×
ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

একদিনের বিরতি শেষে বাজারে ইতিবাচক প্রবণতা

২০২৬ নভেম্বর ২৪ ১৪:৪৮:২১
একদিনের বিরতি শেষে বাজারে ইতিবাচক প্রবণতা

নিজস্ব প্রতিবেদক: একদিনের স্বাভাবিক দর সংশোধনের পর আবারও ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে দেশের শেয়ারবাজার। সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশের দুই শেয়ারবাজারেই সূচকের উত্থান হয়েছে। একই সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অঙ্কে লেনদেনের পরিমাণও বেড়েছে। ফলে ডিএসইতে লেনদেন আবারও হাজার কোটি টাকার ঘর অতিক্রম করেছে। তবে সূচক ও লেনদেন বাড়লেও বাজারে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর কমেছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, অধিকাংশ প্রতিষ্ঠানের দরপতনের বিপরীতে সূচক ও লেনদেন বৃদ্ধির বিষয়টি বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের ইঙ্গিত দেয়। তারা মনে করছেন, আজকের বাজার পরিস্থিতি বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়াতে সহায়ক হতে পারে। চলতি সপ্তাহে বাজারের যে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে, তা পরবর্তী দিনগুলোতেও অব্যাহত থাকলে শেয়ারবাজার আরও গতিশীল হয়ে উঠতে পারে।

বাজার সংশ্লিষ্টরা আরও জানান, সাম্প্রতিক সময়ে যেসব কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে, সেসব কোম্পানির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। বিনিয়োগকারীদের একটি অংশ এসব কোম্পানির শেয়ার ভালো পরিমাণে কিনছেন। তাদের উদ্দেশ্য, ঘোষিত লভ্যাংশের মাধ্যমে বিনিয়োগজনিত লোকসান কিছুটা পুষিয়ে নিয়ে মুনাফার সুযোগ তৈরি করা। অন্যদিকে, অনেক বিনিয়োগকারী হাতে থাকা শেয়ার বিক্রি না করে বরং নতুন করে শেয়ার কিনছেন। একই সঙ্গে তারা সতর্কতার সঙ্গে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

তবে বাজারের এ ইতিবাচক ধারা ধরে রাখতে নিয়ন্ত্রক সংস্থার নজরদারি আরও জোরদার করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, এ মুহূর্তে বাজার মনিটরিং কার্যক্রম আরও কার্যকর করা হলে শেয়ারবাজারে স্থিতিশীলতা বাড়ার সম্ভাবনা রয়েছে। এজন্য নিয়ন্ত্রক সংস্থাকে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে বাজার তদারকি জোরদার করতে হবে।

এদিকে, আজকের বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩০.৮৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৮৮.০২ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে, ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস ০.৫৮ পয়েন্ট কমে ১ হাজার ৭৫.৭৭ পয়েন্টে অবস্থান করছে। তবে ডিএসই-৩০ সূচক ১৫.২৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১৩.৪৬ পয়েন্টে উন্নীত হয়েছে।

মঙ্গলবার ডিএসইতে মোট ৩৭৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৪৬টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে ১৭৬টির দর কমেছে এবং ৫৫টির দর অপরিবর্তিত ছিল।

এদিন ডিএসইতে মোট ১ হাজার ৭৬ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৯২০ কোটি ৮১ লাখ টাকা। সেই হিসাবে একদিনের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৫৫ কোটি ২৩ লাখ টাকা।

অপরদিকে, দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মঙ্গলবার ৩৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে এ বাজারে লেনদেনের পরিমাণ ছিল ২৮ কোটি ৪ লাখ টাকা। অর্থাৎ সিএসইতেও লেনদেনের পরিমাণ বেড়েছে।

আজ সিএসইতে মোট ১৯০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ৮৫টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ৭৬টির দর কমেছে এবং ২৯টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৬.৮৯ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১.৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের কর্মদিবসে এ সূচক ২০.৮১ পয়েন্ট বেড়েছিল।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে