×
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

অস্ত্র হাতে নেওয়ার কারণ জানালেন ইশরাক

২০২৬ অক্টোবর ১৯ ১৭:১৪:২০
অস্ত্র হাতে নেওয়ার কারণ জানালেন ইশরাক

নিজস্ব প্রতিবেদক: ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থেই অভিযানের সময় হাতে লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র নিয়েছিলেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর অস্ত্রটি যথাস্থানে রেখে দেন বলেও দাবি করেছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আগ্নেয়াস্ত্র হাতে অভিযান চালানোর বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন ইশরাক হোসেন।

তিনি বলেন, “আমার কাছে লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র রয়েছে। সেটি সব সময় আমার কাছেই থাকে।” ওই দিনের পরিস্থিতি ব্যাখ্যা করে তিনি বলেন, ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে তিনি অস্ত্রটি হাতে ধারণ করেছিলেন। নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর সেটি সঠিক জায়গায় রেখেছিলেন বলেও জানান তিনি।

এর আগে মাদকের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়েই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি করেন ইশরাক। একই সঙ্গে বিশেষ কারণে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হচ্ছে বলেও জানান তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, পদত্যাগের সিদ্ধান্তটি দল চায়নি; বরং দলের ইচ্ছার বিরুদ্ধে তাঁকে এ সিদ্ধান্ত নিতে হচ্ছে।

সোমবার জাতীয় প্রেসক্লাবে যাওয়ার পথে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ইশরাক বলেন, “মাদকের বিরুদ্ধে অভিযানটা করতে গিয়েই আজকের এই পরিস্থিতি। যেখানে আমাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হচ্ছে। দল চায়নি, দলের ইচ্ছার বিরুদ্ধে সেটা আমি বক্তব্যে বলবো।”

মাদকের বিরুদ্ধে নিজের অবস্থান তুলে ধরে তিনি আরও বলেন, “এখন তো আমি আরও এগ্রেসিভলি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো। যুদ্ধ করবো আমি।”

ইশরাকের বক্তব্যে মাদকবিরোধী অভিযান, আগ্নেয়াস্ত্র হাতে তাঁর উপস্থিতি এবং মন্ত্রিসভা থেকে পদত্যাগের বিষয়গুলো সামনে এসেছে। তিনি মাদকের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার কথা জানালেও পদত্যাগের পেছনে থাকা বিশেষ কারণ এবং এ বিষয়ে দলের সঙ্গে তাঁর মতপার্থক্যের বিস্তারিত ব্যাখ্যা পরবর্তী বক্তব্যে দেবেন বলে ইঙ্গিত দিয়েছেন।

এদিকে, আগ্নেয়াস্ত্র হাতে অভিযান চালানোর ঘটনা এবং তাঁর পদত্যাগের বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তবে অভিযানের পরিস্থিতি, অস্ত্র বহনের প্রেক্ষাপট এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে