাঁর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুলিবর্ষণ করেছেন। এ সময় তাঁদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরাও ছিলেন বলে দাবি করেন তিনি। এ ঘটনায় থানায় হত্যাচেষ্টা মামলা করবেন বলেও জানান শাজাহান আলী।

এদিকে প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফরকে স্বাগত জানিয়েছেন আমির হামজা। তিনি বলেন, প্রধানমন্ত্রী দল-মতনির্বিশেষে সবার। তাঁর সফর ঘিরে কুষ্টিয়ায় উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সাজসজ্জার কাজ চলছে। প্রধানমন্ত্রী যেসব প্রকল্প উদ্বোধন করবেন, সেগুলোকেও স্বাগত জানান তিনি।

তবে আওয়ামী লীগ প্রসঙ্গে বিএনপির অবস্থানের সমালোচনা করেন এই সংসদ সদস্য। তাঁর অভিযোগ, সংসদে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেও স্থানীয় পর্যায়ে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের চলাফেরার ঘটনা রয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্য ও বাস্তবতার মধ্যে মিল নেই বলেও মন্তব্য করেন তিনি।

খাওলা/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে