×
ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ

২০২৬ নভেম্বর ২১ ২০:০৯:১৫
টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে শেয়ার লেনদেনে টি+১ (T+1) ট্রেডিং ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়ায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। সংগঠনটি মনে করছে, নতুন এ ব্যবস্থা শেয়ারবাজারের আধুনিকায়ন, লেনদেনের গতি বৃদ্ধি এবং বাজারের তারল্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার (২১ নভেম্বর) ডিবিএর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ডিবিএ জানায়, সদস্য স্টক ব্রোকারদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল শেয়ার লেনদেনে টি+১ ট্রেডিং ব্যবস্থা চালু করা। এ লক্ষ্যে বিএসইসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে ধারাবাহিক আলোচনা ও বৈঠকের মাধ্যমে বিষয়টি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করে আসছিল সংগঠনটি।

ডিবিএর দাবিকে গুরুত্ব দিয়ে টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত নেওয়ায় সংগঠনের সদস্য ও পরিচালনা বোর্ডের পক্ষ থেকে বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম।

ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, টি+১ ট্রেডিং চালু শেয়ারবাজারের আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি স্টক ব্রোকার ও বিনিয়োগকারীদের দীর্ঘদিনের প্রত্যাশা।

তিনি আশা প্রকাশ করেন, নতুন এ ব্যবস্থার ফলে লেনদেনের গতি বাড়বে, বাজারের তারল্য উন্নত হবে এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ আরও উৎসাহিত হবে।

দীর্ঘদিনের দাবির প্রতি গুরুত্ব দিয়ে এ সিদ্ধান্ত নেওয়ায় বিএসইসির চেয়ারম্যান, কমিশনার এবং সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

ডিবিএ মনে করে, টি+১ ট্রেডিং চালুর ফলে শেয়ার লেনদেন নিষ্পত্তির সময় কমে আসবে। এতে বিনিয়োগকারীরা তুলনামূলক দ্রুত অর্থ ফেরত পেয়ে পুনরায় বিনিয়োগের সুযোগ পাবেন। ফলে বাজারে অর্থের প্রবাহ ও লেনদেনের পরিমাণ বাড়তে পারে।

এ ছাড়া নতুন ব্যবস্থার ফলে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ার পাশাপাশি শেয়ারবাজারের প্রতি আস্থা আরও জোরদার হবে বলে আশা করছে সংগঠনটি।

ডিবিএর মতে, টি+১ ট্রেডিং ব্যবস্থা দেশের শেয়ারবাজারকে আন্তর্জাতিক মানের সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ করে তুলবে। একই সঙ্গে বাজারের কার্যক্রম সম্প্রসারণ এবং সরকারের রাজস্ব আয় বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

শেয়ারবাজারের টেকসই উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে ভবিষ্যতেও বিএসইসির সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে ডিবিএ। বাজারের উন্নয়নে গৃহীত ইতিবাচক উদ্যোগগুলোর বাস্তবায়নে সক্রিয় সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানিয়েছে সংগঠনটি।ডিবিএর পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন সংগঠনটির সেক্রেটারি মো. দিদারুল গনী।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে