×
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

যে কারণে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করতে চান টিউলিপ সিদ্দিক

২০২৬ নভেম্বর ১৯ ১৪:৫১:২৮
যে কারণে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করতে চান টিউলিপ সিদ্দিক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাবেক অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। তাঁর দাবি, ইউনূস সরকারের আমলে আনা দুর্নীতির অভিযোগের কারণে তাঁকে ব্রিটিশ সরকার থেকে পদত্যাগ করতে হয়েছিল। ওই অভিযোগ ও বিচারপ্রক্রিয়াকে উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এবার আইনি পদক্ষেপের বিষয়টি বিবেচনা করছেন তিনি।

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশে শেখ হাসিনার শাসনামলে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছিল। পূর্বাচলে পরিবারের জন্য একটি প্লট বরাদ্দ পেতে খালা শেখ হাসিনাকে প্রভাবিত করার অভিযোগে করা মামলায় গত বছরের ডিসেম্বরে তাঁকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। ওই মামলায় তাঁর সঙ্গে আরও ১৬ জনকে সাজা দেওয়া হয়েছিল।

তবে লন্ডনে বসবাসরত টিউলিপ শুরু থেকেই তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন। তাঁর বাংলাদেশে গিয়ে সাজা ভোগ করার সম্ভাবনাও নেই বলে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি এক পডকাস্টে টিউলিপ সিদ্দিক নিজেকে উদ্দেশ্যপ্রণোদিত মামলার শিকার বলে দাবি করেন। তাঁর ভাষ্য, এ বিষয়ে একজন আইনজীবীর সঙ্গে কথা হয়েছে। ওই আইনজীবী তাঁকে পরামর্শ দিয়েছেন, ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দেওয়া নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা করার যথেষ্ট আইনি ভিত্তি রয়েছে।

টিউলিপ বলেন, তাঁর বিরুদ্ধে আনা মামলাটি মূলত উদ্দেশ্যপ্রণোদিত ছিল। বিষয়টি নিয়ে আইনজীবীদের সঙ্গে বিভিন্ন দিক পর্যালোচনা করছেন এবং আইনি পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছেন তিনি।

২০২৫ সালে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে টিউলিপ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ হাস্যকর’ বলে অভিহিত করেন। সে সময় তিনি দাবি করেছিলেন, শেখ হাসিনা ও ড. মুহাম্মদ ইউনূসের মধ্যকার দীর্ঘদিনের দ্বন্দ্বের পরোক্ষ শিকার হয়েছেন তিনি।

টিউলিপের অভিযোগ, তাঁর বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে, তা বিস্তারিত জানতে তিনি বারবার চেষ্টা করেছেন। এমনকি তাঁর আইনজীবীরা বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠালেও সেসবের কোনো জবাব পাননি বলে দাবি করেন তিনি।

লন্ডনের ডরচেস্টার হোটেলে অবস্থানকালে ড. মুহাম্মদ ইউনূসকে হাতে লেখা একটি চিঠি পাঠানোর কথাও উল্লেখ করেন টিউলিপ। তাঁর ভাষ্য, ইউনূসের সঙ্গে সামনাসামনি দেখা করার জন্য একাধিকবার চেষ্টা করলেও তিনি সাক্ষাৎ করতে রাজি হননি।

নিজেকে নির্দোষ দাবি করে টিউলিপ সিদ্দিক বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ও পরবর্তী বিচারপ্রক্রিয়া নিয়ে তিনি বিচলিত ছিলেন না। কী অপরাধে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে, সে বিষয়েও তাঁর স্পষ্ট ধারণা ছিল না বলে দাবি করেন তিনি।

টিউলিপ বলেন, সকালে ঘুম থেকে উঠে স্কাই নিউজের ব্রেকিং নিউজ অ্যালার্ট দেখার পর প্রথম জানতে পারেন, তাঁকে সাজা দেওয়া হয়েছে।

বিতর্কের সময় যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছ থেকে সমর্থন পাওয়ার কথাও জানিয়েছেন টিউলিপ। তাঁর দাবি, নিরাপত্তা হুমকির মুখে পড়ার পর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানকালে স্টারমার তাঁকে বার্তা পাঠিয়েছিলেন।

তবে টিউলিপকে ঘিরে বারবার প্রশ্নের মুখে পড়েন স্টারমার। একপর্যায়ে তিনি টিউলিপকে পদত্যাগের সিদ্ধান্ত নিতে বলেন। এর পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকারের মন্ত্রিত্ব ছাড়তে হয় টিউলিপকে।

এদিকে, টিউলিপ সিদ্দিকের অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানতে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যোগাযোগ করেছিল দ্য গার্ডিয়ান। তবে তিনি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে