×
ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

মৃত্যুদণ্ড কার্যকরে বিশ্বে শীর্ষে কারা, জানলে চমকে উঠবেন

২০২৬ নভেম্বর ২০ ১২:০৩:২৫
মৃত্যুদণ্ড কার্যকরে বিশ্বে শীর্ষে কারা, জানলে চমকে উঠবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। ২০২৫ সালে অন্তত ১৭টি দেশে ২ হাজার ৭০৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ১৯৮১ সালের পর এক বছরে এত বেশি মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য পায়নি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সংস্থাটির ২০২৬ সালের মে মাসে প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে, বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয় চীনে। দেশটিতে প্রতিবছর হাজার হাজার মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও সরকার এ সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করে না। ফলে প্রকৃত সংখ্যা নির্ধারণ করা সম্ভব হয়নি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হিসাব অনুযায়ী, ২০২৫ সালে মৃত্যুদণ্ড কার্যকরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ইরান। দেশটিতে অন্তত ২ হাজার ১৫৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি।

তৃতীয় অবস্থানে রয়েছে সৌদি আরব। দেশটিতে ২০২৫ সালে অন্তত ৩৫৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যা সৌদি আরবের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকরের রেকর্ড।

অ্যামনেস্টির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যায় চীন, ইরান ও সৌদি আরবের পর রয়েছে ইয়েমেন, যুক্তরাষ্ট্র ও মিসর। দেশগুলোর মধ্যে ইয়েমেনে অন্তত ৫১ জন, যুক্তরাষ্ট্রে ৪৭ জন এবং মিসরে ২৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

এ ছাড়া সোমালিয়া, কুয়েত ও সিঙ্গাপুরে ১৭ জন করে এবং আফগানিস্তানে ছয়জনের মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য পেয়েছে সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে বিশ্বে অন্তত ১ হাজার ৫১৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল। ২০২৫ সালে সেই সংখ্যা বেড়ে ২ হাজার ৭০৭-এ দাঁড়িয়েছে। অর্থাৎ, এক বছরের ব্যবধানে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা বেড়েছে প্রায় ৭৮ শতাংশ।

তবে চীন, উত্তর কোরিয়া ও ভিয়েতনামের মতো দেশে মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য গোপন রাখা হয় বা প্রকাশ করা হয় না। ফলে বিশ্বে প্রকৃত মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা অ্যামনেস্টির প্রকাশিত হিসাবের চেয়েও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অ্যামনেস্টির প্রতিবেদনে উঠে এসেছে, বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকরের প্রায় অর্ধেকই হয়েছে মাদকসংক্রান্ত অপরাধে। ইরান, সৌদি আরব, চীন, কুয়েত ও সিঙ্গাপুরে মাদক অপরাধে মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য পাওয়া গেছে।

অন্যদিকে, বিশ্বের অনেক দেশ মৃত্যুদণ্ড বাতিল করেছে অথবা এর প্রয়োগ বন্ধ রেখেছে। অ্যামনেস্টির হিসাব অনুযায়ী, ২০২৫ সালের শেষ নাগাদ বিশ্বের ১১৩টি দেশ সব ধরনের অপরাধের জন্য আইনগতভাবে মৃত্যুদণ্ড বাতিল করেছে। আরও কয়েকটি দেশ আইনগতভাবে মৃত্যুদণ্ড বহাল রাখলেও বাস্তবে এর প্রয়োগ বন্ধ রেখেছে।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে