×
ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

শ্রমিক আন্দোলনের উত্তাপ, বন্ধ ১৩ পোশাক কারখানা

২০২৬ নভেম্বর ২২ ১৭:৪৬:২৮
শ্রমিক আন্দোলনের উত্তাপ, বন্ধ ১৩ পোশাক কারখানা

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে রোববার (২২ নভেম্বর) প্রায় ১৩টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে। সকালে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে। এতে মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শিল্প পুলিশ, শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সোয়া ৯টার দিকে শ্রীপুর পৌরসভার বৈরাগীরচালা এলাকার আমান টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে কারখানার ভেতরে শান্তিপূর্ণ কর্মবিরতি শুরু করেন। পরে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বুঝিয়ে কাজে ফেরানোর চেষ্টা করলেও তাতে সফল হয়নি। একপর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে কারখানাটি ছুটি ঘোষণা করা হয়।

এরপর আশপাশের আরও কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করলে শ্রমিকরা একত্র হয়ে মিছিল বের করেন। মিছিল নিয়ে তারা গড়গড়িয়া মাস্টারবাড়ির দিকে এগিয়ে যান। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।

মিছিল নিয়ে শ্রমিকরা আশপাড়া মোড়ের দিকে এগিয়ে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশের বাধা অতিক্রম করে শ্রমিকরা আনসার রোডের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে। এ সময় শ্রমিকরা আনসার রোডের ভেতরের দিকে চলে যান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির সদস্যরা মহাসড়কে অবস্থান নেন। পরে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে সড়কের পাশ দিয়ে মিছিল করে আনসার রোডের দিকে এগিয়ে যান।

একপর্যায়ে শ্রমিকরা আশপাড়া মোড়ের সাবলাইন পোশাক কারখানার সামনে অবস্থান নেন। সেখানে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ আবারও সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

পরে শ্রমিকরা ১ নম্বর সিএন্ডবি বাজার এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে। আন্দোলনের কারণে ওই এলাকার বিভিন্ন সড়কে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আন্দোলনরত শ্রমিকরা জানান, আগামী ২৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে তাদের মজুরি বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। ওই সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তারা কাজে যোগ দেবেন না বলে জানিয়েছেন।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, শ্রমিক আন্দোলনের কারণে শ্রীপুরের প্রায় ১৩টি পোশাক কারখানা রোববারের জন্য ছুটি ঘোষণা করেছে।

ছুটি ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে রয়েছে বৈরাগীরচালা এলাকার আমান টেক্সটাইল লিমিটেড, দক্ষিণ ভাংনাহাটি এলাকার হ্যামস গার্মেন্টস লিমিটেড ও রাতুল অ্যাপারেলস লিমিটেড, গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার ডেনিমেক গার্মেন্টস লিমিটেড, ফখরুদ্দিন টেক্সটাইল লিমিটেড ও মেঘনা গার্মেন্টস।

এ ছাড়া গিলারচালা এলাকার সাবলাইন গার্মেন্টস, ভিন্টেজ ডেনিম লিমিটেড ও প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড, আনসার রোড এলাকার সাসটেইনেবল ওয়েপ প্রসেসিং প্ল্যান্ট, বরমী ইউনিয়নের গাড়ারণ গ্রামের আরবেলা ফ্যাশন লিমিটেড, বহেরারচালা এলাকার তাকওয়া ফ্যাশন লিমিটেড এবং শ্রীপুর সড়কের নতুন বাজার এলাকার এমএইচসি অ্যাপারেলস লিমিটেড ছুটি ঘোষণা করেছে।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সফিউল জানান, শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে