×
ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

খেলাপি ঋণে মূলধন নিঃশেষ, ধুঁকছে দেশের ২২ বাণিজ্যিক ব্যাংক

২০২৬ নভেম্বর ২১ ১৮:৫৩:৫৪
খেলাপি ঋণে মূলধন নিঃশেষ, ধুঁকছে দেশের ২২ বাণিজ্যিক ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংকিং খাতের আর্থিক দুর্বলতা আরও প্রকট হয়ে উঠেছে। খেলাপি ঋণের চাপ, ঋণ বিতরণে অনিয়ম এবং বিপুল অঙ্কের ঋণ আদায় না হওয়ায় একের পর এক ব্যাংকের মূলধন ক্ষয় হচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, গত জুন শেষে দেশের ২২টি ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ৩ লাখ ৮ হাজার ৮০৩ কোটি টাকা। মাত্র তিন মাসের ব্যবধানে এই ঘাটতি আরও বেড়েছে। ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা কমে যাওয়ার প্রভাব পড়ছে বেসরকারি খাতে ঋণ বিতরণেও।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মার্চ শেষে ২১টি ব্যাংকের মূলধন ঘাটতি ছিল প্রায় ২ লাখ ৯৪ হাজার কোটি টাকা। জুন শেষে ব্যাংকের সংখ্যা বেড়ে ২২টিতে দাঁড়ানোর পাশাপাশি ঘাটতির পরিমাণও বেড়ে হয়েছে ৩ লাখ ৮ হাজার ৮০৩ কোটি টাকা। তবে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের বাকি ব্যাংকগুলোর কোনো মূলধন ঘাটতি নেই।

এদিকে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি সেপ্টেম্বর মাসে নেমে এসেছে মাত্র ৪ দশমিক ১৭ শতাংশে, যা ঐতিহাসিকভাবে সর্বনিম্ন। টানা সাত মাস ধরে এ খাতে ঋণ প্রবৃদ্ধি ৫ শতাংশের নিচে রয়েছে। ব্যাংকগুলোর ঋণ দেওয়ার সক্ষমতা কমে যাওয়া এবং নতুন বিনিয়োগে ব্যবসায়ীদের অনাগ্রহ—দুইয়ের সম্মিলিত প্রভাবেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অনিয়মের ঋণ এখন ব্যাংকের বোঝা

ব্যাংকারদের মতে, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক প্রভাব ও নানা অনিয়মের মাধ্যমে বিতরণ করা বিপুল পরিমাণ ঋণ এখন খেলাপিতে পরিণত হয়েছে। এসব ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে বাড়তি প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি রাখতে হচ্ছে। ফলে মুনাফা কমছে, কোনো কোনো ব্যাংক লোকসানেও পড়ছে। এতে ব্যাংকগুলোর মূলধন আরও দুর্বল হয়ে পড়ছে এবং নতুন ঋণ বিতরণের সক্ষমতাও সংকুচিত হচ্ছে।

দ্য ইকোনমিস্টের সাম্প্রতিকে এক প্রতিবেদনে বাংলাদেশের ব্যাংকিং খাতের একটি অংশকে দেউলিয়া হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে ব্যাংক খাত থেকে বড় অঙ্কের অর্থ সরিয়ে নেওয়া এবং ঋণ বিতরণে ব্যাপক অনিয়মের কারণে বিপুল পরিমাণ ঋণ আদায়-অযোগ্য হয়ে পড়েছে।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, ব্যাংকের মালিকানা ও ঋণ বিতরণে প্রভাব বিস্তারকারী অনেক ব্যবসায়ী ও শিল্পগোষ্ঠীর মালিক বর্তমানে কারাগারে রয়েছেন অথবা দেশ ছেড়েছেন। এর ফলে ব্যাংকিং খাতের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ খেলাপিতে পরিণত হয়েছে।

দ্য ইকোনমিস্টের তুলনামূলক বিশ্লেষণে বলা হয়েছে, খেলাপি ঋণের অনুপাতের দিক থেকে বাংলাদেশের ব্যাংকিং খাত প্রতিবেশী ভারত ও পাকিস্তানের তুলনায় অনেক দুর্বল অবস্থানে রয়েছে। ভারতে খেলাপি ঋণের হার ১ দশমিক ৭ শতাংশ এবং পাকিস্তানে ৫ শতাংশ। অন্যদিকে বাংলাদেশের ব্যাংকিং খাতের মূলধন-ঝুঁকিভিত্তিক সম্পদের অনুপাত (সিআরএআর) ঋণাত্মক ৩ দশমিক ৮ শতাংশে নেমে এসেছে।

দুর্বল ব্যাংক ও বিনিয়োগে স্থবিরতায় ঋণ প্রবৃদ্ধি কমছে

ব্যাংকার, অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের মতে, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে যাওয়ার পেছনে ব্যাংকগুলোর দুর্বল আর্থিক অবস্থার পাশাপাশি নতুন বিনিয়োগের চাহিদা কমে যাওয়াও বড় কারণ।

তাঁদের ভাষ্য, উচ্চ সুদহার, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ভ্যাট ও করসংক্রান্ত জটিলতার কারণে ব্যবসায়ীরা নতুন বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে আগ্রহ হারাচ্ছেন। নির্বাচন-পরবর্তী সময়েও ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে প্রত্যাশিত গতি আসেনি। অনেক উদ্যোক্তা আগামী এক বছরেও নতুন করে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছেন না।

এর সঙ্গে জ্বালানির মূল্যবৃদ্ধি ও নতুন করে জ্বালানি সংকটের আশঙ্কা বিনিয়োগকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলছে। ফলে একদিকে দুর্বল ব্যাংকগুলো পর্যাপ্ত ঋণ দিতে পারছে না, অন্যদিকে ব্যবসায়ীরাও নতুন ঋণ নেওয়ার আগ্রহ দেখাচ্ছেন না। দুই দিকের চাপেই বেসরকারি খাতে অর্থায়ন সংকুচিত হচ্ছে।

মূলধন ঘাটতিতে শীর্ষে ইসলামী ব্যাংক

ব্যাংকভিত্তিক হিসাবে দেখা গেছে, মূলধন ঘাটতির সবচেয়ে বড় অংশ রয়েছে ইসলামী ব্যাংকগুলোতে। জুন শেষে সাতটি ইসলামী ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ১ লাখ ৮৭ হাজার ২৩৮ কোটি টাকা। এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের একক ঘাটতিই ৬৬ হাজার ১২৬ কোটি টাকা।

ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ। বর্তমানে ব্যাংকটি একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের অংশ হিসেবে পরিচালিত হচ্ছে। ব্যাংকারদের তথ্য অনুযায়ী, এস আলমের নিয়ন্ত্রণে থাকা সাতটি ব্যাংকই বর্তমানে মূলধন ঘাটতির মুখে রয়েছে।

এ ছাড়া উল্লেখযোগ্য মূলধন ঘাটতিতে থাকা ব্যাংকগুলোর মধ্যে রয়েছে আইএফআইসি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। আইএফআইসি ব্যাংক আগে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের নিয়ন্ত্রণে ছিল। প্রিমিয়ার ব্যাংকের সঙ্গে সাবেক সংসদ সদস্য এইচবিএম ইকবালের সংশ্লিষ্টতা ছিল। অন্যদিকে ইউসিবি আগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নিয়ন্ত্রণে ছিল।

রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের ঘাটতি ৩৮ হাজার কোটি টাকা

দেশের চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি জুন শেষে দাঁড়িয়েছে ৩৮ হাজার ৪১১ কোটি টাকা। এর মধ্যে জনতা ব্যাংকের ঘাটতি সবচেয়ে বেশি, ১৯ হাজার ৭০৭ কোটি টাকা। অগ্রণী ব্যাংকের ৮ হাজার ৭৮২ কোটি, রূপালী ব্যাংকের ৫ হাজার ২৩১ কোটি এবং বেসিক ব্যাংকের ৪ হাজার ৬৯০ কোটি টাকা মূলধন ঘাটতি রয়েছে।

অন্যদিকে আটটি বেসরকারি ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ৪৯ হাজার ৭৩১ কোটি টাকা। এর মধ্যে ন্যাশনাল ব্যাংকের ঘাটতি ১৭ হাজার ৪৭৪ কোটি টাকা, এবি ব্যাংকের ৮ হাজার ৯১২ কোটি, আইএফআইসি ব্যাংকের ৭ হাজার ১৯৯ কোটি, পদ্মা ব্যাংকের ৬ হাজার ৬১৮ কোটি এবং প্রিমিয়ার ব্যাংকের ৬ হাজার ৭৮ কোটি টাকা।

বিশেষায়িত ব্যাংকগুলোর মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের মূলধন ঘাটতি সবচেয়ে বেশি, ৩০ হাজার ৪৬১ কোটি টাকা। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ঘাটতি ২ হাজার ৯৫৭ কোটি টাকা। এ ছাড়া বিদেশি ব্যাংক ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের মূলধন ঘাটতি রয়েছে ৪ কোটি টাকা।

মূলধন পর্যাপ্ততার হার ঋণাত্মক ৩.৮ শতাংশ

ব্যাংকিং খাতের সামগ্রিক মূলধন পরিস্থিতিও আরও অবনতি হয়েছে। গত জুন শেষে ব্যাংক খাতের মূলধন-ঝুঁকিভিত্তিক সম্পদের অনুপাত বা সিআরএআর কমে ঋণাত্মক ৩ দশমিক ৮০ শতাংশে দাঁড়িয়েছে। গত মার্চ শেষে এ হার ছিল ঋণাত্মক ৩ দশমিক ১৭ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের বিধান অনুযায়ী, প্রতিটি ব্যাংকের ন্যূনতম ১২ দশমিক ৫ শতাংশ মূলধন পর্যাপ্ততার হার বজায় রাখার কথা। কিন্তু সামগ্রিক ব্যাংক খাতের অনুপাত ঋণাত্মক পর্যায়ে নেমে যাওয়ায় আর্থিক সক্ষমতা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে