×
ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

চীন-ভারত ক্ষমতার ব্যবধান কমেছে, এশিয়ার শক্তির মানচিত্রে নতুন চিত্র

২০২৬ নভেম্বর ২৩ ১৮:০৭:৩১
চীন-ভারত ক্ষমতার ব্যবধান কমেছে, এশিয়ার শক্তির মানচিত্রে নতুন চিত্র

নিজস্ব প্রতিবেদক: অর্থনৈতিক সক্ষমতা, সামরিক শক্তি, কূটনৈতিক প্রভাব ও আন্তর্জাতিক অবস্থানের বিবেচনায় এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ হিসেবে অবস্থান ধরে রেখেছে ভারত। একই সঙ্গে এশিয়ার নেতাদের মধ্যে নেতৃত্বের কার্যকারিতা ও প্রভাবের বিচারে দ্বিতীয় অবস্থানে রয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

অস্ট্রেলিয়াভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান লোয়ি ইনস্টিটিউটের প্রকাশিত ‘এশিয়া পাওয়ার ইনডেক্স ২০২৬’-এ এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, এশিয়ায় সামগ্রিক ক্ষমতার দিক থেকে চীনের সঙ্গে ভারতের ব্যবধান ২০১৮ সালের পর বর্তমানে সবচেয়ে কম পর্যায়ে রয়েছে। তবে সামগ্রিক ক্ষমতার বিচারে চীন এখনো ভারতের চেয়ে প্রায় ৮০ শতাংশ এগিয়ে।

লোয়ি ইনস্টিটিউটের মূল্যায়নে আটটি সূচকের মধ্যে পাঁচটিতে ভারত অগ্রগতি অর্জন করেছে। অন্য তিনটি সূচকে দেশটির অবস্থান কিছুটা দুর্বল হয়েছে। কূটনৈতিক প্রভাব সামান্য কমলেও এটি এখনো ভারতের অন্যতম শক্তিশালী ক্ষেত্র হিসেবে বিবেচিত হচ্ছে। এশিয়ার বেশ কয়েকটি দেশের কূটনৈতিক প্রভাব কমে আসার মধ্যেও ভারত নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।

প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ এবং সাংস্কৃতিক প্রভাব বৃদ্ধিও ভারতের শক্তিশালী অবস্থানের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে সামরিক সহযোগিতা বৃদ্ধি এবং ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র বিক্রির কারণে প্রতিরক্ষা নেটওয়ার্ক সূচকে ভারতের অবস্থান উন্নত হয়েছে। এ সূচকে দেশটি নবম স্থানে উঠে এসেছে।

ভারতের সাংস্কৃতিক প্রভাবের স্কোরও বেড়েছে। দেশটির সাংস্কৃতিক প্রভাবের স্কোর বর্তমানে ৪৩ দশমিক ৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সাংস্কৃতিক উপস্থিতি, তথ্যের আদান-প্রদান এবং বিভিন্ন দেশের মানুষের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক বৃদ্ধিকে এ উন্নতির অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

লোয়ি ইনস্টিটিউটের দক্ষিণ-পূর্ব এশিয়া কর্মসূচির পরিচালক এবং এশিয়া পাওয়ার ইনডেক্স প্রকল্পের প্রধান ড. হান্টার মার্সটনও ভারতের অগ্রগতির বিষয়টি তুলে ধরেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, ভারতের স্কোর বেড়ে ৪০ দশমিক ৫ পয়েন্ট হয়েছে। এর মধ্য দিয়ে এশিয়ার অন্যতম প্রধান শক্তি হিসেবে ভারতের অবস্থান আরও সুদৃঢ় হয়েছে।

অর্থনৈতিক সক্ষমতার ক্ষেত্রে কিছু দুর্বলতা থাকলেও নেতৃত্বের কার্যকারিতার বিচারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এশিয়ায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন। এ ক্ষেত্রে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রয়েছেন প্রথম অবস্থানে।

তবে প্রতিবেদনে ভারতের অর্থনৈতিক ও কৌশলগত কিছু দুর্বলতার কথাও তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে রুপির মূল্য কমে যাওয়া, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অর্থনীতি পরিমাপের পদ্ধতিতে পরিবর্তন এবং বিদেশে ভারতের বিনিয়োগ প্রায় ২০ বিলিয়ন ডলার কমে যাওয়া।

এ ছাড়া নরেন্দ্র মোদির নেতৃত্ব ও কৌশলগত উচ্চাকাঙ্ক্ষা নিয়ে আগের তুলনায় ইতিবাচক মূল্যায়ন কিছুটা কমেছে। উপসাগরীয় অঞ্চলে সংঘাত চলাকালে ভারতের কূটনৈতিক ভূমিকা তুলনামূলক সীমিত থাকাও এই মূল্যায়নে প্রভাব ফেলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এসব সীমাবদ্ধতা সত্ত্বেও এশিয়ায় ভারতের প্রভাব, সামরিক সক্ষমতা, কূটনৈতিক অবস্থান এবং ভবিষ্যৎ সম্ভাবনা এখনো উল্লেখযোগ্য বলে মনে করছে লোয়ি ইনস্টিটিউট।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে