×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জকে হাতে নয় এ যেন ভাতে মারার কৌশল

২০২৬ নভেম্বর ২৬ ১৭:৫৮:৩৭
গোপালগঞ্জকে হাতে নয় এ যেন ভাতে মারার কৌশল

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর হয়ে চলাচলকারী ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ও ‘রূপসী বাংলা এক্সপ্রেস’ সাময়িকভাবে স্থগিত করে বিকল্প রুটে নতুন এক জোড়া ট্রেন চালুর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল। প্রস্তাবিত নতুন ট্রেনের নাম ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’। এটি চালু হলে খুলনা-ঢাকা রুটে রেল যোগাযোগ সচল রাখা সম্ভব হলেও গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুরের যাত্রীরা সরাসরি আন্তঃনগর ট্রেনসেবা থেকে বঞ্চিত হতে পারেন।

গত বুধবার (২৫ নভেম্বর) পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্টের কার্যালয় থেকে এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হয়।

রেলওয়ের চিঠিতে বলা হয়েছে, পারিপার্শ্বিক পরিস্থিতি এবং যাত্রী ও রেলওয়ের নিরাপত্তার স্বার্থে গত ১৯ নভেম্বর থেকে ৮২৫/৮২৬ নম্বর জাহানাবাদ এক্সপ্রেস এবং ৮২৭/৮২৮ নম্বর রূপসী বাংলা এক্সপ্রেসের নিয়মিত যাত্রা প্রতিদিন বাতিল করা হচ্ছে।

এর ফলে আগে থেকে টিকিট কাটা যাত্রীদের টাকা ফেরত দিতে হচ্ছে। এতে যাত্রীদের ভোগান্তি ও বিভ্রান্তি বাড়ার পাশাপাশি রেলওয়ের পরিচালনাগত জটিলতা এবং আর্থিক ক্ষতি হচ্ছে।

এই পরিস্থিতি মোকাবিলায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুরোনো ট্রেন দুটির বিদ্যমান রেক বা কোচ ও সংশ্লিষ্ট সরঞ্জাম ব্যবহার করে খুলনা-ঢাকা-খুলনা রুটে ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’ চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

রেলওয়ের মতে, নতুন এই ট্রেন চালু হলে খুলনার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক রাখা, আর্থিক ক্ষতি কমানো এবং বিদ্যমান ট্রেনের কোচ ও সরঞ্জামের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।

খুলনা থেকে ছাড়বে সকাল ৮টায়, ঢাকা থেকে বিকেল ৪টা ১০ মিনিটে

প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, ২০০০৩ নম্বর ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’ খুলনা থেকে সকাল ৮টায় ছেড়ে বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। এতে খুলনা থেকে ঢাকায় যেতে সময় লাগবে প্রায় ৭ ঘণ্টা ১০ মিনিট।

অন্যদিকে, ২০০০৪ নম্বর ট্রেনটি ঢাকা থেকে বিকেল ৪টা ১০ মিনিটে ছেড়ে রাত ১১টা ৩৫ মিনিটে খুলনায় পৌঁছানোর প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবিত ট্রেন দুটি উভয় পথে ১৫টি স্টেশনে যাত্রাবিরতি করবে। স্টেশনগুলো হলো—দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা হল্ট, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা।

কাশিয়ানী-মুকসুদপুরের যাত্রীদের ভোগান্তির আশঙ্কা

নতুন রুটের পরিকল্পনা বাস্তবায়িত হলে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর এলাকার যাত্রীদের ওপর। কারণ বিকল্প রুটে ট্রেন চালু হলে জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেস আর এই দুই স্টেশন দিয়ে চলাচল করবে না।

এতে স্থানীয় শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী এবং জরুরি প্রয়োজনে ঢাকায় যাতায়াত করা মানুষ পরিচিত স্টেশন থেকে সরাসরি আন্তঃনগর ট্রেনে ওঠার সুযোগ হারাতে পারেন। তাঁদের বিকল্প পরিবহনের ওপর নির্ভর করতে হতে পারে।

এদিকে, নতুন ট্রেন দুটির টিকিট যাত্রার তিন দিন আগে থেকে বিক্রির ব্যবস্থা রাখার সুপারিশ করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে।

তবে পুরো পরিকল্পনাটি এখনো প্রস্তাবের পর্যায়ে রয়েছে। বাংলাদেশ রেলওয়ের চূড়ান্ত অনুমোদনের পরই নতুন ট্রেন চালুর তারিখ, টিকিট বিক্রির পদ্ধতি, আসনসংখ্যা ও ভাড়া সম্পর্কে বিস্তারিত জানা যাবে। পাশাপাশি পুরোনো ট্রেন দুটি কত দিন স্থগিত থাকবে এবং ভবিষ্যতে আগের রুটে ফিরবে কি না, সেটিও এখনো নিশ্চিত নয়।

খাওলা/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে