×
ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

জাতীয় ঐক্য নিয়ে সরকারের প্রতি কড়া বার্তা নাহিদ ইসলামের

২০২৬ নভেম্বর ২২ ১৮:২৯:১১
জাতীয় ঐক্য নিয়ে সরকারের প্রতি কড়া বার্তা নাহিদ ইসলামের

নিজস্ব প্রতিবেদক: একদলীয় সংবিধান সংশোধন কমিটি অবিলম্বে ভেঙে দিয়ে ‘সংবিধান সংস্কার পরিষদের’ শপথ গ্রহণ এবং জুলাই সনদ বাস্তবায়নের সুস্পষ্ট অঙ্গীকার করলেই জাতীয় ঐক্যের প্রক্রিয়া শুরু হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে জাতীয় ঐক্যের জন্য কয়েকটি মৌলিক বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছেন তিনি।

তবে দেশের চলমান সংকটের মধ্যে প্রধানমন্ত্রী সংলাপের আহ্বান জানানোয় আগামীকাল সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেবে এনসিপির প্রতিনিধিদল। নাহিদ ইসলাম জানিয়েছেন, সরকার কী চায় এবং চলমান পরিস্থিতি মোকাবিলায় কী পদক্ষেপ নিতে যাচ্ছে, তা জানতেই তারা বৈঠকে যাবেন। পাশাপাশি নিজেদের প্রস্তাবও তুলে ধরবেন।

রোববার (২২ নভেম্বর) যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে সন্ধ্যায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রাঙ্গণে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সরকারের জাতীয় ঐক্যের আহ্বান প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই তারা জাতীয় ঐক্যের কথা বলে আসছেন। তবে বিএনপি সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করেনি এবং নির্বাচনের পর সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেনি বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, এর মাধ্যমে গণভোটে ৭০ শতাংশ জনগণের রায় ও জুলাই সনদের অঙ্গীকার ভঙ্গ করা হয়েছে।

জাতীয় ঐক্যের প্রক্রিয়া শুরু করতে হলে গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ নিশ্চিত করতে হবে বলে মনে করেন এনসিপির আহ্বায়ক। তার মতে, একদলীয় সংবিধান সংশোধন কমিটি রেখে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা সম্ভব নয়।

জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য কয়েকটি মৌলিক ইস্যুতে সরকারের সুস্পষ্ট অঙ্গীকার দাবি করেছেন নাহিদ ইসলাম। তার বক্তব্য অনুযায়ী, গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচার ত্বরান্বিত করা, আসন্ন গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন এবং শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করার বিষয়ে সরকারকে অঙ্গীকারবদ্ধ হতে হবে।

এসব বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট হওয়ার পাশাপাশি সংবিধান সংশোধন কমিটি ভেঙে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণকে জাতীয় ঐক্যের প্রথম পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তিনি।

নাহিদ ইসলাম সতর্ক করে বলেন, সরকার যদি শুধু ডিসেম্বরে আওয়ামী লীগকে থামানোর জন্য জাতীয় ঐকমত্য চায় এবং জানুয়ারিতে একদলীয় কমিটির মতামতের ভিত্তিতে সংবিধান সংশোধন করে, তাহলে সেই প্রক্রিয়ায় এনসিপি অংশ নেবে না।

প্রধানমন্ত্রীর সঙ্গে আগামীকালের বৈঠকে অংশগ্রহণের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, দেশে বর্তমানে সংকট চলছে। সরকারপ্রধান সংলাপের আহ্বান জানালে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে তারা তাতে সাড়া দেবেন।

বৈঠকে প্রধানমন্ত্রী কী চাইছেন এবং কীভাবে চলমান পরিস্থিতি মোকাবিলা করতে চান, তা জানার পাশাপাশি এনসিপির সুস্পষ্ট প্রস্তাবগুলো তুলে ধরা হবে বলে জানান তিনি। সংলাপে অংশ নেওয়ার সিদ্ধান্তকে সরকারের প্রতি সমর্থন নয়, বরং রাজনৈতিক সংকট মোকাবিলায় আলোচনার অংশ হিসেবে দেখছেন তারা।

সংবাদ সম্মেলনের শুরুতে ১৩ থেকে ২১ নভেম্বর পর্যন্ত যুক্তরাজ্য সফরের অভিজ্ঞতা তুলে ধরেন নাহিদ ইসলাম। সফরে তিনি এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ অক্সফোর্ড, কেমব্রিজ ও সোয়াস ইউনিভার্সিটিতে বিভিন্ন সেমিনারে অংশ নেন।এ ছাড়া হিউম্যান রাইটস ওয়াচ, ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন এবং ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসের সদস্যদের সঙ্গে বৈঠক করেন বলে জানান তিনি।

যুক্তরাজ্য সফরের সময় লন্ডনের মেফেয়ার এলাকায় প্রবাসীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে হামলার ঘটনা নিয়েও কথা বলেন নাহিদ ইসলাম। তার অভিযোগ, পূর্বানুমতি নেওয়া এবং পুলিশকে অবহিত করার পরও পতিত ফ্যাসিস্ট শক্তির নেতাকর্মীরা তাকে হত্যার উদ্দেশ্যে শারীরিক হামলা চালায়।

তাকে রক্ষা করতে গিয়ে প্রবাসী শিক্ষার্থী ও পেশাজীবীসহ ১২ থেকে ১৩ জন আহত হন বলে দাবি করেন তিনি। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর ছিল বলেও জানান নাহিদ। এ বিষয়ে যুক্তরাজ্য সরকার ও স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং তারা আইনি পদক্ষেপ নেওয়া শুরু করেছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তিনি।

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সরকারের গত সাত মাসের ব্যর্থতাকে দায়ী করেন এনসিপির আহ্বায়ক। তার অভিযোগ, দেশ ও বিদেশে একই কায়দায় অরাজকতা তৈরি করা হচ্ছে এবং ভারতের প্রত্যক্ষ সহযোগিতায় বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রমাণ করার চেষ্টা চলছে।এ পরিস্থিতি মোকাবিলায় রাজপথে ওই অপশক্তির বিরুদ্ধে এনসিপির একার অবস্থানই যথেষ্ট বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে