×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: মনোনয়ন দৌড়ে চাপে জাহাঙ্গীর মোল্লা

২০২৬ নভেম্বর ২৬ ১৯:৫৯:০৪
কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: মনোনয়ন দৌড়ে চাপে জাহাঙ্গীর মোল্লা

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের আসন্ন উপনির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াতে শুরু করেছে। বিশেষ করে বিএনপির দলীয় মনোনয়ন কে পাচ্ছেন, তা নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ ও আলোচনা। স্থানীয় রাজনৈতিক মহল ও দলীয় সূত্রগুলোর ভাষ্যমতে, এই মনোনয়ন দৌড়ে জেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম মোল্লার নাম সামনে আসার পর থেকেই দলের ভেতরে ও বাইরে তীব্র সমালোচনা এবং মেরুকরণ শুরু হয়েছে। গুঞ্জন রয়েছে, প্রতিমন্ত্রী শরিফুল আলম এমপির প্রত্যক্ষ তৎপরতায় জাহাঙ্গীর মোল্লাকে মনোনয়ন পাইয়ে দেওয়ার চেষ্টা চলছে। তবে তাঁর অতীত রাজনৈতিক নিষ্ক্রিয়তা, বিগত সরকারের প্রভাবশালীদের সঙ্গে সখ্য এবং নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করছেন তৃণমূলের নেতাকর্মীরা।

তৃণমূল পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের দাবি, অতীতেও জাহাঙ্গীর মোল্লার সাংগঠনিক ও নির্বাচনী কর্মকাণ্ড নিয়ে নানা প্রশ্ন ছিল। গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে সমালোচকরা জানান, সে সময় মনোনয়নপ্রত্যাশী হয়েও নানা বিতর্কের মুখে তিনি ছিটকে পড়েছিলেন এবং পরবর্তীতে জনমতের চাপে ড. ওসমান ফারুক দলীয় মনোনয়ন পেয়ে বিজয়ী হন। সমালোচকদের অভিযোগ, ওই নির্বাচনের সময় জাহাঙ্গীর মোল্লাকে ব্যবহার করে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থী ড. ওসমান ফারুকের বিরুদ্ধে বক্তব্য দেওয়ানো হয়েছিল, যা সাধারণ ভোটার ও নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে। এর আগে ২০০৮ সালের জাতীয় নির্বাচনে বড় ব্যবধানে পরাজয়ের পর থেকে করিমগঞ্জ-তাড়াইলের মাঠের রাজনীতি থেকে তিনি কার্যত বিচ্ছিন্ন ছিলেন বলেও অভিযোগ রয়েছে। এমনকি একসময় করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির দায়িত্বে থাকলেও অদক্ষতা, চাঁদাবাজি ও নানা অনিয়মের অভিযোগে তাঁকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল বলে স্থানীয় সূত্রগুলো উল্লেখ করেছে।

রাজপথে নিষ্ক্রিয় থাকার পাশাপাশি বিগত সরকারের আমলে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রভাবশালী মহলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে ব্যক্তিগত ও ব্যবসায়িক সুবিধা নেওয়ার অভিযোগও তুলেছেন স্থানীয় নেতাকর্মীরা। তাঁদের ভাষ্যমতে, বিগত ১৫ বছর এবং বিশেষ করে ৫ আগস্টের আগের সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে রাজপথে জাহাঙ্গীর মোল্লার কোনো সক্রিয় ভূমিকা দেখা যায়নি। বরং আলোচিত সাবেক ডিবি কর্মকর্তা হারুন অর রশিদের কার্যালয়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তাঁর ইফতারে অংশ নেওয়ার একটি ছবি সম্প্রতি স্থানীয় রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। এ ছাড়া ৫ আগস্টের পটপরিবর্তনের পর মামলা ও জামিন-বাণিজ্য সংক্রান্ত অনৈতিক লেনদেনের সঙ্গেও তাঁর নাম জড়িয়ে জেলাজুড়ে নানা আলোচনা-সমালোচনা চলছে বলে স্থানীয় সূত্রগুলো দাবি করেছে।

এদিকে, বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের সঙ্গে জাহাঙ্গীর মোল্লার ঘনিষ্ঠতার বিষয়টিও তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে অস্বস্তি বাড়িয়েছে। সম্প্রতি দুজনের একসঙ্গে থাকা ছবি প্রকাশ্যে আসার পর এ নিয়ে ক্ষোভ আরও দানা বাঁধে। স্থানীয় সূত্রগুলোর দাবি, আখতারুজ্জামান রঞ্জনের মালিকানাধীন ‘গচিহাটা ফিসারিজ’-এর দায়িত্ব পালনের পাশাপাশি সেখান থেকে প্রতি মাসে মোটা অঙ্কের আর্থিক সুবিধা নিতেন জাহাঙ্গীর মোল্লা।

সব মিলিয়ে, কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে মনোনয়ন ও আধিপত্যের লড়াই এখন জেলা রাজনীতির সবচেয়ে আলোচিত বিষয়ে পরিণত হয়েছে। তৃণমূলের নেতাকর্মীদের আশঙ্কা, অতীতের এতসব বিতর্ক ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ থাকা সত্ত্বেও জাহাঙ্গীর মোল্লাকে দলীয় মনোনয়ন দেওয়া হলে উপনির্বাচনে বিএনপির ভাবমূর্তি ও ভোটের সমীকরণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। একই সঙ্গে জেলা রাজনীতিতে প্রতিমন্ত্রী শরিফুল আলমের একক প্রভাব বিস্তারের চেষ্টাকে ঘিরেও দলের অভ্যন্তরে পাল্টা অবস্থান ও অসন্তোষ তৈরি হচ্ছে বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

সিরাজ/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে