×
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

সপ্তাহের শেষ দিনে মিশ্র বাজার, বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান

২০২৬ নভেম্বর ১৯ ১৪:৪২:২৮
সপ্তাহের শেষ দিনে মিশ্র বাজার, বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান

নিজস্ব প্রতিবেদক: মিশ্র প্রবণতার মধ্য দিয়ে সপ্তাহের শেষ কার্যদিবস পার করেছে দেশের শেয়ারবাজার। পুরো সপ্তাহে প্রধান সূচকে বড় কোনো পতন না হলেও প্রত্যাশিত উত্থান দেখা যায়নি। সূচকের গতিতে বিনিয়োগকারীদের প্রত্যাশার প্রতিফলন না ঘটায় বাজারে বিনিয়োগ ও লেনদেন নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন তারা। সপ্তাহের প্রথম চার কার্যদিবসে বাজার পরিস্থিতি কিছুটা ইতিবাচক থাকলেও শেষ দিনে এসে সেই ধারায় পরিবর্তন দেখা গেছে। এদিন লেনদেনের শুরুতে সূচকে নিম্নমুখী প্রবণতা থাকলেও শেষ পর্যন্ত প্রধান সূচক সামান্য বেড়েছে। তবে অপর দুটি সূচক কমেছে। একই সঙ্গে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর ও মোট লেনদেনের পরিমাণও হ্রাস পেয়েছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীদের মধ্যে বাজারের প্রতি আস্থার সংকট আবারও কিছুটা বাড়তে পারে।

তাদের মতে, চলতি সপ্তাহে দেশের রাজনৈতিক পরিস্থিতি কিছুটা উত্তপ্ত ছিল। পতিত ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইস্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী লকডাউন কর্মসূচি ছিল। এ কর্মসূচিকে ঘিরে দলটির নেতাকর্মীদের বিভিন্ন স্থানে জ্বালাও-পোড়াওসহ সহিংস কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে রাজনৈতিক পরিস্থিতির এই প্রভাবেই শেয়ারবাজারে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিশ্চিত করে বলা যায় না।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বেশ কিছুদিন ধরেই শেয়ারবাজারে অস্থিরতা বিরাজ করছে। ফলে বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক অবস্থান নিয়েছেন। লেনদেনের সিদ্ধান্ত নিতেও তারা আগের তুলনায় বেশি হিসাব-নিকাশ করছেন।

তাদের অভিযোগ, বাজারের ধারাবাহিক অস্থিরতা ও পতন ঠেকাতে নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে কার্যকর কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যাচ্ছে না। বরং নিজেদের ব্যর্থতা আড়াল করতে কৌশলে সূচক বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। জোরপূর্বক সূচকের উত্থান দেখিয়ে বিনিয়োগকারীদের বাজারমুখী করার যে প্রচেষ্টা চলছে, তা কার্যকর হচ্ছে না। প্রকৃতপক্ষে বাজারের পতন রোধে দৃশ্যমান উদ্যোগের অভাব রয়েছে। পাশাপাশি বাজার তদারকির ক্ষেত্রেও যথাযথ কার্যক্রম দেখা যাচ্ছে না। এসব কারণেই বাজারে বর্তমান অস্থিরতা ও বিনিয়োগকারীদের আস্থাহীনতা তৈরি হয়েছে বলে মনে করছেন তারা।

এদিকে, সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক সামান্য বাড়লেও অপর দুটি সূচক কমেছে। একই সঙ্গে কমেছে মোট লেনদেনের পরিমাণ এবং অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর।

বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪.৮০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫০৫.৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে, ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস ০.৮২ পয়েন্ট কমে ১ হাজার ৭৪.০৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসই-৩০ সূচক ২.৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৮৫.৭৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৫১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১২৬টির শেয়ারদর বেড়েছে, ১৭১টির কমেছে এবং ৫৪টির দর অপরিবর্তিত ছিল।

লেনদেনের পরিমাণও আগের কার্যদিবসের তুলনায় কমেছে। বৃহস্পতিবার ডিএসইতে মোট ৭৪৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বুধবার লেনদেনের পরিমাণ ছিল ৮১৯ কোটি ৯০ লাখ টাকা। সেই হিসাবে এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৭৩ কোটি ২৭ লাখ টাকা।

অন্যদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বৃহস্পতিবার মোট ২৫ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে বাজারটিতে লেনদেনের পরিমাণ ছিল ৮ কোটি ৬০ লাখ টাকা। অর্থাৎ ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে লেনদেনের পরিমাণ বেড়েছে।

এদিন সিএসইতে মোট ১৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৭৪টির দর বেড়েছে, ৭৩টির কমেছে এবং ১৯টির দর অপরিবর্তিত ছিল।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই বৃহস্পতিবার ১৭.৩৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৩০.৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কার্যদিবসে সূচকটি ১৪.৭০ পয়েন্ট বেড়েছিল।

সব মিলিয়ে সপ্তাহের শেষ দিনে দেশের দুই শেয়ারবাজারে সূচক ও লেনদেনে ভিন্ন চিত্র দেখা গেছে। ডিএসইতে প্রধান সূচকের সামান্য উত্থান হলেও অপর দুটি সূচক ও লেনদেন কমেছে। বিপরীতে সিএসইতে লেনদেন ও সার্বিক সূচক দুটিই বেড়েছে। তবে ডিএসইতে দর হারানো প্রতিষ্ঠানের সংখ্যা বেশি থাকায় বাজারের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিনিয়োগকারীদের সতর্কতা ও দ্বিধা কাটেনি।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে