×
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

রোহিঙ্গাদের নিয়ে জাতিসংঘে ভোটাভুটি, সমর্থন দিল ১২৮ দেশ

২০২৬ নভেম্বর ১৯ ২০:২২:৩০
রোহিঙ্গাদের নিয়ে জাতিসংঘে ভোটাভুটি, সমর্থন দিল ১২৮ দেশ

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমসহ বিভিন্ন সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে উত্থাপিত একটি প্রস্তাব বিপুল ভোটে পাস হয়েছে। ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) যৌথ উদ্যোগে আনা প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে ১২৮টি দেশ। বিপক্ষে ভোট পড়েছে ছয়টি, আর ভোটদানে বিরত ছিল ৩৩টি দেশ।

বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবটি পাস হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রস্তাবটি পাসের আগে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত সঞ্চিতা হক। তিনি দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বক্তব্যে সঞ্চিতা হক বলেন, রোহিঙ্গাদের ব্যাপক বাস্তুচ্যুতির প্রায় নয় বছর পেরিয়ে গেলেও মিয়ানমারে তাদের নিরাপদ প্রত্যাবাসনের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশ ও স্থানীয় জনগোষ্ঠী সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত এবং নিরাপত্তাসহ নানা সমস্যার মুখোমুখি হচ্ছে।

তিনি গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আসন্ন রায়ের বিষয়টিও তুলে ধরেন। তার মতে, রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করা এবং মানবাধিকার লঙ্ঘনের দায় নির্ধারণে এই রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

চলতি বছরের প্রস্তাবে মিয়ানমারের সামরিক বাহিনী এবং আরাকান আর্মির বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের অভিযোগ তুলে ধরা হয়েছে। এতে অবিলম্বে সহিংসতা বন্ধ, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে মানবিক সহায়তা পৌঁছানো এবং অপরাধের বিচার ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া ২০২৬ সালের জয়েন্ট রেসপন্স প্ল্যানের আওতায় রোহিঙ্গাদের জন্য পর্যাপ্ত মানবিক সহায়তা ও অর্থায়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। রোহিঙ্গাদের রাজনৈতিক ও ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরির আহ্বানও রয়েছে প্রস্তাবে।

রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক দেশগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে উল্লেখ করেন বাংলাদেশের এই কূটনীতিক। তিনি বলেন, সংকটের উৎপত্তি মিয়ানমারে হওয়ায় এর স্থায়ী সমাধানও দেশটিতেই খুঁজে বের করতে হবে।

অন্যদিকে, প্রস্তাবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) উল্লেখ থাকায় যুক্তরাষ্ট্র ভোটাভুটির দাবি জানায়। ভোটের ব্যাখ্যায় দেশটি জানায়, বিভিন্ন প্রস্তাবে আইসিসিকে অন্তর্ভুক্ত করার বিষয়ে তাদের সাধারণ আপত্তি রয়েছে। তবে মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলেও জানানো হয়।

এ সময় এক দশকের বেশি সময় ধরে ১২ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করে যুক্তরাষ্ট্র।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর

উ
প
রে