×
ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ডিএসইর প্রশ্নের জবাবে অবস্থান স্পষ্ট করল ইসলামী ব্যাংক

২০২৬ নভেম্বর ২৩ ০০:০৮:০১
ডিএসইর প্রশ্নের জবাবে অবস্থান স্পষ্ট করল ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: মূলধনে সরকারের ৬ হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই বলে জানিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক চিঠির জবাবে ব্যাংকটি এই ব্যাখ্যা দিয়েছে। তবে ব্যাংকের এমন অস্বীকারের পরও রোববার (২২ নভেম্বর) শেয়ারবাজারে প্রতিষ্ঠানটির শেয়ারদর ৩ দশমিক ৯১ শতাংশ বেড়ে ২৬ টাকা ৬০ পয়সায় স্থির হয়েছে।

গত ১৭ নভেম্বর সাম্প্রতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতে ইসলামী ব্যাংকের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দেয় ডিএসই। রোববার এক্সচেঞ্জে জমা দেওয়া জবাবে শরিয়াহভিত্তিক ব্যাংকটি জানায়, ব্যাংকে সরকারের শেয়ার নেওয়ার কোনো অভিপ্রায় সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই। তবে এ বিষয়ে ভবিষ্যতে আনুষ্ঠানিক কোনো যোগাযোগ হলে নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান মেনে তা তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হবে বলেও উল্লেখ করা হয়।

শেয়ারদরে সাম্প্রতিক উল্লম্ফন

ব্যাংকটির শেয়ারদরে বড় ধরনের উত্থানের পরপরই এই ব্যাখ্যা এল। তথ্যমতে, গত ৮ নভেম্বর থেকে ১৭ নভেম্বরের মধ্যে ইসলামী ব্যাংকের শেয়ারদর প্রায় ৪০ শতাংশ বেড়ে ২৮ টাকা ২০ পয়সায় ওঠে। এতে মাত্র কয়েক দিনের ব্যবধানে ব্যাংকটির বাজার মূলধন প্রায় ১ হাজার ২৮৮ কোটি টাকা বৃদ্ধি পায়।

বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে সরকারের কাছ থেকে ৬ হাজার কোটি টাকার মূলধন সহায়তা চেয়ে ব্যাংকটি আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে—এমন খবরের ভিত্তিতেই বিনিয়োগকারীদের মধ্যে আগ্রহ বাড়ে এবং শেয়ারদরে এই উল্লম্ফন দেখা দেয়।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষাপট

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া মূলধন পুনরুদ্ধার পরিকল্পনার আওতায় ইসলামী ব্যাংক প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ১০ টাকা অভিহিত মূল্যে ৬০০ কোটি নতুন সাধারণ শেয়ার ইস্যুর প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব কার্যকর হলে ব্যাংকটিতে সরকারের ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা তৈরি হবে এবং এর পরিশোধিত মূলধন ১ হাজার ৬০৯ কোটি ৯৯ লাখ টাকা থেকে বেড়ে ৭ হাজার ৬০৯ কোটি ৯৯ লাখ টাকায় দাঁড়াবে।

উল্লেখ্য, খেলাপি ঋণ বৃদ্ধির কারণে সৃষ্ট বিশাল মূলধন ঘাটতি পূরণের লক্ষ্যে এর আগে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিয়ে ব্যাংকটি তাদের অনুমোদিত মূলধন ৫ গুণ বাড়িয়ে ২ হাজার কোটি টাকা থেকে ১০ হাজার কোটি টাকায় উন্নীত করেছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে