×
ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

অনলাইনে জমির মিউটেশন করার সম্পূর্ণ প্রক্রিয়া ধাপে ধাপে 

২০২৬ নভেম্বর ২২ ১০:৫১:৫৪
অনলাইনে জমির মিউটেশন করার সম্পূর্ণ প্রক্রিয়া ধাপে ধাপে 

নিজস্ব প্রতিবেদক: ক্রয়সূত্রে, উত্তরাধিকার, হেবা, ডিক্রি, এওয়াজ কিংবা বিনিময়—যেকোনো সূত্রেই জমির মালিকানা অর্জন করা হোক না কেন, এখন আর ভূমি অফিসে দৌড়াদৌড়ি না করে ঘরে বসেই অনলাইনে জমির মিউটেশন (নামজারি বা জমাখারিজ) আবেদন করা সম্ভব।

অনলাইনে মিউটেশন আবেদনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ ও প্রয়োজনীয় হিসাব-নিকাশ তুলে ধরা হয়েছে। নিচে পুরো প্রক্রিয়াটি বিস্তারিতভাবে দেওয়া হলো:

ধাপ-১: ওয়েবসাইটে প্রবেশ ও লগইন

১. কম্পিউটার বা মোবাইলের যেকোনো ব্রাউজারে গিয়ে land.gov.bd লিখে প্রবেশ করতে হবে।

২. ওপরে ডান দিকে থাকা ‘লগইন’ অপশনে ক্লিক করে ‘নাগরিক’ লগইনে যেতে হবে।

৩. নিজের ভূমি অ্যাকাউন্টের মোবাইল নম্বর, পাসওয়ার্ড এবং স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচা কোড বসিয়ে লগইন করতে হবে (পূর্ব থেকেই নাগরিক অ্যাকাউন্ট খোলা থাকতে হবে)।

ধাপ-২: নতুন আবেদন ও ২০ টাকা কোর্ট ফি পরিশোধ

১. লগইন করার পর ড্যাশবোর্ড থেকে ‘মিউটেশন’ অপশনে ক্লিক করে ‘নতুন আবেদন করুন’ বাটনে চাপ দিতে হবে।

২. এরপর ‘কোর্ট ফি ২০ টাকা পরিশোধ করতে হবে’ অপশনটি নির্বাচন করতে হবে।

৩. আপনার জমিটি যে বিভাগ, জেলা ও উপজেলার অধীনে অবস্থিত, তা নির্বাচন করে ‘পরবর্তী’ বাটনে ক্লিক করতে হবে।

৪. পেমেন্ট গেটওয়ে পেজে গিয়ে ‘ইন্টারনেট ব্যাংকিং’ -> ‘অগ্রসর হোন’ -> ‘LSG Payment’ -> ‘পেমেন্ট’ -> ‘ই-চালান’ নির্বাচন করে ‘পরবর্তী’ বাটনে ক্লিক করতে হবে।

৫. এখানে ইন্টারনেট ব্যাংকিং, কার্ড কিংবা মোবাইল ব্যাংকিংয়ের (বিকাশ, নগদ, রকেট) মাধ্যমে ফি দেওয়া যায়। বিকাশ ব্যবহার করলে মোবাইল ব্যাংকিং থেকে বিকাশ নির্বাচন করে ‘Save & Continue’ এবং ‘Proceed’ দিতে হবে। এরপর বিকাশ নম্বর, ৬ ডিজিটের ওটিপি ও পিন দিয়ে কনফার্ম করলেই কোর্ট ফি (চার্জসহ ২০.২০ টাকা) পরিশোধ হয়ে যাবে এবং ‘আবেদন ফর্ম’ চলে আসবে।

ধাপ-৩: তফসিল ও আবেদনকারীর তথ্য পূরণ

১. খতিয়ান ও মালিকানার ধরন: আপনি কোন খতিয়ান থেকে আবেদন করছেন (সরকারি রেকর্ডীয় মালিকের খতিয়ান নাকি মিউটেশন খতিয়ান) এবং কীভাবে মালিকানা অর্জন করেছেন (ক্রয়, উত্তরাধিকার, হেবা ইত্যাদি), তা নির্বাচন করতে হবে।

২. আবেদনকারী বা গ্রহীতার তথ্য:

আবেদনকারী একজন হলে ‘একক’ নির্বাচন করে ‘তথ্য দিন’ -> ‘প্রাপ্তবয়স্ক’ অপশনে গিয়ে নাম, পিতা-মাতার নাম, ছবি এবং লাল স্টার চিহ্নিত প্রয়োজনীয় তথ্য দিয়ে সংরক্ষণ করতে হবে।

আবেদনকারী একাধিক হলে ‘যৌথ’ নির্বাচন করতে হবে। সবাই সমান জমি পেলে ‘সমভাবে’ এবং কম-বেশি পেলে ‘ভিন্নভাবে’ সিলেক্ট করতে হবে।

জমির অংশ হিসাব করার নিয়ম (ভিন্নভাবে হলে): মোট জমিকে ১০০০ ভাগ ধরে হিসাব করতে হয়। সূত্র: (আবেদনকারীর প্রাপ্য শতাংশ × ১০০০) ÷ মোট ক্রয়কৃত শতাংশ।

উদাহরণ: মোট ১৫ শতাংশ জমির মধ্যে ১ম জন ৯ শতাংশ ও ২য় জন ৬ শতাংশ পেলে, ১ম জন পাবেন (৯ × ১০০০) ÷ ১৫ = ৬০০ অংশ এবং ২য় জন পাবেন (৬ × ১০০০) ÷ ১৫ = ৪০০ অংশ। এভাবে সবার তথ্য ও অংশ বসাতে হবে।

৩. দলিলের তথ্য ও আপলোড:

যে দলিলের ভিত্তিতে আবেদন করছেন, তার দলিল নম্বর, রেজিস্ট্রির তারিখ, দলিলে উল্লেখিত জমির মোট মূল্য, মোট পৃষ্ঠা সংখ্যা, জেলা এবং সাব-রেজিস্ট্রি অফিসের নাম নির্বাচন করতে হবে।

পুরো দলিলের স্ক্যান কপি (প্রথম ও শেষ পাতার এপিঠ-ওপিঠ উভয় দিক এবং মাঝের পাতাগুলোর এক পিঠসহ একটি পিডিএফ ফাইল) আপলোড করতে হবে। প্রয়োজনে চোখ (Eye) আইকনে ক্লিক করে আপলোড করা কপিটি দেখে নেওয়া যাবে।

৪. জমির তফসিল (মৌজা, খতিয়ান ও দাগ):

মৌজার নাম নির্বাচন করে ‘জমির তথ্য যুক্ত করুন’ বাটনে ক্লিক করতে হবে।

তহশিল অফিস, হোল্ডিং নম্বর, জরিপের নাম (যেমন: বি.আর.এস/সিটি মহানগর) এবং খতিয়ান নম্বর লিখে ‘যাচাই করুন’ বাটনে ক্লিক করলে ওই খতিয়ানের অন্তর্ভুক্ত দাগ নম্বরগুলো চলে আসবে। (খতিয়ান অনলাইনে খুঁজে না পাওয়া গেলে পর্চা বা খতিয়ানের স্ক্যান কপি আপলোডের অপশন আসবে)।

এবার দাগ নম্বর, রেকর্ডীয় শ্রেণি ও ব্যবহারের ধরন (যেমন: বাড়ি/নাল) সিলেক্ট করে জমির পরিমাণ (একর, শতক, অযুতাংশ, লক্ষাংশ) লিখতে হবে।

দশমিকের ঘর পূরণের নিয়ম: জমির পরিমাণ ৯.১৫৫০ শতাংশ হলে ‘শতক’-এর ঘরে ৯, ‘অযুতাংশ’-এর ঘরে ১৫ এবং ‘লক্ষাংশ’-এর ঘরে ৫০ লিখতে হবে। একাধিক দাগ থাকলে ‘আরও দাগ সংযুক্ত করুন’-এ ক্লিক করে যুক্ত করে ‘সংরক্ষণ’ করতে হবে।

ধাপ-৪: প্রদানকারী বা দাতার তথ্য যুক্ত করা

১. ‘দাতা সংযুক্ত করুন’ বাটনে ক্লিক করে দাতা জীবিত, মৃত নাকি প্রতিষ্ঠান তা নির্বাচন করতে হবে।

২. দাতা জীবিত হলে: রেকর্ডীয় মালিকদের তালিকা থেকে দাতার নাম, পিতা-মাতার নাম, ঠিকানা ও তিনি কতটুকু জমি দিয়েছেন তা লিখে সংরক্ষণ করতে হবে। একাধিক দাতা থাকলে প্রত্যেকের অংশ আলাদাভাবে যুক্ত করতে হবে।

৩. দাতা মৃত হলে (ওয়ারিশের কাছ থেকে জমি কিনলে): ‘মৃত’ অপশন সিলেক্ট করে রেকর্ডীয় মালিকের নাম নির্বাচন করতে হবে। এরপর নিচে ‘ওয়ারিশের নাম’ (যিনি জমি বিক্রি করেছেন), রেকর্ডীয় মালিকের সঙ্গে সম্পর্ক (যেমন: পুত্র) এবং প্রদত্ত জমির পরিমাণ লিখে ওয়ারিশ সনদের পিডিএফ কপি আপলোড করতে হবে।

ধাপ-৫: প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্তি ও ঘোষণা দাখিল

১. কাগজপত্র সংযুক্তি: কলমি নকশা, পর্চা/পাট্টা এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র (যেমন: দাতার নামে রেকর্ড না থাকলে পূর্ববর্তী ভায়া দলিল) পিডিএফ আকারে আপলোড করতে হবে। প্রতিটি পিডিএফ ফাইল সর্বোচ্চ ১.২৫ এমবি এবং সর্বমোট ফাইল ২৫ এমবির মধ্যে হতে হবে। এরপর ‘সংরক্ষণ এবং পরবর্তী’-তে ক্লিক করতে হবে।

২. ঘোষণা ও চূড়ান্ত দাখিল: পরবর্তী ধাপে আবেদন সংক্রান্ত ৭টি ঘোষণা (মালিকানা ও হিস্যা সঠিক কি না, জমি দখলে আছে কি না, আদালতের নিষেধাজ্ঞা বা সরকারি স্বার্থ আছে কি না, সর্বশেষ ভূমি উন্নয়ন কর পরিশোধিত কি না ইত্যাদি) ‘হ্যাঁ’ বা ‘না’ দিয়ে পূরণ করে নিচের টিকচিহ্নে ক্লিক করতে হবে।

৩. সবশেষে ‘আবেদন দাখিল করুন’ বাটনে ক্লিক করলেই আবেদনটি সম্পন্ন হবে এবং আবেদনপত্র ডাউনলোডের অপশন পাওয়া যাবে।আবেদন পরবর্তী করণীয়

আবেদনপত্র, দলিলের ফটোকপি ও অন্যান্য কাগজপত্র নিজের কাছে সংরক্ষণ করতে হবে।

অনলাইনে সাবমিট করার পর আবেদনটি প্রথমে ইউনিয়ন ভূমি অফিসে যায়; সেখান থেকে যাচাই-বাছাই শেষে উপজেলায় (এসিল্যান্ড অফিসে) পাঠানো হয়।

কিছুদিন পর মোবাইলে এসএমএসের মাধ্যমে শুনানির তারিখ জানানো হতে পারে। নির্ধারিত দিনে আবেদন কপি, এনআইডি এবং মূল দলিলপত্র নিয়ে এসিল্যান্ড অফিসে উপস্থিত থাকতে হবে।

সব তথ্য সঠিক থাকলে এসিল্যান্ড আবেদনটি অনুমোদন করবেন। এরপর অনলাইনে ডিসিআর (DCR) ফি পরিশোধ করলেই নতুন খতিয়ান ডাউনলোড করা যাবে।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে