×
ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬

৩৬ বিমা কোম্পানির কাছে আটকা পড়েছে ৪ হাজার কোটি টাকা

২০২৬ নভেম্বর ০৯ ১৯:৫৮:২১
৩৬ বিমা কোম্পানির কাছে আটকা পড়েছে ৪ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: আর্থিক নিরাপত্তার আশায় মানুষ লাইফ ইনস্যুরেন্স বা জীবন বিমা পলিসি করেন। উদ্দেশ্য একটাই—মেয়াদ শেষে বা বিমাকারীর মৃত্যুর পর পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা। কিন্তু বর্তমান চিত্র সম্পূর্ণ উল্টো। দেশের ৩৬টি লাইফ ইনস্যুরেন্স কোম্পানির কাছে পলিসিধারীদের প্রায় ৪,৮৯৪ কোটি টাকারও বেশি বিমা দাবি বকেয়া পড়ে আছে। টাকা না পেয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন হাজার হাজার গ্রাহক।

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সর্বশেষ প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) ডাটা অনুযায়ী, আলোচ্য সময়ে ৩৬টি জীবন বিমা কোম্পানির মোট দাবির পরিমাণ দাঁড়ায় ৭ হাজার ১৪১ কোটি ২১ লাখ টাকা। এর মধ্যে কোম্পানিগুলো পরিশোধ করেছে মাত্র ২ হাজার ২৪৬ কোটি ৭৩ লাখ টাকা, যা মোট দাবির একটি ছোট অংশ। ফলে বিশাল অঙ্কের ৪ হাজার ৮৯৪ কোটি টাকারও বেশি দাবি এখনো অমীমাংসিত রয়ে গেছে।

সবচেয়ে শোচনীয় দশায় ফারইস্ট ইসলামী লাইফ

বিমা কোম্পানিগুলোর দাবি পরিশোধের চিত্রে বিশাল ফারাক লক্ষ্য করা গেছে। যেখানে কিছু কোম্পানি শতভাগ দাবি নিষ্পত্তি করেছে, সেখানে কয়েকটি প্রতিষ্ঠানের নিষ্পত্তির হার ১ শতাংশেরও নিচে। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স। কোম্পানিটির মোট ৩ হাজার ৭৭২ কোটি ৭১ লাখ টাকার দাবির বিপরীতে পরিশোধ করেছে মাত্র ৪২ কোটি ৯১ লাখ টাকা। অর্থাৎ তারা প্রায় ৯৯ শতাংশ দাবিই পরিশোধ করতে ব্যর্থ হয়েছে।

বকেয়া দাবির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পদ্মা ইসলামী লাইফ। তাদের ২৮১ কোটি টাকার বেশি দাবির বিপরীতে পরিশোধ করা হয়েছে মাত্র ৫ কোটি ৬১ লাখ টাকা। এছাড়া সানফ্লাওয়ার লাইফ, প্রগ্রেসিভ লাইফ এবং বায়রা লাইফের অবস্থাও অত্যন্ত নাজুক। বায়রা লাইফের ৮০ কোটিরও বেশি টাকার দাবি থাকলেও তারা পরিশোধ করেছে মাত্র ২৫ লাখ টাকা, যার নিষ্পত্তির হার মাত্র ০.৩ শতাংশ। হোমল্যান্ড, গোল্ডেন লাইফ এবং সানলাইফ বিমার চিত্রও বেশ হতাশাজনক।

বড় ও ভালো অবস্থানে কারা?

বিপুল পরিমাণ দাবি থাকা সত্ত্বেও বেশ কিছু বড় ও স্বনামধন্য বিমা কোম্পানি সময়মতো দাবি পরিশোধে তুলনামূলক ভালো পারফরম্যান্স দেখিয়েছে। এর মধ্যে মেটলাইফ বাংলাদেশ ৭৫৭ কোটি টাকার দাবির বিপরীতে পরিশোধ করেছে ৬৯০ কোটি টাকার বেশি। দেশীয় বিমাগুলোর মধ্যে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ভালো করেছে, যারা ৩৪৪ কোটি টাকার দাবির বিপরীতে ৩৩৭ কোটি টাকার বেশি পরিশোধ করেছে।

এ ছাড়া রাষ্ট্রায়ত্ত জীবন বিমা করপোরেশন, গার্ডিয়ান লাইফ, ডেল্টা লাইফ, পপুলার লাইফ এবং প্রাইম ইসলামী লাইফ উল্লেখযোগ্য পরিমাণ দাবি নিষ্পত্তি করেছে। মেঘনা লাইফ, সন্ধানী লাইফ এবং রূপালী লাইফের দাবি পরিশোধের হারও বেশ সন্তোষজনক।

ছোট বিমাগুলোর মিশ্র চিত্র

অন্যান্য ছোট ও মাঝারি কোম্পানিগুলোর মধ্যে চার্টার্ড লাইফ, বেঙ্গল ইসলামী লাইফ, শান্তা লাইফ, জেনিথ ইসলামী লাইফ, প্রটেক্টিভ ইসলামী লাইফ, যমুনা লাইফ, বেস্ট লাইফ, আকিজ তাকাফুল এবং ডায়মন্ড লাইফের দাবি পরিশোধের চিত্র মোটামুটি সন্তোষজনক।

এর বিপরীতে শতভাগ দাবি পরিশোধ করে অনন্য নজির স্থাপন করেছে আলফা ইসলামী লাইফ, মার্সেন্টাইল ইসলামী লাইফ এবং সোনালী লাইফ। এই কোম্পানিগুলো তাদের শতভাগ গ্রাহকের পাওনা বুঝিয়ে দিয়েছে।

আইডিআরএর কড়া নজরদারির দাবি

দেশের লাইফ ইনস্যুরেন্স কোম্পানিগুলোর মধ্যে দাবি পরিশোধের এই বিশাল ব্যবধান ও পুঞ্জীভূত বকেয়া গ্রাহকদের আর্থিক সুরক্ষাকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। বিমা খাতের ওপর মানুষের আস্থা টিকিয়ে রাখতে এবং কোম্পানিগুলোর আর্থিক সক্ষমতা যাচাইয়ে আইডিআরএর আরও কঠোর ও জোরালো নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে