×
ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

চীনের নতুন করিডোর বাংলাদেশের জন্য সুযোগ নাকি ফাঁদ!

২০২৬ নভেম্বর ২২ ০৮:০৬:২১
চীনের নতুন করিডোর বাংলাদেশের জন্য সুযোগ নাকি ফাঁদ!

নিজস্ব প্রতিবেদক: গত ২৬ জুন বেইজিংয়ে অনুষ্ঠিত এক বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দেওয়া একটি প্রস্তাব দক্ষিণ এশিয়ার আগামী ১০ বছরের ভূ-রাজনীতিতে নতুন সমীকরণের জন্ম দিয়েছে। প্রস্তাবটি বাস্তবায়িত হলে চীনের কুনমিং থেকে মিয়ানমারের কিয়াকফিউ হয়ে বাংলাদেশের চট্টগ্রাম পর্যন্ত এমন একটি অর্থনৈতিক করিডোর গড়ে উঠবে, যা ভারতকে স্পর্শ করবে না। ‘বাংলাদেশ-চীন-মিয়ানমার করিডোর’ নামের এই নতুন উদ্যোগ ঘিরে এখন ঢাকার নীতিনির্ধারণী মহলে মূল প্রশ্ন—চীন কি বাংলাদেশকে নতুন সুযোগ দিচ্ছে, নাকি বাংলাদেশকে দিয়ে ভারতকে কোনো কৌশলগত বার্তা দিচ্ছে?

এই করিডোরের ধারণা নতুন নয়। ১৯৯৯ সালে বাংলাদেশের অর্থনীতিবিদ রেহমান সোবহানের ভাবনা থেকে ‘কুনমিং উদ্যোগ’ হিসেবে এর সূচনা হয়েছিল, যার স্বপ্ন ছিল বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমার—এই চার দেশের সংযোগ। ২০১৩ সালে তা ‘বিসিআইএম’ অর্থনৈতিক করিডোর হিসেবে সরকারি রূপ পায় এবং কক্সবাজার ও কলকাতায় বৈঠকও অনুষ্ঠিত হয়। কিন্তু চীন-ভারত সীমান্ত বিরোধ এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) নিয়ে ভারতের আপত্তির কারণে সেই উদ্যোগ থেমে যায়।

২৭ বছর পর চীন সেই পুরোনো উদ্যোগকে ভারতকে বাদ দিয়ে নতুন নামে ফিরিয়ে এনেছে। ভারতকে ছাড়া শুরু করার অর্থ হলো ভারতকে ছাড়াও যে আঞ্চলিক যোগাযোগ সম্ভব—সেই সম্ভাবনা সামনে রাখা, যার রাজনৈতিক গুরুত্ব বেইজিং ও দিল্লি উভয়ই বোঝে।

সমুদ্র থেকে দূরে অবস্থিত চীনের অভ্যন্তরীণ প্রদেশ ইউনানের পণ্য সরাসরি বঙ্গোপসাগরে নামাতে পারলে চীনকে আর পূর্ব উপকূল ঘুরে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে না। তাই মিয়ানমারের কিয়াকফিউ বন্দর চীনের কাছে ভারত মহাসাগরে পৌঁছানোর সবচেয়ে সংক্ষিপ্ত পথ।

তবে এই করিডোরের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মিয়ানমারের রাখাইন রাজ্যের সংঘাত। প্রতিবেদনে বলা হয়, রাখাইনের ১৭টি উপজেলার মধ্যে প্রায় ১৪টিই এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। কিয়াকফিউ শহর আনুষ্ঠানিকভাবে জান্তা সরকারের হাতে থাকলেও তা চারদিক থেকে ঘেরাও হয়ে আছে এবং আগস্ট থেকে নৌঘাঁটির খুব কাছেই লড়াই পৌঁছে গেছে। তাই করিডোরটি এখন কেবল মানচিত্রের রেখা নয়, বরং যুদ্ধের ভেতর দিয়ে টানা একটি রেখা। এর ফলে ঝুঁকি বিবেচনায় চীন নিজেও কিয়াকফিউ বন্দরের প্রথম ধাপের বিনিয়োগ ৭৩০ কোটি ডলার থেকে কমিয়ে প্রায় ১৩০ কোটি ডলারে নামিয়ে এনেছে। এ ছাড়া মুসে থেকে মান্দালয় পর্যন্ত ৪৩১ কিলোমিটার পাহাড় কেটে রেলপথ নির্মাণও সময়, প্রযুক্তি ও শান্তির ওপর নির্ভরশীল।

ঢাকায় অনেকেই করিডোর ও রোহিঙ্গা প্রত্যাবাসনকে আলাদা বিষয় হিসেবে দেখলেও বাস্তবে দুটি বিষয়ই রাখাইন ভূখণ্ডে গিয়ে মেশে। রাখাইনে শান্তি না এলে রোহিঙ্গাদের ফেরা যেমন কঠিন, তেমনি শান্তি ছাড়া করিডোরও এগোবে না।

ফলে বাংলাদেশ চাইলে করিডোরের আলোচনাকে রাখাইনে শান্তি প্রতিষ্ঠা ও রোহিঙ্গা প্রত্যাবাসনের আলোচনার সঙ্গে একই টেবিলে আনতে পারে। চীনকে স্পষ্ট বোঝানো যেতে পারে যে করিডোর চাইলে রাখাইনে স্থিতিশীলতা লাগবে, আর স্থিতিশীলতার জন্য রোহিঙ্গা প্রত্যাবাসনের পথ খুলতে হবে। এ ছাড়া চীন যেমন মিয়ানমারের জান্তা ও মাঠের শক্তি আরাকান আর্মি—উভয় পক্ষের সঙ্গেই যোগাযোগ রাখছে, বাংলাদেশের সামনেও রাখাইনের মাঠের বাস্তবতা বিবেচনায় নেওয়ার প্রশ্ন সামনে আসছে।

করিডোর চালু হলে শুরুতে চট্টগ্রাম বন্দরে বড় জাহাজের বদলে কিয়াকফিউ ও চট্টগ্রামের মধ্যে ছোট ফিডার জাহাজ চলাচল করবে। এই করিডোর যদি কেবল চীনা পণ্য বাংলাদেশে আনার একমুখী পথ না হয়ে বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, পাটজাত ও কৃষিপণ্য ইউনানের বাজারে রপ্তানির সুযোগ তৈরি করে, তবেই দেশের ব্যবসায়ী ও কৃষকরা উপকৃত হবেন।

তাই কোনো কাগজে সই করার আগে ট্রানজিট ফি, বন্দর খরচ, কাস্টমস প্রক্রিয়ার গতি, পণ্য আটকে গেলে করণীয়, বিমা এবং বিকল্প পথের মতো শর্তগুলো স্পষ্ট করা জরুরি। পাশাপাশি মাতারবাড়ীতে জাপানের বিনিয়োগ, ভারতের সঙ্গে বাণিজ্য এবং যুক্তরাষ্ট্রের বাজারের সঙ্গে কৌশলগত ভারসাম্য বজায় রাখতে ঢাকাকে স্পষ্ট করতে হবে যে এই করিডোর কারও বিরুদ্ধে নয়, বরং সবার জন্য বাণিজ্যিক সংযোগ হিসেবে উন্মুক্ত।

ভবিষ্যতে রাখাইনে স্থিতিশীলতা এসে বাণিজ্য বাড়তে পারে, আবার পরীক্ষামূলক চলাচলও চলতে পারে, কিংবা সংঘাত বেড়ে বাংলাদেশ কূটনৈতিক চাপেও পড়তে পারে। তাই তাড়াহুড়ো না করে নিজেদের স্বার্থ ও শর্ত স্পষ্ট করে দরকষাকষি করার ওপরই নির্ভর করবে—কুনমিং-চট্টগ্রাম করিডোর বাংলাদেশের জন্য নতুন সুযোগ হবে, নাকি বড় চ্যালেঞ্জ।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে