×
ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

নিয়ন্ত্রক সংস্থার সক্রিয় ভূমিকা ও বড় বিনিয়োগ বাড়লেই স্বাভাবিক হবে বাজার

২০২৬ নভেম্বর ১০ ১৫:২৬:১২
নিয়ন্ত্রক সংস্থার সক্রিয় ভূমিকা ও বড় বিনিয়োগ বাড়লেই স্বাভাবিক হবে বাজার

নিজস্ব প্রতিবেদক: গত সপ্তাহের শেষ দুই কার্যদিবস এবং চলতি সপ্তাহের প্রথম তিন কার্যদিবসে দেশের শেয়ারবাজারে যে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে, তা যদি দুই মাস আগে থেকেই অব্যাহত থাকত, তাহলে বর্তমান বাজার পরিস্থিতি আরও বেশি চাঙ্গা ও স্থিতিশীল অবস্থানে থাকত। কিন্তু দুই মাসের বেশি সময় ধরে বাজারে বিরাজ করছে এক ধরনের সংকট। ধারাবাহিক দরপতনের কারণে শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। নতুন করে বিনিয়োগের ক্ষেত্রেও আগ্রহ ও আত্মবিশ্বাস হারাচ্ছেন তারা। কারণ, আগে বিনিয়োগ করে মুনাফার পরিবর্তে অধিকাংশ ক্ষেত্রে লোকসানের মুখে পড়তে হয়েছে। ফলে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের আস্থাহীনতা তৈরি হয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

তাদের মতে, এখনো শেয়ারবাজারকে চাঙ্গা ও স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে নেওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। তবে এ জন্য দরপতন নিয়ন্ত্রণে রাখতে নিয়ন্ত্রক সংস্থাকে বাজারের ওপর নিবিড় নজরদারি বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। বাজারকে সম্পূর্ণ নিজের গতিতে চলতে দিলে একটি অসাধু চক্র সেই সুযোগ কাজে লাগিয়ে বাজারের স্বাভাবিক স্থিতিশীলতা ব্যাহত করতে পারে। তাদের অনৈতিক কর্মকাণ্ড বাজারের ঘুরে দাঁড়ানোর পথে বাধা হয়ে দাঁড়ানোর পাশাপাশি সামগ্রিক বাজার পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বাজার সংশ্লিষ্টদের অভিযোগ, বর্তমান কমিশন বাজার পর্যবেক্ষণ ও নজরদারির ক্ষেত্রে প্রয়োজনের তুলনায় যথেষ্ট সক্রিয় নয়। দীর্ঘমেয়াদে শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে কমিশনকে আরও সতর্ক, দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। প্রয়োজনে বিনিয়োগকারী সংগঠনের নেতৃবৃন্দসহ বাজারের বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সমস্যা চিহ্নিত করতে হবে এবং সমাধানের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে বড় পুঁজির বিনিয়োগকারী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানো জরুরি। এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে বাজারের স্বাভাবিক গতি ফিরে আসার পাশাপাশি স্থিতিশীলতাও প্রতিষ্ঠিত হতে পারে বলে মনে করছেন তারা।

এদিকে, আজ ১০ নভেম্বর মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি আর্থিক লেনদেনের পরিমাণও বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ঊর্ধ্বমুখী ছিল।

দিনের বাজার পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪৩.৯২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৩৬.৭৪ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৮.৯৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৩.৬৮ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৭.৯৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৭.৪০ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে মোট ৩৮৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশগ্রহণ করেছে। এর মধ্যে ২৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দর কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির।

লেনদেনের পরিমাণের দিক থেকেও বাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। দিনটিতে ডিএসইতে মোট ৬৫৮ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৬৫৪ কোটি ৭০ লাখ টাকা। সেই হিসাবে এক দিনের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৩ কোটি ৭৯ লাখ টাকা।

অন্যদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ মোট ৯ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৯ কোটি ৪৫ লাখ টাকা। অর্থাৎ আগের দিনের তুলনায় সিএসইতে লেনদেন বেড়েছে ৩৫ লাখ টাকা।

এদিন সিএসইতে মোট ১৮৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৮টির দর বেড়েছে, ৪০টির কমেছে এবং ২৫টির দর অপরিবর্তিত রয়েছে।

দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫১.৯৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫০৬.৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। উল্লেখ্য, আগের কার্যদিবসে এই সূচক ১৪.৫১ পয়েন্ট কমেছিল।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে