×
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

শেয়ারবাজার থেকে বিদেশিরা তুলে নিল প্রায় ১০ হাজার কোটি টাকা

২০২৬ নভেম্বর ২৬ ১৭:১২:১৩
শেয়ারবাজার থেকে বিদেশিরা তুলে নিল প্রায় ১০ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ ক্রমেই সংকুচিত হচ্ছে। নতুন করে বিনিয়োগের আগ্রহ দেখানোর পরিবর্তে বিদ্যমান পুঁজি তুলে নেওয়ার দিকেই বেশি ঝুঁকছেন তারা। গত প্রায় ৯ বছরে শেয়ার কেনার তুলনায় বিক্রি করেছেন প্রায় দেড় গুণ। আলোচ্য সময়ে শেয়ারবাজার থেকে তাদের নিট পুঁজি প্রত্যাহারের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১০ হাজার কোটি টাকা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, করোনা মহামারীর সময় শেয়ারের সর্বনিম্ন দর বেঁধে দিয়ে ফ্লোর প্রাইস আরোপের পর বিদেশিদের বিনিয়োগ প্রত্যাহারের প্রবণতা তীব্র হয়। পরবর্তী সময়ে সেই ব্যবস্থা পুরোপুরি তুলে নেওয়া হলেও বিদেশি বিনিয়োগকারীদের আস্থা আর আগের অবস্থায় ফেরেনি। বরং ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং দেশের রাজনৈতিক অস্থিরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ফলে শুধু বিদেশি পুঁজিই বাজার থেকে বেরিয়ে যাচ্ছে না, তাদের ধারাবাহিক বিক্রি দেশীয় বিনিয়োগকারীদের মনোবলেও নেতিবাচক প্রভাব ফেলছে।

বাজারসংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, বিদেশি বিনিয়োগকারীদের উপস্থিতি কোনো শেয়ারবাজারের জন্য কেবল লেনদেন বাড়ানোর বিষয় নয়। তাদের অংশগ্রহণের ফলে ভালো মৌলভিত্তির কোম্পানিতে দীর্ঘমেয়াদি বিনিয়োগের সুযোগ তৈরি হয়, বাজারে তারল্য বাড়ে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের শেয়ারবাজারের গ্রহণযোগ্যতাও শক্তিশালী হয়। কিন্তু দীর্ঘদিন ধরে বিদেশি বিনিয়োগকারীদের নিট বিক্রেতা হিসেবে অবস্থান বাজারের জন্য অশনিসংকেত। এ পরিস্থিতিতে নতুন বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার পাশাপাশি যারা এখনো বাজারে রয়েছেন, তাদের বিনিয়োগ ধরে রাখাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ২০১৮ সাল থেকে চলতি ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত বিদেশি বিনিয়োগকারীরা মোট ৩১ হাজার ৫৩৮ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার বিক্রি করেছেন। একই সময়ে তাদের শেয়ার কেনার পরিমাণ ছিল ২১ হাজার ৬১৭ কোটি ৪৩ লাখ টাকা। অর্থাৎ কেনার তুলনায় বিক্রি বেশি হয়েছে ৯ হাজার ৯২১ কোটি ৬ লাখ টাকার। প্রায় নয় বছরের এই চিত্রে দেশের শেয়ারবাজার থেকে বিদেশি বিনিয়োগকারীদের ধারাবাহিকভাবে পুঁজি সরিয়ে নেওয়ার প্রবণতা স্পষ্ট হয়ে উঠেছে।

বিদেশিদের এই বিক্রির পেছনে টাকার অবমূল্যায়ন এবং ফ্লোর প্রাইস আরোপকে অন্যতম কারণ হিসেবে দেখছেন ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন। তাঁর মতে, ফ্লোর প্রাইসের মাধ্যমে বাজারের স্বাভাবিক লেনদেন ব্যবস্থায় বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল। এতে বিদেশি বিনিয়োগকারীরা চাইলেও নিজেদের প্রয়োজন অনুযায়ী শেয়ার বিক্রি করতে পারেননি। দীর্ঘ সময় বিনিয়োগ আটকে থাকায় বাংলাদেশের বাজার সম্পর্কে তাদের নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে আবারও এ ধরনের নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা চালু হতে পারে, এমন আশঙ্কাও বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে রয়ে গেছে বলে মনে করেন তিনি।

বিদেশি বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে অবশ্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার ও শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর অংশ হিসেবে সম্প্রতি বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পরিশোধের নিয়ম সহজ করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে দ্বৈত কর পরিহার চুক্তি বা ডিটিএ সনদ পাওয়ার পরবর্তী ৩০ দিনের মধ্যে বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পরিশোধ করতে হবে। এ ছাড়া বিদেশিদের বিনিয়োগ ও অর্থ প্রত্যাবাসন প্রক্রিয়া সহজ করতে নন-রেসিডেন্ট ইনভেস্টরস টাকা অ্যাকাউন্টের (এনআইটিএ) নিয়মেও পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে ফ্লোর প্রাইস পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি বিও হিসাব খোলার প্রক্রিয়া ডিজিটাল করা এবং বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের জন্য বিশেষ অনবোর্ডিং পোর্টাল চালুর সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

ডিএসইর তথ্য পর্যালোচনায় আরও দেখা যায়, ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত টানা পাঁচ বছর বিদেশি বিনিয়োগকারীরা বড় অঙ্কের নিট বিক্রি করেছেন। এ সময়ে তারা ১৫ হাজার ৩৮৭ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার কিনলেও বিক্রি করেছেন ২৩ হাজার ৩৭৪ কোটি ৫০ লাখ টাকার। ফলে পাঁচ বছরে তাদের নিট বিক্রির পরিমাণ দাঁড়ায় ৭ হাজার ৯৮৬ কোটি ৭৪ লাখ টাকা। তবে ২০২৩ সালে এসে এ প্রবণতায় সাময়িক পরিবর্তন দেখা যায়। ওই বছর বিদেশিরা ১ হাজার ১১৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার কেনার বিপরীতে বিক্রি করেন ১ হাজার ৫১ কোটি ৪৫ লাখ টাকার। এতে তারা নিট বিক্রেতা না হয়ে নিট ক্রেতায় পরিণত হন। ওই বছর তাদের নিট কেনার পরিমাণ ছিল ৬৪ কোটি ৪৮ লাখ টাকা।

কিন্তু বিদেশিদের এই ইতিবাচক অবস্থান দীর্ঘস্থায়ী হয়নি। ২০২৪ সালেই আবারও নিট বিক্রির ধারায় ফিরে যান তারা। ওই বছর ১ হাজার ৬৮৩ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার কেনার বিপরীতে বিক্রি করেন ১ হাজার ৯৫৫ কোটি ৪৩ লাখ টাকার। এতে নিট বিক্রির পরিমাণ দাঁড়ায় ২৭১ কোটি ৫৭ লাখ টাকা। পরের বছর অর্থাৎ ২০২৫ সালে বিদেশিরা ১ হাজার ৮২৫ কোটি ৮ লাখ টাকার শেয়ার কেনেন। বিপরীতে বিক্রি করেন ২ হাজার ৯৫ কোটি ৩৪ লাখ টাকার। ফলে ওই বছরও তাদের নিট বিক্রি ছিল ২৭০ কোটি ২৭ লাখ টাকা।

চলতি বছর বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপ আরও বেড়েছে। ডিএসইর হিসাবে, ২০২৬ সালের প্রথম ১০ মাসে তারা ১ হাজার ৬০৪ কোটি ৮০ লাখ টাকার শেয়ার কিনেছেন। অন্যদিকে বিক্রি করেছেন ৩ হাজার ৬১ কোটি ৭৭ লাখ টাকার। এতে চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত তাদের নিট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৪৫৬ কোটি ৯৬ লাখ টাকা। অর্থাৎ ২০২৪ ও ২০২৫ সালের সম্মিলিত নিট বিক্রির তুলনায় চলতি বছরের প্রথম ১০ মাসেই বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির পরিমাণ কয়েক গুণ বেশি হয়েছে।

প্রসঙ্গত, করোনা মহামারীর সময় শেয়ারবাজারের দরপতন ঠেকাতে ২০২০ সালের ১৯ মার্চ প্রথমবারের মতো ফ্লোর প্রাইস চালু করে বিএসইসি। এ ব্যবস্থায় প্রতিটি শেয়ারের জন্য সর্বনিম্ন মূল্য নির্ধারণ করে দেওয়া হয়। ফলে নির্ধারিত দরের নিচে কোনো শেয়ার বিক্রির সুযোগ ছিল না। বাজারে ক্রেতার উপস্থিতি না থাকলেও বিক্রেতারা নির্ধারিত দরের নিচে শেয়ার ছাড়তে পারতেন না। এতে বিনিয়োগকারীদের স্বাভাবিকভাবে শেয়ার কেনাবেচার সুযোগ সীমিত হয়ে পড়ে।

পরবর্তী সময়ে ২০২১ সালের জুনে ফ্লোর প্রাইস তুলে নেওয়া হয়। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা এবং দেশের অর্থনৈতিক পরিস্থিতির অবনতির আশঙ্কায় ২০২২ সালের ২৮ জুলাই আবারও এ ব্যবস্থা চালু করা হয়। এরপর কয়েক ধাপে বিভিন্ন কোম্পানির শেয়ারের ওপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়। সর্বশেষ গত ৮ জুন ইসলামী ব্যাংক বাংলাদেশ ও বেক্সিমকো লিমিটেডের শেয়ার থেকে এ বিধিনিষেধ তুলে নেওয়ার মধ্য দিয়ে ফ্লোর প্রাইস ব্যবস্থার সম্পূর্ণ অবসান ঘটে।

তবে ফ্লোর প্রাইসের অবসান ঘটলেও দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে। এর পাশাপাশি চলতি বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে নতুন অস্থিরতা তৈরি করেছে। এর প্রভাব থেকে বাদ যায়নি বাংলাদেশও। বিশেষ করে জ্বালানি খাতে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় অর্থনীতির সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। ফলে করোনা মহামারীর আগে থেকে দেশের শেয়ারবাজারকে ঘিরে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে যে আস্থার ঘাটতি তৈরি হয়েছিল, দীর্ঘ সময় পেরিয়েও তা দূর করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, বিদেশি বিনিয়োগকারীরা সাধারণত নিজ দেশের তৃতীয় পক্ষের প্রতিষ্ঠান বা ব্রোকারের মাধ্যমে বাংলাদেশের শেয়ারবাজারে লেনদেন করে থাকেন। এ ক্ষেত্রে তারা সরাসরি বাংলাদেশের কোনো ব্রোকারেজ হাউজের সঙ্গে যোগাযোগ না করে নিজ দেশের ব্রোকারকে শেয়ার কেনাবেচার নির্দেশনা দেন। পরবর্তী সময়ে ওই ব্রোকার বাংলাদেশের সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজের মাধ্যমে নির্দেশনা কার্যকর করে। অর্থাৎ বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার কেনাবেচার পুরো প্রক্রিয়াটি নিজ দেশের ব্রোকার এবং বাংলাদেশের ব্রোকারেজ প্রতিষ্ঠানের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে সম্পন্ন হয়।

মিজান/

sharenews24.com
Facebook পেজ ফলো করুন, সর্বশেষ খবর পান
ফেসবুক পেজ ফলো করুন
শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে