×
ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

‘কফিন খুলে দেখব হাসিনার মাথা কিনা’

২০২৬ নভেম্বর ২৩ ১৯:৫৭:৪৫
‘কফিন খুলে দেখব হাসিনার মাথা কিনা’

নিজস্ব প্রতিবেদক: ভারতের পেট্রাপোল সীমান্তে সমাবেশ, আওয়ামী লীগের নেতাদের সীমান্ত পরিদর্শনের গুঞ্জন এবং চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিকে কেন্দ্র করে যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে বাড়ানো হয়েছে টহল ও নজরদারি। সতর্ক অবস্থানে রয়েছেন স্থানীয় বাসিন্দারাও।

সোমবার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বিজিবির এক সদস্যকে বলতে শোনা যায়, ‘দরকার হলে কফিনের বক্স খুলে দেখবো হাসিনার মাথা কিনা।’ সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাচল ঠেকাতে সতর্ক অবস্থানের মধ্যে তাঁর এমন মন্তব্য ভিডিওতে ছড়িয়ে পড়েছে।

রোববার সন্ধ্যা থেকে বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়। অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সীমান্ত এলাকায় সতর্ক থাকতে দেখা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বেনাপোল সীমান্তসংলগ্ন একটি সড়কে বিজিবি সদস্যদের সঙ্গে অবস্থান করছেন স্থানীয় লোকজন। এ সময় শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে সীমান্তে সতর্ক পাহারা নিয়ে বিজিবি সদস্যদের বিভিন্ন পরামর্শ দিতে দেখা যায়। একপর্যায়ে এক বিজিবি সদস্য কফিনের বাক্স খুলে তল্লাশির বিষয়ে মন্তব্য করেন।

বাংলাদেশ থেকে ভারতে কিংবা ভারত থেকে বাংলাদেশে কেউ যাতে অবৈধভাবে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

বিজিবির যশোর-৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, অবৈধ পথে কেউ যাতে দেশে প্রবেশ করতে না পারে, সে জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাচল, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সব সময় তৎপর রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হয়েছে। রাতে টহলের সময় পোর্টেবল সার্চলাইট ব্যবহার করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী ড্রোন দিয়েও নজরদারি চালানো হচ্ছে।

প্রয়োজনে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে দিন-রাত সীমান্তে টহল আরও বাড়ানো হবে বলেও জানান তিনি। সীমান্ত এলাকার অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিজিবির এই অধিনায়ক বলেন, সীমান্তে কোনো অনিয়ম, অবৈধ অনুপ্রবেশ কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে সঠিক তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করতে হবে।

এদিকে রোববার বেনাপোল সীমান্তের বিপরীতে ভারতের পেট্রাপোলে বাংলাদেশের আটক সনাতনী সম্প্রদায়ের নেতা চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। হিন্দু সুরক্ষা সমিতি ও মতুয়া সম্প্রদায়ের কয়েকটি সংগঠন ওই সমাবেশের আয়োজন করে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এতে পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া, বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারসহ কয়েকজন রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন।

ভারতীয় গণমাধ্যমের বরাতে আরও জানা গেছে, সমাবেশের পর ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বাহাউদ্দিন নাছিম ও সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম পেট্রাপোল সীমান্ত পরিদর্শন করেন। এসব ঘটনা ঘিরে বেনাপোল সীমান্তে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে